মঞ্জুরের সংকট বিএনপির অনৈক্য: সামাল দিতে খালেদার উদ্যোগ
সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদপ্রার্থী মোহাম্মদ মঞ্জুর আলমের জন্য এখনো বড় সংকট চট্টগ্রামে বিএনপির অনৈক্য। পরিস্থিতি সামাল দিতে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া নিজেই উদ্যোগ নিয়েছেন। মঞ্জুরের পক্ষে কাজ না করলে সংশ্লিষ্ট নেতাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে বিএনপির নেত্রী সবাইকে হুঁশিয়ার করেছেন।দলটির কেন্দ্রীয় ও স্থানীয় সূত্রগুলো জানায়, খালেদা জিয়া উদ্যোগী হওয়ার পর মঞ্জুর আলমের পক্ষে জামায়াতের প্রার্থী বসে গেছেন। কিন্তু বিএনপিকে এখনো ঐক্যবদ্ধভাবে মাঠে নামানো যায়নি। খালেদা জিয়ার নির্দেশে অনেক নেতা মাঠে নামলেও তাঁদের মধ্যে সমন্বয় নেই। অভিযোগ রয়েছে, চেয়ারপারসনের রোষানলে পড়ার ভয়ে কেউ কেউ লোকদেখানো মাঠে নেমেছেন। এ অবস্থায় স্থানীয় প্রভাবশালী নেতাদের ঐক্যবদ্ধ করতে ঢাকা থেকে একটি প্রতিনিধিদল পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে বিএনপি।চট্টগ্রাম বিএনপির অভ্যন্তরীণ কোন্দলের বিষয়ে প্রশ্ন করা হলে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রথম আলোকে বলেন, ‘আমাদের দলের মধ্যে কিছু সমস্যা আছে। সেগুলোর সমাধান হয়ে যাবে। চট্টগ্রাম বিএনপির শীর্ষ নেতারা সবাই মঞ্জুরের পক্ষে মাঠে নেমেছেন। চেয়ারপারসনও সেভাবে নির্দেশনা দিয়েছেন।’মঞ্জুর আলমের প্রধান নির্বাচনী এজেন্ট চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি দাবি করেন, বিএনপির নেতারা নিজ নিজ এলাকায় দিনরাত কাজ করছেন।সব নেতা ঐক্যবদ্ধভাবে নামবেন কি না, এ প্রশ্নের জবাবে আমীর খসরু মাহমুদ প্রথম আলোকে বলেন, ‘এসব আয়োজন করতে গেলে সময় নষ্ট। কাজেই আমরা আপাতত নিজ নিজ এলাকাতেই যে যার মতো প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছি।’চট্টগ্রাম মহানগরের চারটি আসনের বিএনপির বিভিন্ন সময়ে প্রার্থী ছিলেন দলের ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান, সাবেক পররাষ্ট্রমন্ত্রী এম মোরশেদ খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী ও শামসুল আলম। দলীয় সূত্রে জানা গেছে, খালেদা জিয়া এ চার নেতাকে সতর্ক করেছেন, গাফিলতির কারণে কারও নির্বাচনী এলাকায় মঞ্জুর আলম কম ভোট পেলে সংশ্লিষ্ট নেতার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি চট্টগ্রামে বিএনপির আরেক প্রভাবশালী নেতা ও দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরী, চেয়ারপারসনের উপদেষ্টা মীর মোহাম্মদ নাছিরউদ্দিন, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন, গিয়াসউদ্দিন কাদের চৌধুরী, সাবেক ভারপ্রাপ্ত মেয়র দস্তগীর চৌধুরীকেও একই রকম হুঁশিয়ারি এবং ঐক্যবদ্ধভাবে মঞ্জুরের পক্ষে কাজ করতে বলা হয়েছে।চট্টগ্রাম বিএনপির প্রভাবশালী এক নেতা জানান, চেয়ারপারসনের তাড়া খেয়ে বিএনপির নেতারা মঞ্জুরের পক্ষে কাজ শুরু করলেও তাঁদের মধ্যে কোনো সমন্বয় নেই। ওই নেতা বলেন, ‘চেয়ারপারসনের হুঁশিয়ারির কারণে আপাতত একটা কাজ হয়েছে। তা হলো, মঞ্জুরকে সবাই “মনে” না নিলেও মেনে নিয়েছেন।’মীর মোহাম্মদ নাছিরউদ্দিন প্রথম আলোকে বলেন, ‘সৌদি আরবে ছিলাম। তিন দিন আগে ফিরেছি। ম্যাডামের (খালেদা জিয়া) নির্দেশনা অনুযায়ী আমার লোকজনকে নিয়ে মঞ্জুরের পক্ষে কাজ শুরু করেছি।’ এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘চট্টগ্রামের নেতারা যে যাঁর মতো করে কাজ করছেন। শুনেছি, বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা চট্টগ্রামে আসবেন। তখন সমন্বয়ের মাধ্যমে কাজ শুরু করা হবে।’দস্তগীর চৌধুরী দাবি করেন, মঞ্জুরের মনোনয়ন নিয়ে স্থানীয় বিএনপির মধ্যে যে মতবিরোধ ছিল, তা অনেকটাই কেটে গেছে।গণসংযোগ: মঞ্জুর আলম গতকাল সোমবার সকাল থেকে নগরের হালিশহর, দক্ষিণ পাহাড়তলী ও সরাইপাড়া এলাকায় একটানা গণসংযোগ করেন। এ সময় তাঁর সঙ্গে ছিলেন আবদুল্লাহ আল নোমান, রাঙামাটি জেলা বিএনপির সভাপতি দীপেন দেওয়ান, জামায়াতের নেতা আফসার উদ্দিন চৌধুরী, জাতীয় পার্টির (মঞ্জু) নগর সভাপতি জাহাঙ্গীর আলম।এ ছাড়া চট্টগ্রাম মহানগর বিএনপির সহসভাপতি সামসুল আলম বাগমনিরাম, কাজীর দেউরি, ব্যাটারি গলি, গোল পাহাড় ও মেহেদীবাগ এলাকায় মঞ্জুর আলমের পক্ষে গণসংযোগ করেন।