মঞ্চে শওকত ওসমানের ‘আমলার মামলা’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আমলার মামলা নাটক মঞ্চে এনেছে ঢাকা থিয়েটার মঞ্চ। শওকত ওসমানের নাটক আমলার মামলা অবলম্বনে মঞ্চরূপ ও নির্দেশনা দিয়েছেন গোলাম সারোয়ার। নাটকের মূল বিষয়বস্তু ঠিক রেখে সত্তরের দশকের যুদ্ধোত্তর বাংলাদেশের প্রেক্ষাপট নিয়ে তৈরি হয়েছে আমলার মামলা।নাটকের প্রধান চরিত্র আখুনজির আমলাতান্ত্রিক ব্যবহারে তার পারিবারিক জীবনে তৈরি হওয়া নানা হাস্যরসাত্মক দ্বন্দ্ব নিয়ে গল্পের শুরু। গোলাম সারোয়ার বলেন, ‘শওকত ওসমান ১৯৪৯ সালে আমলার মামলা নাটকটি লিখেছেন। কিন্তু এরপর ঘটনাপ্রবাহে অনেক পরিবর্তন এসেছে। সে বিষয়গুলো যুক্ত করা হয়েছে নাটকে। আমরা তাঁর ভাবনাকে মুক্তিযুদ্ধোত্তর বাংলাদেশের প্রেক্ষাপটের সঙ্গে সম্পৃক্ত করে নতুন মাত্রা যোগ করার চেষ্টা করেছি।’ গোলাম সারোয়ার আরও বলেন, ‘এবার একদম নতুনদের নিয়ে কাজ করেছি।’আজ সোমবার বাংলাদেশ শিল্পকলা একাডেমীর এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে নাটকটির কারিগরি প্রদর্শনী হবে। একই মিলনায়তনে নাটকটির উদ্বোধনী প্রদর্শনী হবে ২ নভেম্বর।