মঞ্চে এল ‘কৃষ্ণশকুন’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার মঞ্চে এল আরেকটি নতুন নাটক। কৃষ্ণশকুন নামের এই নাটকটি মঞ্চায়ন করেছে নর্দান ইউনিভার্সিটি থিয়েটার গত রোববার। শিল্পকলা একাডেমীর স্টুডিও থিয়েটারে ছিল নাটকটির উদ্বোধনী প্রদর্শনী। কবি কাজী নজরুল ইসলামের ‘ভূতের ভয়’ গল্প অবলম্বনে কৃষ্ণশকুন নাটকের নির্দেশনা দিয়েছেন শওকত হোসেন।‘মাভৈ! মাভৈ! ভয় নাই! ভয় নাই! শুধু এই বাণীর আশ্বাসে, এই মন্ত্রের জোরেই আমরা অভিশপ্ত আত্মা ভূতের দলকে আবার সাগরপাড়ে তাড়িয়ে রেখে আসব।’ দেবলোকের দেবাধিপতির এই সংলাপের মধ্য দিয়ে শুরু হয় নাটক। দেবলোকবাসীর মধ্যে দেবতাসুলভ গুণাবলির একান্ত অভাব। এই দুর্বলতার সুযোগ নিয়ে ভূতের দল তাদের ওপর চড়াও হয়েছে। ভূতেরা দেবালোক দখল করেছে। দেবকুল তাদের বিতাড়নের জন্য প্রস্তুত। এই প্রস্তুতিপর্বে দেবকুল দ্বিধাবিভক্ত হয়ে পড়েছে। একদল অহিংস বিপ্লবে বিশ্বাসী, তারা সত্যাগ্রহী। অন্য দল সশস্ত্র বিপ্লবে আস্থাশীল, তারা অস্ত্রাগ্রহী। দেবাধিপতি ভূত-বন্দী হওয়ার পর নিষ্ক্রিয় সত্যাগ্রহী দলের নেতৃত্ব দেন জয়ন্ত। অপরদিকে তাঁর বন্ধু বিপ্লবকুমার সশস্ত্র আন্দোলনের নেতৃত্ব দেন, সে রক্তাক্ত সংগ্রামের সমর্থক। একই লক্ষ্য কিন্তু ভিন্ন পথের কারণে বিপ্লবকুমার আর জয়ন্তের মধ্যে শুরু হয় দ্বন্দ্ব।নজরুল এই নাটকটিতে প্রতীকী অর্থে ‘ভূত’ ইংরেজ শাসক এবং মানুষের অন্তরের রিপু বা ইন্দ্রিয়কে বুঝিয়েছেন। এ নাটকে রূপকের মাধ্যমে কবি ভারতীয় স্বাধীনতা আন্দোলনের ইতিবৃত্ত উপস্থাপন করেছেন। নির্দেশকের ভাষায় ‘নজরুলের নাটকটির কাজ শুরু করতে গিয়ে মনে হলো, এ তো শুধু সেই ব্রিটিশ-ভারতের ইতিহাস নয়; সমকালীন প্রেক্ষাপটেও এর প্রাসঙ্গিকতা রয়েছে।’নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মনিবুল হক, মোস্তাফিজুর রহমান, আল-আমিন, ইমামুজ্জামান রাজু, সাজ্জাদ, আজহার প্রমুখ।নারী সংগীত উৎসব বাগেরহাট প্রতিনিধি জানান, আন্তর্জাতিক নারী দিবসের ১০১তম বার্ষিকী উদ্যাপন উপলক্ষে ‘নারী সংগীত উৎসব’ করেছে ‘আমরাই পারি’ বাগেরহাট জেলা জোট।গত রোববার সন্ধ্যায় শহরের স্বাধীনতা উদ্যানে অনুষ্ঠিত এই উৎসবে বাগেরহাট ও খুলনার বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন ও নাট্যদল অংশ নেয়।রোববার সন্ধ্যায় স্বাধীনতা উদ্যান মঞ্চে উৎসবের উদ্বোধন করেন বাগেরহাটের জেলা প্রশাসক আকরাম হোসেন, সভাপতিত্ব করেন আমরাই পারি জোটের জেলা চেয়ারপারসন সেলিমা বেগম। অনুষ্ঠানে মংলায় কবি রুদ্র মুহম্মদ শহিদুল্লাহ প্রতিষ্ঠিত সাংস্কৃতিক সংগঠন অন্তর বাজাও, সুর দরিয়া, এপার ওপার, ক্লোজআপ ওয়ানখ্যাত শিল্পী শামীম আহসান, খুলনার প্রতিবন্ধী বাউলশিল্পী এমদাদ হোসেন ও সুমন এবং বাগেরহাটের অংকুর, সপ্তর্ষি, দলছুট, নূপুর নৃত্য একাডেমি, নৃত্যাঙ্গন, অনির্বাণ নৃত্য একাডেমি, সুর সাগর, বঙ্গবন্ধু আবৃত্তি পরিষদ, গণসংস্কৃতি বিকাশ কেন্দ্র ও রূপান্তর ইনস্টিটিউট অব ফোক থিয়েটার অংশ নেয়। অনুষ্ঠানে সংগীত, নৃত্য, পটগান ও নাটক পরিবেশন করা হয়।সাংস্কৃতিক মেলা শুরুদিনাজপুর অফিস জানায়, আবহমান বাঙালি সংস্কৃতি চর্চা ও বিকাশের লক্ষ্যে দিনাজপুরে সপ্তাহব্যাপী সাংস্কৃতিক মেলা শুরু হয়েছে। গতকাল সোমবার বিকেলে দিনাজপুর শিল্পকলা একাডেমী প্রাঙ্গণে রংপুর বিভাগীয় কমিশনার জসীম উদ্দিন আহমেদ প্রধান অতিথি হিসেবে মেলার উদ্বোধন করেন। দিনাজপুরে বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন ও জেলার ১৩টি উপজেলা থেকে আসা সাংস্কৃতিক দলের কর্মীদের অংশগ্রহণে এ উপলক্ষে শোভাযাত্রার আয়োজন করা হয়। জেলা প্রশাসকের কার্যালয় থেকে শিল্পকলা একাডেমী পর্যন্ত প্রায় চার কিলোমিটার পথে বর্ণাঢ্য এই শোভাযাত্রায় সাপুড়ে, বেদে-বেদেনি, জেলে, কামার-কুমার, তাঁতি, বর-বধূ, কিষান-কিষানি, শিল্পী-সাহিত্যিক, বাউল, বোষ্টম-বোষ্টমীসহ নানা বর্ণিল সাজে সজ্জিত হয়ে অনেকে অংশ নেন। বিকেল পাঁচটায় শিল্পকলা একাডেমীর মঞ্চে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। দিনাজপুর জেলা প্রশাসক জামাল উদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান আলোচক ছিলেন দিনাজপুরের বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব শাহজাহান শাহ।