মঞ্চে তখন ভাষার গল্প

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সারপ্রাইজ অনুষ্ঠান। শুনলেই মনের মধ্যে কৌতূহল, প্রশ্ন খেলা করে। কী হবে এবার, কারা আসবে? এমন সব প্রশ্নের সম্মুখীন হতে হয়। এবারও এর ব্যতিক্রম হয়নি। গণিত উত্সবের শুরু থেকেই গুঞ্জন শোনা যাচ্ছিল। কেউ কেউ মনের কথা চেপে রাখতে না পেরে জিজ্ঞাসাও করেছে। একজনকে জিজ্ঞাসা করলাম, এত চিন্তিত কেন এটি নিয়ে? উত্তরে বলল, প্রস্তুতি তো নিতে হবে। গতবার অটোগ্রাফ নিতে পারিনি। এবার নিতেই হবে। অপেক্ষার পালা শেষ হলো। একে একে মঞ্চে এলেন পাঁচজন মহান ভাষা-সংগ্রামী। ভাষা আন্দোলনের সেই অগ্নিঝরা দিনগুলোর নানা কথা উঠে আসে তাঁদের গল্পে। অনুষ্ঠানের শুরুতে কমিটির কোষাধ্যক্ষ আব্দুল কাইয়ুম বলেন, ‘ভাষা আন্দোলনের এই মাসে গণিত উত্সবে তাঁদের স্বাগত জানাতে পেরে আমরা আনন্দিত।’ অনুষ্ঠানের সঞ্চালক ছিলেন গণিত অলিম্পিয়াড কমিটির সাধারণ সম্পাদক মুনির হাসান। ‘ভাষা আন্দোলনসহ নানা আন্দোলন আর মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে এ দেশ স্বাধীন হয়েছে। আমরা বাংলা ভাষা অর্জন করেছি। “রাষ্ট্রভাষা বাংলা চাই, সর্বস্তরে বাংলা ভাষা চাই” নামে স্লোগান দিয়েছি। কিন্তু এখনো সেটা অর্জিত হয়নি। ১৯৫২ সালে ১৪৪ ধারা ভেঙে ছিলাম। তখন সত্যকে প্রতিষ্ঠা করার চেষ্টা, তার পক্ষে কাজ করার দৃঢ়তা কাজ করেছিল। এটিই হচ্ছে আন্দোলনের প্রধান চালিকা।’ বলেন ভাষা-সংগ্রামী আহমদ রফিক। একুশে ফেব্রুয়ারি এলেই শিল্পী মুর্তজা বশীরের হূদয়ে রক্তক্ষরণ শুরু হয়। তিনি জানান, ‘ভাষাশহীদদের স্বপ্ন আমরা বাস্তবায়ন করতে পারিনি। চার ভাষাশহীদের নামে কোনো রাস্তা নেই। একুশের চেতনাকে বাস্তবায়ন করতে পারলে তাঁদের আত্মোত্সর্গ সার্থক হবে।’ ৫৮ বছর আগে মেয়েরা এত স্বাধীন ছিল না। একই শিক্ষাপ্রতিষ্ঠানে পড়লেও ছেলেরা মেয়েদের সঙ্গে কথা বলতে পারত না। কেউ বললে জরিমানা করা হতো। সেই সময়ের বিশ্ববিদ্যালয়-পড়ুয়া একজন ছাত্রী ভাষার জন্য আন্দোলন করেছিলেন। তিনিই ভাষা-সংগ্রামী রওশন আরা বাচ্চু। তিনি জানান, ‘সেদিন দৃঢ় মনোবলে দুই হাতে লোহার ব্যারিকেড সরিয়েছি। পুলিশের লাঠির আঘাত পড়েছে পিঠে। একটা কথা মনে রাখবে, আমাদের জাতিসত্তাকে বাঁচিয়ে রাখার জন্য যা দরকার, তোমরা তা করবে।’ এর সঙ্গে মুনির হাসান যোগ করেন যে সাইবার যুগে গণিত ও বিজ্ঞানের জন্য আন্দোলন হবে। ভাষা আন্দোলনের আরেক সংগ্রামী সাবেক প্রধান বিচারপতি মুহাম্মদ হাবিবুর রহমান। বললেন, ‘জাতিসংঘের দাপ্তরিক ভাষা বাংলা হওয়া উচিত।’ এই আশাবাদের সঙ্গে তিনি যোগ করেন ‘এই গণিতবিদেরা উত্তরোত্তর সাফল্য লাভ করবে। স্বর্ণ নিয়ে দেশে ফিরবে।’ ভাষা-সংগ্রামী মুস্তাফা নূরউল ইসলাম বলেন, ‘ভাষা আন্দোলন নিয়ে কথার কোনো শেষ নেই। আমরা ২২ ফেব্রুয়ারি বরকতের রক্তাক্ত শার্ট বাঁশের ওপর বেঁধে আন্দোলন করেছিলাম।’ সংগ্রামীদের বক্তব্যের পর শুরু হয় প্রশ্নোত্তর পর্ব। খুদে গণিতবিদেরা শুধু গণিত নিয়ে নয়, ভাষা নিয়েও চিন্তাভাবনা করে। একজন তো বলেই ফেলল যে এই পর্বকে ‘সারপ্রাইজ অনুষ্ঠান’ না বলে ‘চমক অনুষ্ঠান’ বলা উচিত। কথাটি বিবেচনায় রাখে গণিত অলিম্পিয়াড কমিটি। তাত্ক্ষণিকভাবে ‘চমক অনুষ্ঠান’ নামকরণ করা হয়। আরেক গণিতবিদ প্রশ্ন করল, ১৪ এপ্রিলকে পয়লা বৈশাখ বলা হলে একুশে ফেব্রুয়ারির বাংলা দিনের কথা বলা হয় না কেন? ভাষাসৈনিকেরা উত্তরে বলেন, একুশে ফেব্রুয়ারির বাংলা দিন হলো ৮ ফাল্গুন। তবে এটি নিয়ে বাড়াবাড়ি করার কিছু নেই। মুক্তিযুদ্ধের সময় ‘জয় বাংলা’ স্লোগান দিলে সবাই অনুপ্রাণিত হতো, ভাষা আন্দোলনের সময় এমন স্লোগান কি ছিল? উত্তরে তাঁরা বলেন, অবশ্যই ছিল। রাষ্ট্রভাষা বাংলা চাই। সর্বস্তরে বাংলা চাই। রাজবন্দীদের মুক্তি চাই। ভাষা নিয়ে এত প্রশ্ন সবার মনে, না দেখলে বোঝা যাবে না। সময় শেষ হয়ে যাচ্ছে, কিন্তু তখনো অনেক হাত ওপরে তোলা। সবশেষে বক্তব্য দেন গণিত অলিম্পিয়াড কমিটির সভাপতি অধ্যাপক জামিলুর রেজা চৌধুরী। তিনি বলেন, ‘স্বাধীনতার ইতিহাস বলতে হলে ভাষা আন্দোলন দিয়ে শুরু করতে হয়। ১৯৫২ সালে আমি ছিলাম ষষ্ঠ শ্রেণীর ছাত্র। সে বছরের ২৭ জানুয়ারি আমি প্রথম ঢাকায় আসি। এর পরই তো শুরু হয় ভাষা আন্দোলন। এই ভাষা-সংগ্রামীরা নেতৃত্ব না দিলে আমরা বাংলা ভাষা পেতাম না। তোমাদের চমক দেওয়ার জন্য তাঁদের আনা হয়েছে। এর থেকে বড় চমক আর কী হতে পারে। ইন্টারনেটে, মোবাইল ফোনে—সব জায়গায় বাংলা ভাষার চর্চা করতে হবে।’ মঞ্চ থেকে কালজয়ী নেতারা নেমে আসেন। তাঁদের পেছনে ছুটতে থাকে গণিতবিদেরা। ঘিরে ধরে অটোগ্রাফ আর ছবি তোলার জন্য। কেননা এমন সুযোগ কি জীবনে সহসা আসে?: