মঞ্জুরের প্রচারে পাঁচ ছেলে সমন্বয়ে দ্বিতীয় ছেলে
চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে গতকাল বুধবার প্রার্থীদের প্রতীক বরাদ্দের সময় বিএনপি-সমর্থিত মেয়র পদপ্রার্থী এম মঞ্জুর আলম গণসংযোগে ব্যস্ত ছিলেন ছোটপুল ও ব্যাপারীপাড়ায়। তাঁর পক্ষে আনারস প্রতীক নেন তাঁর দ্বিতীয় ছেলে মো. সরওয়ার আলম। প্রতীক নেওয়ার পাশাপাশি সরওয়ার পিতার নির্বাচনসংক্রান্ত অনেক গুরুত্বপূর্ণ কাজ সমন্বয় করছেন। তাঁর অপর চার ভাই ও চাচারাও নেমেছেন গণসংযোগে।মঞ্জুরের পারিবারিক সূত্র জানায়, নির্বাচনে মঞ্জুরের পাঁচ ছেলে জোরেশোরে মাঠে নেমেছেন। প্রচারে অংশ নিতে তাঁদের দুজন ফারুক ও শাহেদুল চলে এসেছেন মালয়েশিয়া থেকে। বড় ছেলে নিজামুল আলম দেশে বাবার ব্যবসা দেখেন ও চতুর্থ ছেলে সাইফুল আলম কলেজে পড়েন। কিন্তু এখন সবাই ব্যস্ত মঞ্জুরের নির্বাচনী কাজে। নিজামুলকে বাকলিয়া ও চান্দগাঁও থানা এলাকায় প্রচারণার দায়িত্ব দেওয়া হয়েছে। ফারুক, সাইফুল ও শাহেদুল ভাগাভাগি করে নিয়েছেন অন্য আট থানায় নির্বাচনী প্রচারের দায়িত্ব। তাঁদের সহযোগিতা করছেন মঞ্জুরের ভাইয়েরা।সূত্র আরও জানায়, দুই মাস আগে অস্ট্রেলিয়া থেকে ফেরা সরওয়ার আলম নির্বাচনে মূল দায়িত্ব পালন করছেন। ভোটার তালিকা সমন্বয়, পোস্টার, প্রচারপত্র, ব্যানার ও স্টিকার ছাপানো এবং প্রতিটি ওয়ার্ডে তা পৌঁছানো, অনলাইনে বাবার পক্ষে ভোটারদের প্রশ্নের জবাব তৈরি, ওয়েবসাইটে প্রচারের দায়িত্ব পালন করছেন তিনি। মঞ্জুর প্রধান নির্বাচনী এজেন্ট ও মহানগর বিএনপির সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরী এ কাজগুলো সমন্বয় করছেন। সরওয়ার প্রথম আলোকে বলেন, ‘আমার বাবা ১৯৯৪ সাল থেকে সিটি নির্বাচনে তিনবার ও জাতীয় নির্বাচনে একবার প্রতিদ্বন্দ্বিতা করেন। কোনো নির্বাচনে আমি বাবাকে ভোট দিতে পারিনি। এবার ভোটার হিসেবে দায়িত্ব পালন করব।’মঞ্জুর তৃতীয় ছেলে ফারুক আজম বলেন, ‘আসলে আমার ভাই সরওয়ার বাবার নির্বাচনী কাজগুলো সমন্বয় করছেন। তাঁর নির্দেশনা অনুযায়ী আমরা কাজ শুরু করেছি। কাল-পরশুর মধ্যে আমরা মূল প্রচারে নামব।’সূত্র জানায়, আমীর খসরু ও খসরুর ভাই আমীর হুমায়ুন চৌধুরীর সঙ্গে সমন্বয় করে কাজ করছেন সরওয়ার। সরওয়ার বলেন, ‘আমরা পাঁচ ভাই ও চাচারা কাজ ভাগ করে নিয়েছি, যাতে নির্বাচনী প্রচারণায় কোনো ত্রুটি না থাকে।’ প্রতীক পেয়ে বদলে গেল প্রচার: বেলা ১১টায় আগ্রাবাদের ছোটপুল এলাকায় গণসংযোগে ব্যস্ত ছিলেন বিএনপি সমর্থিত চট্টগ্রাম উন্নয়ন আন্দোলনের প্রার্থী মঞ্জুর আলম। হঠাত্ মুঠোফোনে খবর আসে, তিনি আনারস প্রতীক পেয়েছেন। সঙ্গে সঙ্গে কর্মীরা রাস্তার পাশ থেকে দুটি আনারস কেনেন। বদলে গেল প্রচারের ধরন। আনারস উঁচু করে ধরে কর্মীরা এই প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানাতে লাগলেন। মঞ্জুর সকাল থেকে আগ্রাবাদ এলাকায় গণসংযোগ করেন। প্রথমে হেঁটে ও পরে পিকঅ্যাপ ভ্যানে চড়ে ভোট চান। তিনি আগ্রাবাদ বাস্তুহারা কলোনি এলাকায় পৌঁছালে বস্তিবাসীরা তাঁকে স্বাগত জানান। বিকেলে তিনি পিকআপ ভ্যানে করে মাদারবাড়ী এলাকায় গণসংযোগ করেন। সন্ধ্যায় তিনি রিকশা, টেম্পো ও সিএনজি অটোরিকশাচালকদের সঙ্গে মতবিনিময় করেন। সালাউদ্দিন কাদের চৌধুরীর সংবাদ সম্মেলন: বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরী দুপুরে সংবাদ সম্মেলনে চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে কারচুপির আশঙ্কা প্রকাশ করেছেন। নগরের গুডস হিলে নিজ বাসভবনে এই সংবাদ সম্মেলনে তিনি চট্টগ্রামের পুলিশ কমিশনারের প্রতি ইঙ্গিত করে বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর শীর্ষস্থানীয় কর্মকর্তার সঙ্গে মহিউদ্দিন চৌধুরীর নিবিড় সম্পর্ক রয়েছে। তাঁকে ভোট কেড়ে নেওয়ার জন্য দায়িত্ব দেওয়া হয়েছে। তাই তাঁকে দায়িত্ব থেকে নিষ্ক্রিয় করতে হবে।সালাউদ্দিন কাদের চৌধুরী বলেন, ‘আমরা নির্বাচন কমিশন ও সরকারকে সহযোগিতা করতে চাই। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নির্বাচনী প্রক্রিয়া ব্যাহত করার কাজে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িয়ে পড়লে রাজপথের দায়দায়িত্ব আমাদের নয়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ব্যবহার করে এ নির্বাচনে আমাদের নেতা-কর্মীদের মাঠে নামতে না দেওয়ার পরিকল্পনা করা হয়েছে।’