মণিপুরী থিয়েটারের বিষু উৎসব
‘গানে গানে তব বন্ধন যাক টুটে’ স্লোগান নিয়ে মণিপুরী থিয়েটারের আয়োজনে দুই দিনের বিষু উৎসব হলো কমলগঞ্জে। গতকাল শুক্রবার ছিল উৎসবের সমাপনী। ঘোড়ামারা উন্মুক্ত প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় এ উৎসব।মণিপুরী থিয়েটারের শিল্পী শর্মিলী সিনহা, জ্যোতি সিনহা, শুক্লা সিনহা বিষ্ণুপ্রিয়া মণিপুরি ভাষায় বৈশাখ বরণের গান গেয়ে অনুষ্ঠান শুরু করেন। শুভাশিস সমীরের সঞ্চালনায় পরবর্তীকালে কবিতা আবৃত্তির ফাঁকে ফাঁকে চলে শুভেচ্ছা বক্তব্য। অনুষ্ঠানে আকমল হোসেন, সত্যজিৎ সিংহ ও সাজ্জাদুল হক কবিতা আবৃত্তি করেন। এর পরই মৃদঙ্গচলোম পরিবেশন করেন বিশাল সিংহ। সুনীতি সিনহার নজরুলসংগীতের সুরে বিষ্ণুপ্রিয়া মণিপুরি ভাষায় পুরোনো বছরকে বিদায় এবং নতুন বছরকে বরণ করে নেওয়ার গান। এ ছাড়া ছিল কীর্তনিয়া কিশোরগঞ্জের গোপাল চন্দ্র মোদক ও তাঁর দলের পরিবেশনায় রামায়ণ গান। সবশেষে মণিপুরী থিয়েটারের পরিবেশনায় নাটক দেবতার গ্রাস পরিবেশন করা হয়।