মঠের চূড়ায় গোলাপিকণ্ঠী টিয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শরীরের রং লাল-সবুজ। জাতীয় পতাকার রং বলে নয়, কথা বলতে পারার কারণেও টিয়া সবার প্রিয়। আরাকুল মঠে থাকে একঝাঁক গোলাপিকণ্ঠী টিয়া। মঠের ৫৪টি কোটরে বাসা বেঁধেছে ওরা। টিয়ারা থাকে বলে মঠটিকে সবাই ডাকে টিয়াবাড়ি। গাছগাছালিতে ভরা টিয়াবাড়ি। তেঁতুল, চালতা, কদম, তাল, আম, লিচু, বরই ও নারকেল—সব গাছেই ওদের অবাধ বিচরণ। টিয়াগুলো ঝাঁক বেঁধে মঠের চূড়ায় উড়ে বেড়ায়। এক গাছ থেকে অন্য গাছে গিয়ে বসে। খাবারের খোঁজে উড়ে যায় অনেক দূরের ধান, সরিষা কিংবা কোনো ফসলের মাঠে। এদের খুনসুটি, ওড়াউড়ি আর কলকাকলিতে মুখরিত পুরো আরাকুল গ্রাম।আরাকুল গ্রামটি ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের কোন্ডা ইউনিয়নে। এ গ্রামেই আকাশের দিকে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে মঠটি। মঠের উত্তরে আরাকুল সরকারি প্রাথমিক বিদ্যালয়। পশ্চিমে জিন্দাপীরের মাজার, পাশে মসজিদ ও ঈদগাহ। দক্ষিণে কবরস্থান। মঠের পাশ দিয়ে বয়ে গেছে নয়ামাটি খাল। মঠটি কবে নির্মিত হয়েছে, তা গ্রামবাসী বলতে পারে না। গায়ে শিলালিপি না থাকায় স্থানীয় মানুষের ভাষ্যই ভরসা। জনশ্রুতি আছে, জনৈক ঈশান দত্ত তাঁর মায়ের স্মৃতি ধরে রাখতে এই মঠ নির্মাণ করেন। একসময় পূজা হতো, এখন পরিত্যক্ত দেবোত্তর সম্পত্তি। সবুজে ঘেরা নিরিবিলি মঠটি এখন টিয়াদের অভয়াশ্রম।টিয়াবাড়িতে খেলা করছিল পঞ্চম শ্রেণীর ছাত্র অনন্ত ও সুজন। তারা জানায়, টিয়াগুলো সারাক্ষণ আসা-যাওয়ার মধ্যে থাকে। সকাল ও বিকেলবেলায় মঠের সব গর্তে টিয়াগুলো মাথা বের করে রাখে। একটা গর্তে দু-তিনটি টিয়াও দেখা যায়। ছয়-সাত মাস আগে পাঁচটি টিয়া ধরে খাঁচায় রেখেছিল ওরা। কথাও শিখিয়েছিল। ‘মিঠু’ বলতে পারত, শাওনকে ডাকত ‘ছাওন’। একদিন হঠাৎ টিয়াগুলো খাঁচা কেটে উড়ে যায়। বনের পাখি খাঁচায় রাখা অপরাধ—এটা জেনে এখন ওরা প্রতিজ্ঞা করেছে, আর কখনো পাখি ধরবে না, কাউকে ধরতেও দেবে না।টিয়াবাড়ির সবচেয়ে কাছের বাসিন্দা তিন সন্তানের জননী সেলিনা আক্তার ১২ বছর আগে বউ হয়ে এসেছেন এই গ্রামে। তিনি বলেন, ‘মাঝেমধ্যে ঘরের টিনের চালে এসে বসে টিয়াগুলো। কখনো গাছের ডালে মাথা নিচু করে ঝুলে থাকে। আবার যখন মন চায়, চলে যায়। দৃশ্যগুলো খুব সুন্দর। আমার বাচ্চারা কান্নাকাটি করলে টিয়া দেখিয়ে ছড়া বলি, ওরা শান্ত হয়ে যায়।’গোলাপিকণ্ঠী টিয়ার ইংরেজি নাম নর্দার্ন রোজ-রিংগড প্যারাকিট (Northern Rose-ringed Parakeet), বৈজ্ঞানিক নাম Psittacula Krameri।পাখিবিদ শরীফ খান বলেন, ‘গোলাপিকণ্ঠীই হচ্ছে আমাদের দেশীয় টিয়া। কথা বলতে পারে বলে জনপ্রিয় পাখি হিসেবে পাহাড়ি ময়নার পরের স্থান টিয়ার। সারা দেশেই কমবেশি টিয়া আছে। তবে সুন্দরবন ও এর আশপাশ এলাকায় এদের অবাধ বিচরণ। নিজেরা গর্ত করতে পারে না বলে গাছের প্রাকৃতিক খোঁড়ল, ভবনের কোটরে বাসা বেঁধে থাকে। গ্রামে এদের আবাসস্থল কমে যাওয়ায় টিয়াগুলো শহরমুখী হচ্ছে। ঢাকা শহরে প্রতি মৌসুমে কমপক্ষে ২০০ অস্থায়ী ডেরা বাঁধে ওরা। খাবারের সন্ধানে ঢাকার আশপাশে গাজীপুর, মুন্সিগঞ্জ ও নরসিংদী পর্যন্ত চলে যায়। সন্ধ্যায় আবার ঘরে ফেরে। আমাদের দেশে পাঁচ-সাত প্রজাতির টিয়ার দেখা মেলে। যেকোনো জায়গায় ঝুলতে বা দুলতে এদের জুড়ি নেই! ঠোঁটে ভয়ানক ধার! লোহার খাঁচা বাদে আর যেকেনো খাঁচাই কেটে উড়াল দিতে পারে। পা দুটোকে ঠিক হাতের মতোই ব্যবহার করতে জানে। ধান, গম, পাকা মরিচ, নানা রকম শস্যদানা, কামরাঙা, কুল, শিমুলের মধু ও সব ধরনের ফল টিয়ার প্রিয় খাবার। বাচ্চা ফোটায় বসন্ত থেকে গ্রীষ্মকালের মধ্যে। মাথা থেকে লেজ পর্যন্ত লম্বায় এরা ১৬ ইঞ্চি পর্যন্ত। মেলে দেওয়া অবস্থায় ডানা দুটোর দৈর্ঘ্য দাঁড়ায় ৫ দশমিক ৯ থেকে ৬ দশমিক ৯ ইঞ্চি পর্যন্ত। গলায় লাল রঙের বন্ধনী দেখে পুরুষ টিয়া চেনা যায়।’আরাকুলের মঠে বেশ ভালোই আছে টিয়াগুলো। দেখে প্রাণ ভরে যায়। বিকেল গড়িয়ে এলে আরাকুল মঠ ছেড়ে আসতে হয়। পেছনে পড়ে থাকে একঝাঁক স্বাধীন টিয়া।