মঞ্চে উঠে বক্তব্য দিতে ২০ লাখ টাকা অতঃপর তদন্ত দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটে খালেদা জিয়ার জনসভার জন্য ২০ লাখ টাকা দেওয়ার দাবি করে তার তদন্ত চেয়েছেন বিএনপির সাবেক সাংসদ সৈয়দ মকবুল হোসেন ওরফে লেচু মিয়া। সৈয়দ মকবুল দাবি করেছেন, ওই জনসভার জন্য তিনি বিএনপির নেতা ইলিয়াস আলীকে ২০ লাখ টাকা দিয়েছেন। কিন্তু সিলেট মহানগর ও জেলা বিএনপি গত শুক্রবার রাতে যৌথ বিবৃতি দিয়ে দাবি করেছে, ‘লেচু মিয়ার কাছ থেকে ইলিয়াস আলী বা বিএনপির কোনো পর্যায়ের কোনো নেতা-কর্মী খালেদা জিয়ার জনসভার জন্য কোনো টাকা গ্রহণ করেননি।’ এর পরিপ্রেক্ষিতে সৈয়দ মকবুল গতকাল চাঁদার বিষয়টি তদন্তের দাবি তোলেন। সৈয়দ মকবুল হোসেন গতকাল শনিবার প্রথম আলোকে বলেন, ‘আমার কাছ থেকে ২০ লাখ টাকা নিয়েছেন ইলিয়াস আলী। বলা হয়েছিল মঞ্চে তুলে বক্তব্য দেওয়ার সুযোগ করে দেওয়া হবে। আমাকে মঞ্চে তোলা হয়েছিল, কিন্তু বক্তব্যের সুযোগ দেওয়া হয়নি। আমি অপমানিত হয়েছি। আমি টাকার হিসাব চাই। আমার টাকা গেল কই?’গত জাতীয় সংসদ নির্বাচনে দলীয় সিদ্ধান্ত অমান্য করে প্রতিদ্বন্দ্বিতা করায় বিএনপি থেকে বহিষ্কৃত হন মকবুল হোসেন। তবে প্রথম আলোর প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমি দল থেকে বহিষ্কৃত নই।’সিলেটে ১১ অক্টোবর চার দলের রোডমার্চ শেষে ওই জনসভা হয়। জনসভার মঞ্চ ব্যবস্থাপনার দায়িত্বে ছিলেন কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক ও সিলেট জেলা বিএনপির সভাপতি ইলিয়াস আলী। জনসভার সময় মঞ্চে কেন্দ্রীয় ও স্থানীয় মিলে ৪০ জনের মতো নেতা ছিলেন।মকবুল হোসেন বলেন, ‘আমি গোলাপগঞ্জ উপজেলা বিএনপির দুজন নেতার উপস্থিতিতে ইলিয়াসকে টাকা দিয়েছি। ওই দুই নেতার নাম এ মুহূর্তে প্রকাশ করতে চাই না। তবে আমি যে টাকা দিয়েছি, তার সত্যতা বের হবে যদি ম্যাডাম (খালেদা জিয়া) তদন্তের ব্যবস্থা নেন। তদন্ত করলেই সত্যতা পাওয়া যাবে।’মকবুল হোসেন আরও বলেন, ‘ইলিয়াস ম্যাডাম ও বিএনপির তহবিল গঠনের কথা বলে আমার কাছ থেকে ২০ লাখ টাকা নিয়েছে। ইলিয়াসের হাতে দিলেও ওই টাকা আসলে আমি বিএনপিকে দিয়েছি, ম্যাডামকে দিয়েছি। এ টাকা যদি কেউ নিজের কাছে রেখে দেয়, তাহলে তো তার তদন্ত হতেই হবে। তদন্তে আমার অভিযোগ মিথ্যা প্রমাণিত হলে যে শাস্তি দেওয়া হবে, তা মেনে নেব।’সাবেক এই সাংসদ প্রথম আলোকে আরও বলেন, ‘ইলিয়াস একজন আয়বিহীন রাজনৈতিক নেতা। আয়বিহীন রাজনৈতিক নেতারা সমাজের বোঝা। আমি এ বোঝা অপসারণে সরাসরি ম্যাডামের পক্ষ থেকে তদন্ত চাই।’ সিলেটের স্থানীয় রাজনীতির আলোচনায় এখন এই অভিযোগ নানা ডালপালা মেলছে। বিএনপির নেতাদের বসানোর কথা বলে ইলিয়াস আলী খালেদা জিয়ার জনসভা মঞ্চ থেকে চারদলীয় জোটের শরিক ইসলামী ঐক্যজোটের নেতা আবদুল লতিফ নেজামীকে তুলে দিয়েছেন। কোনো কোনো নেতা এ ঘটনার উল্লেখ করে ‘টাকা নিয়ে মঞ্চে নেতা তোলা’র অভিযোগ সামনে আনছেন।অভিযোগের বিষয়ে জানতে গতকাল মুঠোফোনে একাধিকবার ইলিয়াস আলীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হয়। কিন্তু তিনি ফোন ধরেননি। যোগাযোগ করা হলে সিলেট জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আলী আহমদ জানান, ইলিয়াস আলী ডেঙ্গুজ্বরে আক্রান্ত। আপাতত তিনি মুঠোফোন ব্যবহার করছেন না। তবে গত রাতে এ প্রতিবেদন লেখার সময় ইলিয়াস আলী ঢাকার গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে সিলেট জাতীয় পার্টির কিছু নেতা-কর্মীর বিএনপিতে যোগদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। সৈয়দ মকবুলের অভিযোগ প্রসঙ্গে আলী আহমদ বলেন, ‘আমরা এসব নিয়ে কোনো কথা বলতে চাচ্ছিলাম না। এসব ভিত্তিহীন প্রচারণা চালানোয় আমরা সম্প্রতি একটি যৌথ বিবৃতি দিয়ে বলেছি, জনসভায় বক্তৃতা দেওয়ার সুযোগ না পেয়ে তিনি (মকবুল) এ ধরনের আবোলতাবোল কথা বলছেন।’