মঠবাড়িয়ায় ঘরবাড়ি ও ফসলের ক্ষয়ক্ষতি
ঘূর্ণিঝড় মহাসেনের প্রভাবে আজ বৃহস্পতিবার পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার বিভিন্ন ইউনিয়নের শতাধিক কাঁচা ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। কয়েক হাজার গাছ উপড়ে পড়েছে। রবিশস্যের ব্যাপক ক্ষতি হয়েছে। মাছের ঘের ও পুকুরের মাছ পানিতে ভেসে গেছে।ভোর পাঁচটার দিকে উপজেলায় প্রবল বর্ষণসহ ঝোড়ো হাওয়া শুরু হয়। প্রায় চার ঘণ্টা ধরে তা চলে। এ সময় উপজেলার সাপলেজা, আমড়াগাছিয়া, বেতমোর রাজপাড়া ও বড় মাছুয়া ইউনিয়নের শতাধিক কাঁচা ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। এলাকার কয়েক হাজার গাছপালা উপড়ে ও ভেঙে পড়েছে। উপকূলীয় এলাকায় রবিশস্যের ব্যাপক ক্ষতি হয়েছে। পানিতে মাছের ঘের ভেসে গেছে।মাঝের চর ও বেড়িবাঁধে বসবাসকারী পরিবারগুলোকে আশ্রয়কেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে। মাঝের চরের নারী ও শিশুদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।উপজেলার বড় মাছুয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবদুর রহমান খান জানান, বলেশ্বর নদের তীরবর্তী গ্রামগুলোর মানুষ আশ্রয়কেন্দ্র, শিক্ষাপ্রতিষ্ঠান, মসজিদ ও পাকা বাড়িতে আশ্রয় নিয়েছে। বেতমোর রাজপাড়া ইউপি চেয়ারম্যান এস এম ফেরদৌস জানান, ভারী বর্ষণের কারণে মাঝের চরে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এতে রবিশস্যের ব্যাপক ক্ষতি হয়েছে। চরের পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় পুরো চর জলমগ্ন হয়ে পড়েছে।উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আহসান হাবিব প্রথম আলো ডটকমকে জানান, দুর্যোগ মোকাবিলায় ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচির (সিপিপি) ৯০০ জন স্বেচ্ছাসেবক কাজ করছেন। লোকজনকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে। শুকনো খাবার ও শিশুখাদ্য মজুদ রাখা হয়েছে। ১৬টি মেডিকেল টিম গঠন করা হয়েছে।