মডেল স্কুলের ক্লাস হয় অন্যের বাড়িতে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নড়াইলের লোহাগড়া উপজেলা সদরে অবস্থিত উপজেলার একমাত্র মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়। নাম লোহাগড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়। এই বিদ্যালয়ের ক্লাস চলে অন্যের বাড়িতে, খোলা আকাশের নিচে, ভাঙা টিনশেড ঘরের বারান্দায় এবং শ্রেণীকক্ষে দাঁড়িয়ে ও গাদাগাদি করে বসে।সরেজমিনে দেখা গেছে, শিশু শ্রেণীর ক্লাস হচ্ছে খোলা আকাশের নিচে। গাছতলার ছায়ায় শিশু শিক্ষার্থী ও তাদের অভিভাবকেরা একসঙ্গে বসেছেন। অভিভাবকেরাই নিজেদের ছেলেমেয়েদের পড়া মুখস্থ করাচ্ছেন। এখানে শিক্ষক নেই। অভিভাবক লাবণী খানম বলেন, ‘ছেলেমেয়েদের নিজেদেরই যদি পড়াতে হয়, তবে স্কুলে আসার দরকার কী? বাসায় ফ্যানের তলে বসে পড়াতাম।’ প্রধান শিক্ষক কোহিনুর পারভীন বলেন, শিক্ষকস্বল্পতার কারণে শিশু শ্রেণীতে শিক্ষক দিতে পারি না। অভিভাবকেরাই তাঁদের ছেলেমেয়েদের পড়ান।’চতুর্থ শ্রেণীর ক্লাস নিচ্ছেন সহকারী শিক্ষক শুক্লা কুণ্ডু। ভাঙা টিনশেড ঘরের বারান্দায় শিক্ষার্থীদের দুই ভাগ করে মুখোমুখি বসিয়ে ক্লাস চলছিল। পাশের ঘরের কক্ষে ক্লাস চলছে। মাঝে ভাঙা বেড়া। উভয় পাশেই শিক্ষার্থীদের চিৎকার ও গোলমাল। শ্রেণী শিক্ষক শুক্লা কুণ্ডু জানান, ব্লাকবোর্ড ও শিক্ষার উপকরণ টাঙানোর জায়গা নেই। শিক্ষার্থীরা অমনোযোগী হয়। মুখোমুখি করে বসানোর কারণে উভয় দিকে নজর রাখা কঠিন। শিক্ষার্থী রূপা পোদ্দার, আফিফ সাদিক, সাদমান সাকিব, মারিয়া জামান, ফারিয়া হাসানসহ অন্যরা জানায়, গায়ে রোদ পড়ে, ধুলাবালি ওড়ে। এখানে ক্লাস করতে ভালো লাগে না।একতলা ভবনের একটি কক্ষে তৃতীয় শ্রেণীর ক্লাস চলছিল। ক্লাসে ৯২ জন শিক্ষার্থী। প্রতিটি বেঞ্চে গাদাগাদি করে বসেছে শিক্ষার্থীরা। বসতে না পেরে অনেকেই দাঁড়িয়ে ক্লাস করছে। শ্রেণী শিক্ষক ফরিদা ইয়াসমিন জানান, পরীক্ষার সময় আরও সমস্যায় পড়তে হয়। গাদাগাদি করে বসালে পরীক্ষার পরিবেশ থাকে না। অভিভাবক ফেরদৌসী নিজাম ও কহিনুর বেগম জানান, পরীক্ষার সময় অনেককেই দেয়ালে খাতা রেখে লিখতে হয়েছে। বিদ্যালয় সূত্রে জানা গেছে, বিদ্যালয়ে বর্তমান শিক্ষার্থী ৭৫৯ জন। শিক্ষক ১২ জন। বিদ্যালয়ে দুটি একতলা ভবন ও একটি টিনশেড ঘর আছে। কক্ষ আছে নয়টি। পঞ্চম শ্রেণীতে তিনটি সেকশন। অন্য শ্রেণীগুলোতে দুটি করে সেকশন। একসঙ্গে ১২টি ক্লাস হয়। কক্ষ দরকার ১২টি। গত বছর সমাপনী পরীক্ষায় ১৩৬ জন পরীক্ষার্থীর মধ্যে ১২৬ জন পাস করেছে। প্রথম বিভাগ পেয়েছে ৯৯ জন। বৃত্তি পেয়েছে ২৯ জন। এর মধ্যে ট্যালেন্টপুলে ২১ জন।প্রধান শিক্ষক কোহিনুর পারভীন জানান, তিনটি ক্লাস বাইরে নিতে হয়। এর একটি পাশের এক বাড়িতে হয়। একটি বারান্দায় এবং আরেকটি খোলা আকাশের নিচে। প্রতিটি ক্লাসে ৭৫ জনের বেশি শিক্ষার্থী। এভাবে মানসম্মত শিক্ষা দেওয়া সম্ভব নয়। প্রতিটি ক্লাসে আরও অন্তত একটি করে সেকশন এবং আরও ছয়জন শিক্ষক দরকার। সংশ্লিষ্ট ক্লাস্টারের সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা চৌধুরী মো. আজিজুর রহমান বলেন, ‘এ বিদ্যালয়ে কক্ষ ও শিক্ষকসংকটের কারণে মডেল বিদ্যালয়ের মানসম্মত শিক্ষার পরিবেশ নেই। মডেল বিদ্যালয়ে শিক্ষক-শিক্ষার্থীর অনুপাত ৩০:১ থাকার কথা। সে অনুযায়ী কক্ষও থাকা দরকার।’উপজেলা শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. লৎফর রহমান বলেন, ‘এ বিদ্যালয়ে দ্বিতল ভবন করতে উপজেলা শিক্ষা কমিটিতে আলোচনা হয়েছে এবং এটা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়েছে। শিক্ষকের পদ মহাপরিচালকের দপ্তর থেকে সৃষ্টি করতে হবে।’