মঞ্জুর হত্যার ৩১ বছর পর তদন্ত কর্মকর্তার সাক্ষ্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জেনারেল মঞ্জুর হত্যার ৩১ বছর পর তদন্ত কর্মকর্তা সিআইডি পুলিশের বিশেষ সুপার আবদুল কাহার আকন্দ আদালতে সাক্ষ্য দিয়েছেন।ঢাকার কেন্দ্রীয় কারাগারের পাশে স্থাপিত বিশেষ জজ আদালতে এ মামলার বিচারকাজ চলছে। আজ রোববার ঢাকার প্রথম অতিরিক্ত জেলা ও দায়রা জজ বোরহান উদ্দিন আহমেদ সাক্ষ্য গ্রহণ করেন। আসামিপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত ২৮ ফেব্রুয়ারি জেরার জন্য দিন ধার্য করেন। এর আগে এ মামলায় ২৭ জন সাক্ষ্য দেন।আজ মামলার প্রধান আসামি সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ, মেজর (অব.) কাজী এমদাদুল হক, লে. কর্নেল (অব.) মোস্তফা কামাল উদ্দিন ভূঁইয়া আদালতে উপস্থিত ছিলেন।রাষ্ট্রপক্ষের অতিরিক্ত সরকারি কৌঁসুলি আসাদুজ্জামান খান প্রথম আলোকে বলেন, বিএনপি-জামায়াতের নেতৃত্বে গঠিত চারদলীয় জোট সরকারের আমলে বিচার নিষ্পত্তির ক্ষেত্রে কোনো ধরনের পদক্ষেপ নেওয়া হয়নি। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর এ মামলাটির বিচার নিষ্পত্তির জন্য পদক্ষেপ নেওয়া হয়। সরকারি কৌঁসুলি আসাদুজ্জামান আরও বলেন, এ মামলায় অনেক সাক্ষীকে পাওয়া যায়নি। মামলা চলাকালীন সময়ে অনেকেই মারা গেছেন। মামলার অপর দুই আসামি মেজর জেনারেল (অব.) আবদুল লতিফ ও লে. কর্নেল (অব.) শামসুর রহমান শামসের বিষয়ে মামলার কার্যক্রম হাইকোর্টের নির্দেশে স্থগিত আছে। এ বিষয়ে সরকারি কৌঁসুলি বলেন, তাঁদের অংশ বাদ দিয়ে মামলার বিচারকাজ চলছে। এজাহারে বলা হয়, ১৯৮১ সালের ১ জুন মেজর জেনারেল মঞ্জুরকে পুলিশ হেফাজত থেকে চট্টগ্রাম সেনানিবাসে নিয়ে যাওয়া হয়। সেখানেই তাঁকে হত্যা করা হয়। এ ঘটনায় জেনারেল মঞ্জুরের বড় ভাই আবুল মনসুর আহমেদ বাদী হয়ে ১৯৯৫ সালের ২৮ ফেব্রুয়ারি চট্টগ্রামের পাঁচলাইশ থানায় এ মামলা করেন। ওই বছরের ১৫ জুলাই তত্কালীন সহকারী পুলিশ সুপার আবদুল কাহার আকন্দ আদালতে অভিযোগপত্র দেন। এতে ৪৯ জনকে সাক্ষী করা হয়।