মত প্রকাশের স্বাধীনতা ক্ষুণ্ন করছে সরকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দৈনিক ‘আমার দেশ’ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানকে গ্রেপ্তারের মাধ্যমে সরকার মত প্রকাশের স্বাধীনতা ক্ষুণ্ন করেছে বলে অভিযোগ করেছেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) একাংশের সভাপতি রুহুল আমিন গাজী। আজ সোমবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে এক গণ-অনশন কর্মসূচিতে রুহুল আমিন গাজী এ অভিযোগ করেন। জাতীয় প্রেসক্লাবের সামনের সড়ক বন্ধ করে এই কর্মসূচি পালন করায় আশপাশের সড়কগুলোতে তীব্র যানজটের সৃষ্টি হয়।মাহমুদুর রহমানের মুক্তি ও ‘আমার দেশ’-এর ছাপাখানা খুলে দেওয়ার দাবিতে বেলা ১১টা থেকে দুইটা পর্যন্ত এ গণ-অনশন কর্মসূচি চলে। বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) একাংশ ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) একাংশের উদ্যোগে এই কর্মসূচি পালন করা হয়। এতে সভাপতিত্ব করেন রুহুল আমিন গাজী।রুহুল আমিন গাজী বলেন, ‘বর্তমান সরকার আবার বাকশাল কায়েম করার চেষ্টায় লিপ্ত রয়েছে। সংবাদপত্রের স্বাধীনতায় হস্তক্ষেপ করছে। এরই মধ্যে “আমার দেশ” পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানকে গ্রেপ্তার করে পত্রিকাটির প্রেস বন্ধ করে দেওয়া হয়েছে। এর মাধ্যমে সরকার মত প্রকাশের স্বাধীনতা ক্ষুণ্ন করছে।’বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী পাখির মতো গুলি করে মানুষ হত্যা করছেন অভিযোগ করে রুহুল আমিন গাজী বলেন, এই স্বরাষ্ট্রমন্ত্রী একজন নিরপরাধ ব্যক্তিকে গ্রেপ্তার করলেও সাগর-রুনিসহ কোনো সাংবাদিক হত্যায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার করতে ব্যর্থ হয়েছেন। মাহমুদুর রহমানকে মুক্তি না দিলে লাগাতার আন্দোলন চালিয়ে যাওয়ার হুমকি দেন তিনি।এর আগে জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি শওকত মাহমুদ বলেন, ‘মাহমুদুর রহমানের মুক্তি ও “আমার দেশ” পত্রিকার প্রেস খুলে দেওয়ার দাবিতে সাংবাদিকদের আন্দোলন সরকারের পতনের মধ্যে দিয়ে শেষ হবে।’মানববন্ধন শেষে কাল মঙ্গলবার বেলা ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে সমাবেশ ও বিক্ষোভ মিছিলের কর্মসূচি ঘোষণা করা হয়।বিরোধী কণ্ঠ রোধ করতে মাহমুদুর গ্রেপ্তার: মোশাররফএই গণ-অনশন কর্মসূচিতে একাত্মতা প্রকাশ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন অভিযোগ করেন, বিরোধী কণ্ঠ রোধ করতে মাহমুদুর রহমানকে গ্রেপ্তার এবং ‘আমার দেশ’ পত্রিকা বন্ধ করা হয়েছে।খন্দকার মোশাররফ হোসেন বলেন, এই সরকারের আচরণ স্বৈরাচারী ও ফ্যাসিস্ট। তারা ক্ষমতা পাকাপোক্ত করতে বিরোধী দলের নেতা-কর্মীদের গ্রেপ্তার করছে। তাঁদের ওপর হামলা, মামলা ও নির্যাতন চালাচ্ছে। সরকার বিরোধী কণ্ঠ রোধ করতে ‘আমার দেশ’ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানকে গ্রেপ্তার করে পত্রিকাটি বন্ধ করে দিয়েছে। তিনি অবিলম্বে মাহমুদুর রহমানের মুক্তির দাবি জানিয়ে ‘আমার দেশ’ পত্রিকার ছাপাখানা খুলে দেওয়ার আহ্বান জানান।