মঞ্চে ফিরছেন নিকোল কিডম্যান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মঞ্চে ফেরার পরিকল্পনা করছেন অস্কার বিজয়ী হলিউডের অভিনেত্রী নিকোল কিডম্যান। সবকিছু ঠিক থাকলে টেরেন্স রেটিগ্যানসের ‘আফটার দ্য ড্যান্স’ নাটকের কেন্দ্রীয় চরিত্রেই অভিনয় করবেন তিনি। ২০১৩ সালে নিউইয়র্কে মঞ্চস্থ হবে নাটকটি। এই মুহূর্তে নাটকটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয়ের জন্য নিকোলের সঙ্গে আলোচনা চালাচ্ছেন এর নির্মাতারা। আলোচনা ফলপ্রসূ হলে ১৪ বছর পর আবারও যুক্তরাষ্ট্রের কোনো মঞ্চ নাটকে অভিনয় করবেন ৪৪ বছর বয়সী এই অস্ট্রেলিয়ান তারকা। এক খবরে এমনটাই জানিয়েছে কন্ট্যাক্টমিউজিক। এর আগে ১৯৯৮ সালে ডেভিড হেয়ারের ‘দ্য ব্লু রুম’ নাটকে অভিনয় করেছিলেন নিকোল কিডম্যান। মঞ্চ নাটকটির নির্দেশনা দিয়েছিলেন ‘স্কাইফল’খ্যাত হলিউডের প্রখ্যাত চিত্রপরিচালক স্যাম মেন্ডেস। পরবর্তী সময়ে ‘সুইট বার্ড অব ইয়ুথ’ নাটকে জেমস ফ্রাঙ্কোর সঙ্গে অভিনয়ের কথা থাকলেও নাটকটির কাজ বন্ধ হয়ে যাওয়ায় তাঁর আর অভিনয় করা হয়নি। ২০০২ সালে মুক্তিপ্রাপ্ত ‘দ্য আওয়ারস’ ছবিতে অনবদ্য অভিনয়ের স্বীকৃতি হিসেবে অস্কার জিতে নিয়েছিলেন নিকোল। গোল্ডেন গ্লোব, বাফটাসহ আরও বেশ কয়েকটি পুরস্কারও ঝুলিতে ভরেছেন এই অভিনেত্রী। সামনে ‘দ্য রেলওয়ে ম্যান’ ছবিতে কলিন ফার্থ ও জেরেমি ইরভাইনের সঙ্গে দেখা যাবে নিকোলকে। মে মাসে ছবিটি নিয়ে কান চলচ্চিত্র উত্সবে যোগ দেবেন নিকোল ও কলিন ফার্থ।