মঞ্জুরকে আনুষ্ঠানিক সমর্থন জানাল বিএনপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম সিটি করপোরেশনের নির্বাচনে মেয়র পদপ্রার্থী এম মঞ্জুর আলমকে বিএনপি আজ শুক্রবার আনুষ্ঠানিক সমর্থন জানিয়েছে। চিটাগাং ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে পরিচিতি ও মতবিনিময় সভায় এ সমর্থন জানানো হয়। অনুষ্ঠানে পেশাজীবী সংগঠন চট্টগ্রাম উন্নয়ন আন্দোলন ১৫ দফা দাবি উত্থাপন করে। চট্টগ্রাম উন্নয়ন আন্দোলনের প্রার্থী মঞ্জুর দাবিগুলোকে যৌক্তিক বলে অভিহিত করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রাম উন্নয়ন আন্দোলনের আহ্বায়ক ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি আবুল কাশেম চৌধুরী। বক্তব্য দেন চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরী, চট্টগ্রাম আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মোহাম্মদ মাহবুব উল্লাহ, অধ্যাপক আবুল কালাম আজাদ, অধ্যাপক এস এম নছরুল কদির প্রমুখ। উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা মীর মোহাম্মদ নাছিরউদ্দিন, উত্তর জেলা বিএনপির সভাপতি গিয়াসউদ্দিন কাদের চৌধুরী, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শাহাদাত্ হোসেন, বিএনপি নেতা এস এম ফজলুল হক, এরশাদ উল্লাহসহ পেশাজীবী নেতা ও বিএনপির বিপুলসংখ্যক কর্মী-সমর্থক। মেয়র প্রার্থী মঞ্জুরকে বিএনপির পক্ষ থেকে আনুষ্ঠানিক সমর্থন দিয়ে আমীর খসরু বলেন, ‘সর্বস্তরের জনগণের কাছে তাঁর জনপ্রিয়তা আছে। তিনি বিনয়ী ও দানশীল ব্যক্তি। আমাদের রাজনীতিতে সততা ও বিনয়ের বড় অভাব। মঞ্জুর সেই অভাব পূরণ করেছেন। আগামী সিটি নির্বাচনে ঐক্যবদ্ধভাবে তাঁকে জয়ী করতে হবে।’অনুষ্ঠানে মঞ্জুর বলেন, ‘অবহেলিত চট্টগ্রামের বিভিন্ন সমস্যা নিরসনের জন্য চট্টগ্রাম উন্নয়ন আন্দোলন আমাকে প্রার্থী করেছে। আমি তাদের কাছে কৃতজ্ঞ। কৃতজ্ঞতা প্রকাশ করছি বেগম খালেদা জিয়ার কাছেও।’ তিনি বলেন, ‘এই অনুষ্ঠানে কিছু প্রস্তাব দাবিসহকারে পেশ করা হয়েছে। আমি এসব দাবির সঙ্গে একমত। আল্লাহর রহমতে আপনাদের চেষ্টায় যদি জয়ী হই, তাহলে আপনাদের দাবি বাস্তবায়নে আমরা সচেষ্ট হব।’ এর আগে চট্টগ্রাম উন্নয়ন আন্দোলনের যুগ্ম আহ্বায়ক আবুল কালাম আজাদ ‘চট্টগ্রাম সিটি করপোরেশনের নেতৃত্বে কাছে প্রত্যাশা’ শিরোনামে পাঁচ পৃষ্ঠার একটি লিখিত বক্তব্য পড়ে শোনান। চট্টগ্রাম উন্নয়ন আন্দোলন ১৮ মে সাবেক ভারপ্রাপ্ত মেয়র মঞ্জুর আলমকে আগামী ১৭ জুনের নির্বাচনে মেয়র পদে তাদের প্রার্থী হিসেবে ঘোষণা করে। বিএনপি সমর্থিত শিক্ষক, আইনজীবী, চিকিত্সক, প্রকৌশলীসহ বিভিন্ন পেশার ব্যক্তিদের নিয়ে এ সংগঠন গঠিত হয়।