শাহবাগের প্রজন্ম চত্বরের নারী জাগরণী সমাবেশস্থলের কাছেই আজ শুক্রবার বিকেল চারটা ৫০ মিনিটে পর পর দুটি ককটেল বিস্ফোরিত হয়েছে।এ ঘটনায় সেখানে দায়িত্বরত র্যাব সদস্য ডিএডি জালাল উদ্দিন আহত হয়েছেন। তাঁকে বারডেম হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।ককটেল বিস্ফোরণের পরপরই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয়ের এ-ব্লক ভবনে তল্লাশি শুরু করে পুলিশ। সন্ধ্যা সাতটা পর্যন্ত সপ্তম তলার এ ভবন থেকে ১৫ জনকে আটক করা হয়। আটক হওয়া ব্যক্তিদের মধ্যে অনেককেই ক্যানটিনের কর্মী বলে দাবি করেছেন সেখানে কর্মরতরা। এই বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষায় আসা চিকিত্সকদের ছাত্রাবাস রয়েছে এ ভবনে। বিকেল পাঁচটা থেকে ভবনে কাউকে ঢুকতে ও বের হতে দেওয়া হচ্ছে না। এরই মধ্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রাণ গোপাল ভবন পরিদর্শন করেছেন।ককটেল বিস্ফোরণের পর প্রজন্ম চত্বরে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে কিছুক্ষণের মধ্যেই পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসে।ঘটনার প্রতিবাদে তাত্ক্ষণিকভাবে সেখানে উপস্থিত নারীরা প্রতিবাদ মিছিল বের করেন। পরে পুরুষেরাও মিছিলে যোগ দেন। নারী-পুরুষের সম্মিলিত লাঠি মিছিল বারবার সমাবেশের চারদিক প্রদক্ষিণ করতে থাকে। আর গণজাগরণ মঞ্চে চলতে থাকে নারী জাগরণী সমাবেশ।মঞ্চ থেকে এ ঘটনার নিন্দা জানানো হয়। একই সঙ্গে সেখানে উপস্থিত নারীরা দৃঢ় কণ্ঠে জানিয়ে দেন, কোনো ধরনের হামলা বা ভয় দেখিয়ে যুদ্ধাপরাধীদের ফাঁসিসহ ছয় দফার আন্দোলন নস্যাত করা যাবে না।সন্ধ্যা পৌনে ছয়টার দিকে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার বেনজীর আহমেদ ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় উপস্থিত সাংবাদিকদের তিনি বলেন, ‘এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। দুই সপ্তাহ ধরে সারা দেশে যেসব অরাজকতা চলছে, এটা তারই অংশ। মুষ্টিমেয় কিছু লোক এ কাজগুলো করছে। আমরা সবাই মিলে ঐক্যবদ্ধভাবে তাদের প্রতিরোধ করব।’ এদিকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) একটি বোমা বিশেষজ্ঞ দল ককটেল বিস্ফোরণের স্থান ঘিরে পরীক্ষা-নিরীক্ষা করছে।আন্তর্জাতিক নারী দিবসে শাহবাগের প্রজন্ম চত্বরে পূর্বঘোষিত এই সমাবেশ নারীরাই পরিচালনা করেছেন। তবে সেখানে সব শ্রেণী-পেশার নারীর পাশাপাশি পুরুষেরাও উপস্থিত হন।