মঠবাড়িয়া জিয়ানগরে সরকারি হাই স্কুল ও কলেজ নেই
পিরোজপুরের মঠবাড়িয়া ও জিয়ানগর উপজেলায় মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ে কোনো সরকারি শিক্ষাপ্রতিষ্ঠান নেই।জেলা প্রশাসন ও শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, পিরোজপুরের সবচেয়ে বড় আয়তনের উপজেলা মঠবাড়িয়া। এখানে চার লাখ লোকের বাস। এখানে সাতটি বেসরকারি কলেজ, ১১৫টি সরকারি প্রাথমিক বিদ্যালয়, ৮৩টি বেসরকারি রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয়, ৪৬টি মাধ্যমিক বিদ্যালয় ও ৪৭টি মাদ্রাসা রয়েছে। অন্যদিকে জিয়ানগর উপজেলায় এক লাখ লোকের বাস। জেলার সবচেয়ে ছোট আয়তনের উপজেলা এটি। এ উপজেলায় চারটি বেসরকারি কলেজ (এর মধ্যে তিনটি টেকনিক্যাল কলেজ), ১১টি মাধ্যমিক বিদ্যালয়, ১৮টি মাদ্রাসা, ৩৬টি প্রাথমিক বিদ্যালয়, ২৮টি রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয় ও চারটি কিন্ডারগার্টেন স্কুল রয়েছে।স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে অবকাঠামোগত সমস্যা ও শিক্ষক-সংকটের কারণে মানসম্মত পড়াশোনা হয় না। তার পরও এসব শিক্ষাপ্রতিষ্ঠানে সন্তানদের পড়াতে বাধ্য হচ্ছেন তাঁরা। মঠবাড়িয়া উপজেলার আরামবাগ এলাকার আলীম দুলাল বলেন, ‘মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকেরা ক্লাসে পাঠদানের চেয়ে প্রাইভেট পড়ানো নিয়ে বেশি ব্যস্ত থাকেন। মাধ্যমিক পর্যায়ে সরকারি বিদ্যালয় ও উচ্চমাধ্যমিকে সরকারি কলেজ হলে দরিদ্র শিক্ষার্থীরা মানসম্মত শিক্ষার সুযোগ পেত।’জিয়ানগর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বেলায়েত হোসেন বলেন, ‘এ উপজেলায় মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ে সরকারি শিক্ষাপ্রতিষ্ঠান না থাকায় শিক্ষার্থীরা পিছিয়ে পড়ছে, পাশাপাশি তারা অনেকেই উচ্চশিক্ষার প্রতিযোগিতায় টিকতে পারছে না।’জিয়ানগর ও মঠবাড়িয়ার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও অভিভাবকদের সঙ্গে কথা বলে জানা গেছে, প্রতিষ্ঠানের পরিচালনা কমিটি নিয়ে দ্বন্দ্ব, শিক্ষকদের মধ্যে দলাদলি, শিক্ষক-সংকট ও অবকাঠামোগত সমস্যার কারণে শিক্ষার্থীরা মানসম্মত শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে। তাঁরা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ে সরকারি শিক্ষাপ্রতিষ্ঠান নির্মাণের দাবি জানিয়েছেন।পিরোজপুরের জেলা প্রশাসক মো. রুহুল আমীন বলেন, ‘দরিদ্র শিক্ষার্থীসহ সব শিক্ষার্থী সরকারি বিদ্যালয়ে ভালো শিক্ষা নেওয়ার সুযোগ পাবে। এ চিন্তা মাথায় রেখেই মঠবাড়িয়া ও জিয়ানগরে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ে সরকারি শিক্ষাপ্রতিষ্ঠান নির্মাণের জন্য শিক্ষা মন্ত্রণালয়সহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে সুপারিশ পাঠানো হয়েছে।’পিরোজপুর-৩ (মঠবাড়িয়া-ভাণ্ডারিয়ার তেলিখালী) আসনের সাংসদ আনোয়ার হোসেন বলেন, ‘মঠবাড়িয়ায় মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ে একটি সরকারি প্রতিষ্ঠান করার জন্য জাতীয় সংসদে ’৭১ বিধিতে দাবি উত্থাপন করা হয়েছে। আশা করি, আমার দাবি অগ্রাধিকারের তালিকায় থাকবে।’