মডেল রাহার লাশ উত্তোলনের নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নির্বাহী ম্যাজিস্ট্রেট শামিম বানুর উপস্থিতিতে লাক্স তারকা ও মডেল সুমাইয়া আজগার রাহার লাশ উত্তোলনের আদেশ দিয়েছেন আদালত। ঢাকার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আবুল ফজল আজ বুধবার এ আদেশ দেন। রাহার লাশের ময়নাতদন্ত করার জন্য তা কবর থেকে ওঠানোর জন্য গত সোমবার ঢাকার সিএমএম আদালতে আবেদন করা হয়। মোহাম্মদপুর থানার উপপরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে এই আবেদন করেন।আবেদনে বলা হয়, ২২ মার্চ রাতে রাহা তাঁর মোহাম্মদপুরের চাঁন মিয়া হাউজিংয়ের বাসায় ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দিয়ে মৃত্যুবরণ করেন। বিষয়টি রাহার বাবা সংশ্লিষ্ট থানাকে না জানিয়ে লাশ দাফন করেন। মৃত্যুর কারণ খুঁজে দেখতে লাশ আজিমপুর কবরস্থান থেকে উত্তোলন, একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটকে দিয়ে সুরতহাল প্রতিবেদন তৈরি এবং ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগের চিকিত্সক দ্বারা ময়নাতদন্ত করা প্রয়োজন।গত রোববার রাত সোয়া ১০টার দিকে রাহার বাবা আলী আজগার মোহাম্মদপুর থানায় একটি অপমৃত্যুর মামলা করেন। তাতে বলা হয়, রাহা শুক্রবার রাতে ঐশিক ও লামিয়া নামের দুই বন্ধুর সঙ্গে বাসায় ফেরেন। এ সময় শরীর খারাপ লাগছে বলে তাঁর মাকে জানান। মা তাঁকে লেবুর শরবত খেতে দেন। এরপর স্বাভাবিকভাবে ঘুমিয়ে পড়েন রাহা। পরদিন সকালে কোনো সাড়াশব্দ না পেয়ে তাঁরা দরজা ভেঙে দেখেন রাহা ফ্যানের সঙ্গে ঝুলে আত্মহত্যা করেছেন।২০০৭ সালে লাক্স তারকা প্রতিযোগিতায় সেরা দশে ছিলেন রাহা।