মহিউদ্দিনের সমর্থনেও একজনের প্রত্যাহার
মঞ্জুরের সমর্থনে জামায়াতের প্রার্থিতা প্রত্যাহার
চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে মনোনয়নপত্র প্রত্যাহারের সর্বশেষ সময়ের ২৪ ঘণ্টা আগে গতকাল সোমবার মেয়র পদের প্রধান দুই প্রার্থীর সমর্থনে দুই প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। এ নিয়ে এ বি এম মহিউদ্দিন চৌধুরীর সমর্থনে তিনজন এবং এম মঞ্জুর আলমের সমর্থনে একজন মনোনয়নপত্র প্রত্যাহার করলেন। নির্বাচনী তফসিল অনুযায়ী আজ মঙ্গলবার প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন।নির্বাচন কমিশন সূত্র জানায়, মেয়র পদে বিএনপি সমর্থিত চট্টগ্রাম উন্নয়ন আন্দোলনের প্রার্থী এম মঞ্জুর আলমের সমর্থনে গতকাল মনোনয়নপত্র প্রত্যাহার করেন জামায়াতে ইসলামী সমর্থিত মেয়র পদপ্রার্থী আফসার উদ্দিন চৌধুরী। এদিকে আওয়ামী লীগ সমর্থিত নাগরিক কমিটির প্রার্থী এ বি এম মহিউদ্দিন চৌধুরীর সমর্থনে মনোনয়নপত্র প্রত্যাহার করেন রেজাউল করিম চৌধুরী। রেজাউল চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এবং নগর আওয়ামী লীগের রাজনীতিতে মহিউদ্দিনবিরোধী বলে পরিচিত সাংসদ নুরুল ইসলাম বিএসসির ঘনিষ্ঠ হিসেবে পরিচিত। এর আগে গত রোববার মহিউদ্দিনের সমর্থনে মনোনয়নপত্র প্রত্যাহার করেন আওয়ামী লীগের আরেক নেতা ও সাবেক সাংসদ ইসহাক মিয়া। জানা যায়, সিটি নির্বাচন সামনে রেখে চট্টগ্রামে আওয়ামী লীগের নেতাদের মধ্যকার বিরোধ মেটাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত বৃহস্পতিবার গণভবনে তাঁদের সঙ্গে বৈঠক করেন। বৈঠকের পর ইসহাক মিয়া ও রেজাউল মনোনয়নপত্র প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছিলেন।ইসলামী ফ্রন্ট সমর্থিত মেয়র পদপ্রার্থী এম সোলায়মান ফরিদও গত রোববার মহিউদ্দিনের সমর্থনে মনোনয়নপত্র প্রত্যাহার করেন। মনোনয়নপত্র প্রত্যাহারের পর তিনি নাগরিক কমিটির কার্যালয়ে গিয়ে মহিউদ্দিন চৌধুরীকে সমর্থন জানান।নির্বাচন কমিশন সূত্র জানায়, মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের পর মেয়র পদে ১৩ জন প্রার্থী ছিলেন। মহিউদ্দিনের সমর্থনে তিনজন ও মঞ্জুর আলমের সমর্থনে একজন প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করায় গতকাল পর্যন্ত মেয়র পদে প্রার্থী রইলেন নয়জন। সাধারণ ওয়ার্ড কাউন্সিলর পদে প্রার্থী রয়েছেন ৩০০ জন।