মঠবাড়িয়ায় সাবেক ইউপি চেয়ারম্যানসহ নয়জনের বিরুদ্ধে যুদ্ধাপরাধের মামলা
পিরোজপুরের মঠবাড়িয়ায় মুক্তিযুদ্ধ চলাকালীন ছয়জন হিন্দুকে হত্যা, তাঁদের বাড়িতে অগ্নিসংযোগ ও লুট এবং ধর্ষণের অভিযোগে বড়মাছুয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আমির হোসেন ওরফে আলীসহ নয়জনকে অভিযুক্ত করে যুদ্ধাপরাধের মামলা হয়েছে। আজ মঙ্গলবার বড়মাছুয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আবদুস সালাম মোল্লা বাদী হয়ে মঠবাড়িয়ার জ্যেষ্ঠ বিচারিক হাকিমের আদালতে মামলাটি করেন। বিচারক মো. কবির উদ্দিন প্রামাণিক মামলাটি গ্রহণ করে আন্তর্জাতিক যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালে পাঠানোর আদেশ দিয়েছেন।এই মামলার আসামিরা হলেন, বড়মাছুয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আমির হোসেন ওরফে আলী ও তাঁর তিন ভাই যথাক্রমে মোদাচ্ছের মৃধা (৭৫), নজরুল ইসলাম মৃধা (৭০), দেলোয়ার হোসেন মৃধা (৬১) এবং স্থানীয় আবুল হাসেন মোল্লা (৭৭), আজিজ খান (৫৯), মো. আমির হোসেন হাওলাদার (৬২), সেলিম মোল্লা (৫৬) ও লিয়াকত আলী (৫৮)।মামলার অভিযোগে বলা হয়েছে, আসামিরা সংঘবদ্ধ হয়ে ১৯৭১ সালে স্থানীয়ভাবে রাজাকার বাহিনী গঠন করে ৮ জুন সকালে বাদীর বাবার বাড়িতে অগ্নিসংযোগ করে এবং লুটপাট চালায়। এরপর আসামিরা গ্রামের হিন্দু ধর্মাবলম্বীদের বাড়িতে লুটপাট চালিয়ে ছয়জন হিন্দুকে আটক করে গ্রামের মোল্লাবাড়ীর পাশের খালের কাছে নিয়ে গুলি করে হত্যা করে। এ ঘটনায় কেষ্ট কুলু, রাজেন্দ্রনাথ কুলু, হরেন্দ্রনাথ বৈরাগী, রবীন্দ্রনাথ বৈরাগী, রাখাল মিস্ত্রি ও অম্বিনী বেপারী ঘটনাস্থলে শহীদ হন।এ ছাড়াও আসামিরা রাজপাড়া গ্রামে এক মুক্তিযোদ্ধার স্ত্রীকে ধর্ষণ করে। আসামিরা বড়মাছুয়া গ্রামের এমতাজ উদ্দিনের দুই ছেলে আমির হোসেন ও নুর মোহাম্মদকে কুড়াল দিয়ে কুপিয়ে নৃশংসভাবে হত্যা করে। উল্লেখ্য, মঠবাড়িয়ায় ৭১ সালে হত্যার ঘটনায় এ পর্যন্ত আদালতে দুইটি যুদ্ধাপরাধের মামলা দায়ের হয়েছে।