মঞ্জুরকে যেভাবে হত্যা করা হয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পরদিন (২ জুন, ১৯৮১) সকালে আমার বাংলোতে পুলিশ সুপার মারুফুল হক এলেন। অত্যন্ত মলিন, ক্লান্ত অবস্থায়। তিনি আমার কাছে বর্ণনা করলেন কেমন করে পুলিশ ফটিকছড়িতে জেনারেল এম এ মঞ্জুরকে বন্দী করে এবং পরে সেনাবাহিনীর একটি প্লাটুন হাটহাজারী থানা থেকে কমান্ডো কায়দায় তাঁকে নিয়ে যায়। জেনারেল মঞ্জুর ফটিকছড়ির এক গ্রামে আশ্রয় নিয়েছেন, এই তথ্য পাওয়ার পর ইন্সপেক্টর কুদ্দুসের নেতৃত্বে পুলিশের একটি স্কোয়াড সেই গ্রামে যায়। সেখানে তারা মঞ্জুর ও স্ত্রী-সন্তানদের একটি কুটিরের ভেতর খুঁজে পায়। স্থানীয় এক গ্রামবাসী এই কুটিরের মালিক। ইন্সপেক্টর কুদ্দুসের মতে, যে গাড়িতে চড়ে মঞ্জুর এই গ্রামে এসেছিলেন, সেই গাড়ি গ্রামে ঢোকার পথে রাখা ছিল। পুলিশ যখন কুটিরটিতে প্রবেশ করে, মঞ্জুর তখন সকালের নাশতা করছিলেন। পালানোর বা পুলিশকে মোকাবিলার কোনো চেষ্টা তিনি করেননি। শুধু বলেছিলেন, ‘তাঁকে যেন থানায় নিয়ে যাওয়া হয় এবং বেসামরিক কর্তৃপক্ষই যেন তাঁর বিষয়টি সামলায়।’মঞ্জুর নীরবে পুলিশের গাড়িতে উঠে বসেন। তাঁর পরিবারের আতঙ্কিত সদস্যরাও তাঁকে অনুসরণ করে গাড়িতে চড়ে বসে। পুলিশের স্কোয়াডটি মঞ্জুর ও তাঁর পরিবারকে গাড়িতে করে হাটহাজারী থানায় নিয়ে আসে। সেখানে তাঁকে আটকে রাখা হয়।মঞ্জুরের বন্দী হওয়ার খবর অতিদ্রুত ছড়িয়ে পড়ে। দলে দলে লোক থানায় আসতে থাকে। এতে স্থানীয় পুলিশ আতঙ্কগ্রস্ত হয়ে পড়ে। তারা চেয়েছিল, মঞ্জুরকে তৎক্ষণাৎ হাটহাজারী থেকে সরিয়ে নেওয়া হোক। কিন্তু দুঃখজনকভাবে কয়েক ঘণ্টার মধ্যে তা সম্ভব ছিল না। মঞ্জুরকে অবশেষে হাটহাজারী থেকে সরিয়ে নেওয়া হয়, কিন্তু তাঁর পছন্দসই জায়গায় নয়।মঞ্জুরকে সেনাবাহিনীর কাছে হস্তান্তরের জন্য কর্তৃপক্ষের কাছ থেকে নির্দেশ পাওয়ার পর ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পুলিশের কাগজপত্রে সেনাবাহিনীর দায়িত্বপ্রাপ্ত ক্যাপ্টেনের সই নেন। মঞ্জুর, তাঁর স্ত্রী ও দুই সন্তানকে কয়েদখানা থেকে বের করে আনা হয়। মঞ্জুর তখন প্রতিবাদ করে বলছিলেন, তিনি আর সেনাবাহিনীর সদস্য নন; এ জন্য পুলিশের হেফাজতেই তাঁর থাকা উচিত। কিন্তু পুলিশের ওপর নির্দেশ ছিল তাঁকে সেনাবাহিনীর কাছে হস্তান্তরের। মঞ্জুরকে বের করে থানার উঠোনে রাখা সেনাবাহিনীর গাড়ির দিকে নিয়ে যাওয়া হলো। থানা ভবন থেকে বের হওয়া মাত্র মঞ্জুরকে সেই ক্যাপ্টেন কারাতে-কায়দায় ধাক্কা মেরে মাটিতে ফেলে দেন। মঞ্জুরের স্ত্রী ও দুই সন্তানের সামনে দুজন সেনার সহায়তায় তিনি দড়ি দিয়ে দ্রুত তাঁকে বেঁধে ফেলেন। সেনা কর্মকর্তাটি অকারণে এই ঘটনাটি ঘটান। মঞ্জুর এই দ্বিতীয় গ্রেপ্তার (প্রথম গ্রেপ্তার হয়েছিলেন পুলিশের হাতে) প্রতিহত করার কোনো চেষ্টাই করেননি। তা ছাড়া তিনি সশস্ত্রও ছিলেন না। কোনো সাধারণ অপরাধীর মতোই তাঁকে ঠেলে দেওয়া হয় সেনাবাহিনীর পিকআপের পেছনের অংশে। সশস্ত্র সেনারা তাঁর পাহারায় বসে। ক্যাপ্টেন তখন মঞ্জুরের পরিবারের সদস্যদের গাড়ির সামনের ভাগে তুলে নিয়ে সেনানিবাসের দিকে যাত্রা করেন। সরকারি নির্দেশে মঞ্জুরকে সেনাবাহিনীর হাতে তুলে দেওয়ার ঘটনা কিছুক্ষণের জন্য আমাদের বিবেককে দংশন করে। কিন্তু আইনত কারও কিছু করার ছিল না। মঞ্জুর সেনা কর্মকর্তা ছিলেন আর আপাতদৃষ্টিতে তাঁর নেতৃত্বে সংঘটিত সেনাবিদ্রোহে দেশের রাষ্ট্রপতি নিহত হন। সুতরাং তিনি আর সেনাসদস্য নন—তাঁর এ দাবি সত্ত্বেও সামরিক আইনে তাঁর বিচার করার অধিকার সেনাবাহিনীর ছিল। অধিকন্তু, সেনাবাহিনীর হাতে মঞ্জুরকে অর্পণ করার নির্দেশ দিয়েছিলেন রাষ্ট্রপতি। এই সিদ্ধান্ত আমাদের যতই ক্ষুব্ধ করুক না কেন, এটাই চূড়ান্ত। আমরা ভেবেছিলাম, বেসামরিক কর্তৃপক্ষের আগেই মঞ্জুরকে জিজ্ঞাসাবাদ করার জন্য সেনাবাহিনী তাঁকে তাদের হেফাজতে নিতে চাইছিল। জিজ্ঞাসাবাদের বাইরে সেনা কর্তৃপক্ষের অন্য কোনো অভিসন্ধি থাকতে পারে, আমরা বুঝতে পারিনি। এসব নাটকীয় ঘটনা ঘটার পরদিন বিভাগীয় কমিশনার, পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি), মহানগর পুলিশ কমিশনার এবং আমি এসব ঘটনা পর্যালোচনার জন্য কমিশনারের দপ্তরে একত্র হই। আমাদের সভা চলাকালে সেনানিবাস থেকে ডিআইজিকে ফোন করা হয়। কয়েক মিনিট পর ডিআইজি এ এস এম শাহজাহান আমাদের জানান, ইস্ট বেঙ্গল রেজিমেন্টাল সেন্টারের কমান্ডার ব্রিগেডিয়ার আজিজ ফোন করেছিলেন। চট্টগ্রাম গ্যারিসন তখন ব্রিগেডিয়ার আজিজের সাময়িক নিয়ন্ত্রণাধীন ছিল। ব্রিগেডিয়ার আজিজ শান্ত কণ্ঠে বলেছিলেন, ‘গুলিবিদ্ধ হয়ে’ জেনারেল মঞ্জুরের মৃত্যু হয়েছে। আর তিনি চান, সেনানিবাস থেকে পুলিশ লাশটি সরিয়ে নিক। শাহজাহান ভালোভাবেই বুঝতে পেরেছিলেন কীভাবে জেনারেল মঞ্জুর মারা গেছেন। ব্রিগেডিয়ার আজিজকে এ ব্যাপারে তিনি আর কিছু জিজ্ঞেস করেননি। তিনি শুধু বলেছিলেন, এই অনুরোধ রাখতে হলে আগে তাঁকে কমিশনার এবং জেলা প্রশাসকের সঙ্গে আলোচনা করে নিতে হবে।খবরটি শুনে আমরা তাজ্জব হয়ে গিয়েছিলাম। এই মৃত্যু সামনের দিনে আরও বিপদের লক্ষণ বহন করতে পারে, এই আশঙ্কায় আমরা আতঙ্কিত বোধ করি। কিন্তু সেই সময়ের জরুরি প্রয়োজন ছিল আরও এক মৃতদেহের বিহিত করার ভয়ানক ব্যাপারটা এড়ানো। বিশেষত এটা তো ব্যর্থ এক বিদ্রোহ এবং জিয়াউর রহমানের হত্যাকাণ্ডের জন্য আপাতদৃষ্টিতে দায়ী ব্যক্তির মৃতদেহ সৎকার করার ব্যাপার। স্পষ্টত, সেনাবাহিনী তাড়াতাড়ি মঞ্জুরের হিসাব চুকিয়ে দিয়েছিল আর তাদের এই নোংরা কাজ পরিষ্কারের ভার বেসামরিক প্রশাসনের ওপর ছেড়ে দিতে চেয়েছিল। আমি ডিআইজিকে বলেছিলাম, কোনোভাবেই ওতে আমাদের জড়িত হওয়া যাবে না। পরদিন সংবাদপত্রে মঞ্জুরের মৃত্যুর খবর প্রকাশিত হয়। ঢাকা থেকে পাঠানো সরকারি এক সংবাদ বিজ্ঞপ্তির বরাত দিয়ে প্রতিবেদনগুলোতে বলা হয়, ‘হাটহাজারী পুলিশ স্টেশন থেকে মঞ্জুরকে সেনানিবাসে নিয়ে যাওয়ার পথে বিক্ষুব্ধ সেনাদের গুলিতে তিনি মারা যান। এই গল্প আগাগোড়া বানানো। সেনানিবাসে নেওয়ার পথে মঞ্জুরকে হত্যা করা হয়নি। ১৯৮১ সালের ২ জুন সকালে সেনানিবাসের অভ্যন্তরে তাঁকে হত্যা করা হয়েছিল—ডিআইজিকে এমনটাই বলেছিলেন ব্রিগেডিয়ার আজিজ। অবশ্য ব্রিগেডিয়ার আজিজ বলেননি যে কিছু বিক্ষুব্ধ সেনার হাতে মঞ্জুরের মৃত্যু হয়। সত্যিকারে কেমনভাবে তিনি মারা পড়েন সেটাও তিনি তাঁকে বলেননি।কিছুদিন পর মঞ্জুর হত্যার আগের পরিস্থিতি আমার কাছে আরও স্পষ্ট করেন সেনাবাহিনীর এক চিকিৎসক। মাত্র কয়েক দিন আগে তিনি জিয়ার মৃতদেহ প্রস্তুত করেছিলেন। এবারও মঞ্জুরকে সমাধিস্থ করার আগে তাঁকেই মৃতদেহ প্রস্তুত (আঘাতের জায়গাগুলোতে ব্যান্ডেজ বাঁধার কাজ) করতে হয়েছিল। (সমাধিস্থল চিকিৎসকের অজানা, অন্তত আমাকে তিনি বলেননি কোথায় মঞ্জুরকে কবর দেওয়া হয়।)মঞ্জুরকে সেনানিবাসে আনার পর একজন জ্যেষ্ঠ সেনা কর্মকর্তা (একজন ব্রিগেডিয়ার) তাঁর কুঠুরিতে তাঁকে দেখতে যান (চিকিৎসক সেনা কর্মকর্তাটির নাম বলেননি)। জ্যেষ্ঠ কর্মকর্তাটির উদ্দেশ্য ছিল একটাই—মঞ্জুরকে শেষ করে দেওয়া। বলা হয়, তিনি ঢাকা থেকে এসেছিলেন এবং সেখানকার সেনা কর্মকর্তাকে বলেছিলেন, তিনি মঞ্জুরকে জিজ্ঞাসাবাদ করতে এসেছেন। তিনি ভেতরে ঢোকেন, পিস্তল বের করে মঞ্জুরকে গুলি করেন এবং বেরিয়ে যান—পুরো ঘটনাটি ঘটে পরিকল্পনামাফিক। চিকিৎসককে যখন আঘাতের স্থানে ব্যান্ডেজ বাঁধতে বলা হয় ততক্ষণে মঞ্জুর মারা গেছেন, একটি মাত্র গুলি তাঁর মাথা ভেদ করে চলে গেছে, অনেক বুলেটের চিহ্ন তাঁর গায়ে ছিল না। ভাষান্তর: আহসান হাবীব