চট্টগ্রাম সিটি করপোরেশনের নির্বাচনে মেয়র পদপ্রার্থী এম মঞ্জুর আলমকে বিএনপি গতকাল শুক্রবার আনুষ্ঠানিক সমর্থন জানিয়েছে। চিটাগাং ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে পরিচিতি ও মতবিনিময় সভায় এই সমর্থন জানানো হয়। অনুষ্ঠানে পেশাজীবী সংগঠন চট্টগ্রাম উন্নয়ন আন্দোলন ১৫ দফা তুলে ধরে। চট্টগ্রাম উন্নয়ন আন্দোলনের প্রার্থী মঞ্জুর এ ১৫ দফাকে যৌক্তিক বলে অভিহিত করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রাম উন্নয়ন আন্দোলনের আহ্বায়ক ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি আবুল কাশেম চৌধুরী। এতে বক্তব্য দেন চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরী, চট্টগ্রাম আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মোহাম্মদ মাহবুব উল্লাহ, অধ্যাপক আবুল কালাম আজাদ, অধ্যাপক এস এম নছরুল কদির প্রমুখ। উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা মীর মোহাম্মদ নাছিরউদ্দিন, উত্তর জেলা বিএনপির সভাপতি গিয়াসউদ্দিন কাদের চৌধুরী, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন, বিএনপির নেতা এস এম ফজলুল হক, এরশাদ উল্লাহসহ পেশাজীবী নেতা ও বিএনপির বিপুলসংখ্যক কর্মী-সমর্থক। মেয়র পদপ্রার্থী মঞ্জুরকে বিএনপির পক্ষ থেকে আনুষ্ঠানিক সমর্থন দিয়ে আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘সর্বস্তরের জনগণের কাছে তাঁর জনপ্রিয়তা আছে। তিনি বিনয়ী ও দানশীল ব্যক্তি। আমাদের রাজনীতিতে সততা ও বিনয়ের বড় অভাব। মঞ্জুর সেই অভাব পূরণ করেছেন। আগামী সিটি নির্বাচনে ঐক্যবদ্ধভাবে তাঁকে জয়ী করতে হবে।’অনুষ্ঠানে মঞ্জুর বলেন, ‘অবহেলিত চট্টগ্রামের বিভিন্ন সমস্যা নিরসনের জন্য চট্টগ্রাম উন্নয়ন আন্দোলন আমাকে প্রার্থী করেছে। আমি তাঁদের কাছে কৃতজ্ঞ। কৃতজ্ঞতা প্রকাশ করছি বেগম খালেদা জিয়ার কাছেও।’ তিনি বলেন, ‘এই অনুষ্ঠানে কিছু প্রস্তাব দাবি সহকারে পেশ করা হয়েছে। আমি এসব দাবির সঙ্গে একমত। আল্লাহর রহমতে আপনাদের চেষ্টায় যদি জয়ী হই, তাহলে আপনাদের দাবি বাস্তবায়নে আমরা সচেষ্ট হব।’ এর আগে চট্টগ্রাম উন্নয়ন আন্দোলনের যুগ্ম আহ্বায়ক আবুল কালাম আজাদ ‘চট্টগ্রাম সিটি করপোরেশনের নেতৃত্বের কাছে প্রত্যাশা’ শিরোনামে পাঁচ পৃষ্ঠার একটি লিখিত বক্তব্য পড়ে শোনান। তিনি বলেন, বন্দরনগর হওয়ার কথা ছিল ম্যানচেস্টার ও নিউইয়র্কের মতো সমৃদ্ধিশালী। সেই চট্টগ্রাম স্বাধীনতার চার দশক পরও একটি মফস্বল শহর ছাড়া আর কিছু নয়। যাঁর হাতে এই শহরের অভিভাবকত্ব ন্যস্ত ছিল, তিনি সহজ-সরল জনসাধারণকে শুধু উন্নয়নবঞ্চিত করেননি, এই শহরকে অবহেলিত মফস্বল জনপদে পরিণত করেন। আবুল কালাম আজাদ চট্টগ্রাম উন্নয়ন আন্দোলনের পক্ষে ১৫ দফা দাবি তুলে ধরেন। এগুলোর মধ্যে রয়েছে: বর্ষার সময় পাহাড়ের পাদদেশে দরিদ্র জনগোষ্ঠীর জন্য নিরাপদ আবাসন ব্যবস্থা; জলাবদ্ধতা দূর করতে নালা-নর্দমা সংস্কার ও চাক্তাই খাল আবর্জনা-দখলমুক্ত রাখা; বেড়িবাঁধে পর্যাপ্ত স্লুইসগেট নির্মাণ; শহরের উপকূলীয় এলাকায় আশ্রয়কেন্দ্র নির্মাণ; যানজট নিরসনে উপযুক্ত সংখ্যক ফ্লাইওভার, ফুটওভারব্রিজ ও গাড়ি পার্কিংয়ের জন্য বহুতল ভবন নির্মাণ; নগরে মেট্রো ট্রেন সার্ভিস চালু; কর্ণফুলীতে আরও দুটি সেতু ও টানেল নির্মাণ; নগরে বিদ্যুৎ, পানি ও গ্যাসের সরবরাহ নিশ্চিত করতে সংশ্লিষ্ট বিভাগগুলোর সঙ্গে সিটি করপোরেশনের যৌথ উদ্যোগে প্রকল্প গ্রহণ; গরিবদের বিনা মূল্যে চিকিৎসার জন্য হাসপাতাল নির্মাণ; সিটি করপোরেশনের শিক্ষাপ্রতিষ্ঠানে গরিব ও মেধাবীদের বিনা মূল্যে পড়াশোনার সুবিধা দেওয়া; আধুনিক ও বিনোদন সুবিধাসহ পর্যটনকেন্দ্র গড়ে তোলা; চট্টগ্রাম ও কক্সবাজারের মধ্যে রেল যোগাযোগ এবং কুতুবদিয়ায় গভীর সমুদ্রবন্দর স্থাপনের জন্য সিটি করপোরেশনের উদ্যোগ গ্রহণ; রিকশা ও ঠেলাগাড়ির চালকদের আত্মকর্মসংস্থান সৃষ্টি ও সুদবিহীন ঋণের ব্যবস্থা করা; চট্টগ্রামের মধ্য দিয়ে এশিয়ান হাইওয়ের রুট নির্ধারণে সিটি করপোরেশনের উদ্যোগ গ্রহণ এবং করপোরেশনের আয়-ব্যয়ের স্বচ্ছতা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া। চট্টগ্রাম উন্নয়ন আন্দোলন ১৮ মে সাবেক ভারপ্রাপ্ত মেয়র এম মঞ্জুর আলমকে ১৭ জুনের নির্বাচনে মেয়র পদে তাদের প্রার্থী হিসেবে ঘোষণা করে। বিএনপি সমর্থিত শিক্ষক, আইনজীবী, চিকিৎসক ও প্রকৌশলীসহ বিভিন্ন পেশার ব্যক্তিদের নিয়ে এই সংগঠন গঠিত হয়।