মণিপুর রাজ্যে ভোট গ্রহণ সম্পন্ন, সংঘর্ষে নিহত ৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের মণিপুর রাজ্যের বিধানসভা নির্বাচনে আজ শনিবার ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। এদিন রাজ্যের ৫৯টি আসনে ভোট গ্রহণ শান্তিপূর্ণভাবে হলেও একটি আসনে বিচ্ছিন্ন সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন।রাজ্যের চান্দেল জেলায় কয়েকজন লোক একটি ভোটকেন্দ্রে বুথ দখলের চেষ্টা করলে সংঘর্ষের সূত্রপাত হয়। এ সময় ক্রসফায়ারে পাঁচজন নিহত হন। নিহত ব্যক্তিদের মধ্যে তিনজন বেসামরিক লোক, সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সের (সিআরপিএফ) একজন জওয়ান ও একজন হামলাকারী রয়েছে। এ ঘটনায় সিআরপিএফের তিন জওয়ান আহত হয়েছেন। এর আগে গতকাল শুক্রবার উখরুল জেলায় দুর্বৃত্তদের হামলায় সিআরপিএফের দুই জওয়ান নিহত হন।সেনাপতি জেলায় কংগ্রেসের একজন প্রতিনিধিকে অপহরণ করা হয়েছে। আন্দ্রে ও টিপাইমুখের ভোটকেন্দ্রে সংঘর্ষ হয়েছে। অন্যান্য কেন্দ্রে কড়া নিরাপত্তার মধ্যে মোটামুটি শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে।মণিপুরের বিধানসভা নির্বাচনে ৬০টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন ২৭০ জন প্রার্থী। এর মধ্যে কংগ্রেসের ৬০ জন, তৃণমূল কংগ্রেসের ৪৭ জন, মণিপুর রাজ্য কংগ্রেস পার্টির ৩৮ জন, এনসিপির ২৩ জন এবং সংযুক্ত জনতা দলের ১৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। রাজ্যের আটটি জঙ্গি সংগঠন নির্বাচনে কংগ্রেসকে বর্জনের আহ্বান জানিয়েছে।ভারতে মণিপুরসহ পাঁচটি রাজ্যে বিধানসভা নির্বাচন হচ্ছে। অন্য চারটি রাজ্য হলো উত্তর প্রদেশ, পাঞ্জাব, উত্তরাখণ্ড ও গোয়া। নির্বাচন শেষ হবে ৩ মার্চ। এর মধ্যে ভারতের বৃহত্তম রাজ্য উত্তর প্রদেশে নির্বাচন হবে সাত দফায়। বাকি চারটি রাজ্যে পৃথক তারিখে এক দফায় ভোট গ্রহণ করা হবে। আগামী ৪ মার্চ একসঙ্গে পাঁচটি রাজ্যের ভোট গণনা করা হবে।