মঞ্জুরের বিরুদ্ধে বিএনপির একাংশের বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাবেক ভারপ্রাপ্ত মেয়র এম মঞ্জুর আলম মনজু চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে বিএনপির সমর্থন পাচ্ছেন। আজ বুধবার স্থানীয় বিএনপি তাঁকে আনুষ্ঠানিকভাবে সমর্থন দিতে পারে। তবে গতকাল মঙ্গলবার দুপুরে বিএনপি সমর্থক পেশাজীবীদের সংগঠন ‘চট্টগ্রাম উন্নয়ন আন্দোলন’ সংবাদ সম্মেলন করে মঞ্জুরকে মেয়র প্রার্থী ঘোষণা করে। এ সময় নগর বিএনপি, বিভিন্ন থানা ও ওয়ার্ড পর্যায়ের নেতা-কর্মী ও সমর্থকেরা উপস্থিত ছিলেন। এদিকে মঞ্জুরকে সমর্থন দেওয়ার প্রতিবাদে নগর বিএনপির একাংশ বিক্ষোভ সমাবেশ ও সংবাদ সম্মেলন করেছে। মঞ্জুর চট্টগ্রামে বিগত তত্ত্বাবধায়ক সরকারের সুবিধাভোগী হিসেবে পরিচিত।নাম প্রকাশে অনিচ্ছুক নগর বিএনপির একজন শীর্ষস্থানীয় নেতা জানান, দলের নগর কমিটির সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরী আজ বুধবার মঞ্জুরকে আনুষ্ঠানিক সমর্থন দিতে পারেন। দলীয় চেয়ারপারসনের নির্দেশে খসরু আজকের এক অনুষ্ঠানে এই সমর্থন দেবেন। যোগাযোগ করা হলে আমীর খসরু প্রথম আলোকে বলেন, ‘আমি ঢাকায় আছি। চট্টগ্রামে ফিরেই দলীয় নেতাদের সঙ্গে পরামর্শ করে মঞ্জুরকে সমর্থন দেব।’জানা গেছে, মঞ্জুর টানা ১৭ বছর আওয়ামী লীগ সমর্থিত ওয়ার্ড কাউন্সিলর। বিগত তত্ত্বাবধায়ক সরকারের আমলে মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরী গ্রেপ্তার হওয়ার পর তাঁর লিখিত পরামর্শে আওয়ামী লীগ সমর্থক হিসেবে ভারপ্রাপ্ত মেয়রের দায়িত্ব পান তিনি। কারাগার থেকে মেয়রের মুক্তির পর দুজনের মধ্যে দূরত্ব বাড়তে থাকে। গত সংসদ নির্বাচনে মঞ্জু আওয়ামী লীগ ও বিএনপি থেকে মনোনয়ন লাভের চেষ্টা করেন। কোনো দল থেকে মনোনয়ন না পেয়ে পরে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করে হেরে যান। বিএনপি সমর্থিত পেশাজীবী সংগঠন তাঁকে মেয়র পদে প্রার্থী ঘোষণার পর মঞ্জুর প্রথম আলোকে বলেন, ‘নির্বাচন করতে গেলে একটি প্লাটফর্ম লাগে। বিএনপি আমাকে সে প্লাটফর্ম দিয়েছে। আমি খালেদা জিয়ার কাছে দোয়া চাইতে গিয়েছি। তিনি আমাকে দোয়া করে দিয়েছেন।’ বিএনপির সমর্থন পাওয়ায় মঞ্জুরকে স্বাগত জানিয়ে মেয়র মহিউদ্দিন প্রথম আলোকে বলেন, ‘মঞ্জুর ভালো লোক, তাঁর দুই বছর করপোরেশন চালানোর অভিজ্ঞতা আছে। তিনি দীর্ঘদিনের নির্বাচিত কাউন্সিলর। তাঁর সঙ্গে ভালো প্রতিদ্বন্দ্বিতা হবে।’জানা গেছে, নির্বাচন সামনে রেখে বিএনপি সমর্থিত পেশাজীবী নেতারা ‘চট্টগ্রাম উন্নয়ন আন্দোলন’ নামের নতুন প্লাটফর্ম করেন। গতকাল সংবাদ সম্মেলনে চট্টগ্রাম উন্নয়ন আন্দোলনের আহ্বায়ক চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক আবুল কাশেম মঞ্জুরকে পরিচয় করিয়ে দেন। এ সময় মঞ্জুর বলেন, ‘নগরের সার্বিক উন্নয়নের লক্ষ্যে চট্টগ্রাম উন্নয়ন আন্দোলনের নেতারা আমাকে প্রার্থী হতে উৎসাহ দিয়েছেন। ২১ মে আমি চট্টগ্রাম নগর উন্নয়নের ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরব।’ সূত্র জানায়, গত রোববার রাতে ঢাকায় বিএনপির চেয়ারপারসন বেগম জিয়ার উপস্থিতিতে চট্টগ্রামের একাধিক শীর্ষস্থানীয় নেতা মঞ্জুরকে মেয়র প্রার্থী হিসেবে মনোনীত করেন। সোমবার রাতে চট্টগ্রামের নেতাদের সঙ্গে পরামর্শ করে দলীয় চেয়ারপারসন প্রার্থী চূড়ান্ত করার সিদ্ধান্ত নেন। এ সময় চেয়ারপারসন মঞ্জুরের সঙ্গেও কথা বলেন। মঞ্জুর বিপক্ষে সংবাদ সম্মেলন, বিক্ষোভ: গতকাল সকালে মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন পাঁচলাইশে নিজের চেম্বারে সংবাদ সম্মেলন করে অভিযোগ করেন, ‘মঞ্জুর বিএনপির কেউ নন। প্রার্থী নির্বাচনে নগর সভাপতি আমীর খসরু স্বৈরাচারী ও স্বেচ্ছাচারী মনোভাব দেখিয়েছেন। তিনি দলের শীর্ষ নেতৃত্বকে ভুল বুঝিয়েছেন।’ সংবাদ সম্মেলনে নগর বিএনপির সহসভাপতি দস্তগীর চৌধুরী উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলন শেষে শাহাদাৎ মেয়র পদে মনোনয়নপত্র সংগ্রহ করেন। শাহাদাতের অভিযোগ প্রসঙ্গে আমীর খসরু বলেন, পেশাজীবী সংগঠন চট্টগ্রাম উন্নয়ন আন্দোলন মঞ্জুরকে প্রার্থী ঘোষণা করেছে। ওই অনুষ্ঠানে বিএনপির সর্বস্তরের নেতা-কর্মী উপস্থিত ছিলেন। তিনি বলেন, আলাপ-আলোচনার মাধ্যমেই মঞ্জুর ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি দাবি করেন, জাতীয় নির্বাচনে মঞ্জু বিএনপির মনোনয়ন চেয়েছিলেন। সুতরাং তিনি বিএনপিতেই আছেন। এদিকে শাহাদাৎ ও দস্তগীর চৌধুরীর নেতৃত্বে গতকাল বিকেলে দলীয় কার্যালয় নাসিমন ভবনে বিএনপির একাংশ বিক্ষোভ সমাবেশ করেছে। তারা মঞ্জুরকে প্রার্থী দেওয়ার জন্য স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরী ও নগর বিএনপির সভাপতি আমীর খসরুকে দায়ী করেন। এ ছাড়া বিকেলে দলীয় কার্যালয়ের সামনে ছাত্রদল-যুবদলের কিছু কর্মী মঞ্জুর প্রার্থিতার বিপক্ষে মিছিল-সমাবেশ করেন। তাঁরা দলের কেন্দ্রীয় সহসভাপতি আবদুল্লাহ আল নোমানের অনুসারী বলে পরিচিত।নগর বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক এম এ সবুর বলেন, ‘বাইরের ভাড়া করা লোক প্রার্থী করিয়ে বিএনপি সাংগঠনিক দুর্বলতার পরিচয় দিয়েছে। এতে নেতা-কর্মীরা হতাশ ও ক্ষুব্ধ। মঞ্জুরের জয়-পরাজয়ের দায় সাকা-খসরুকে বহন করতে হবে।’