মতপার্থক্য থাকলে টিকফা চুক্তি সই হবে না
কোনো ধরনের মতপার্থক্য থাকলে যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রস্তাবিত বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা ফোরাম চুক্তি (টিকফা) সই করবে না বাংলাদেশ।পররাষ্ট্রসচিব মোহাম্মদ মিজারুল কায়েস আজ শনিবার সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এ কথা বলেছেন। তিনি এদিন রাষ্ট্রীয় অতিথি ভবন ‘ফরেন সার্ভিস ক্লাব ফ্যামিলিস’ আয়োজিত মিনা বাজার উদ্বোধনের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। মিজারুল কায়েস বলেন, ‘আমরা চুক্তি সই করতে চাই। তবে কোনো ধরনের মতপার্থক্য থাকলে আমরা চুক্তিটি স্বাক্ষর করতে পারব না।’ তিনি আশা প্রকাশ করেন, সব ধরনের মতপার্থক্যের অবসান ঘটিয়েই যুক্তরাষ্ট্রের সঙ্গে টিকফা সই করতে পারবে বাংলাদেশ। টিকফার খসড়ায় থাকা কয়েকটি বিষয়ে বাংলাদেশের আপত্তির কথা যুক্তরাষ্ট্রের কাছে জানানো হয়েছে বলে সাংবাদিকদের কাছে উল্লেখ করেন পররাষ্ট্রসচিব। এ চুক্তিটি সইয়ের জন্য যুক্তরাষ্ট্র পুনরায় আলোচনায় ফিরতে রাজি হওয়ায় আশাবাদ ব্যক্ত করেন তিনি। চার বছর ধরে এই চুক্তির বিষয়ে আলোচনা চললেও মূলত শ্রমমানের কয়েকটি বিষয়ে ঐকমত্য না হওয়ায় এতে ছেদ পড়ে।পররাষ্ট্রসচিব গত জুলাইতে তাঁর দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মন্তব্য করেছিলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে টিকফা সইয়ে অচলাবস্থার জন্য বাংলাদেশ দায়ী নয়। এ বিষয়ে আলোচনার জন্য বাংলাদেশ সব সময় তৈরি। এরপর গত বুধবার ওয়াশিংটনে পররাষ্ট্রমন্ত্রী দীপু মনির সঙ্গে এক বৈঠকে টিকফা আলোচনা পুনরায় শুরু করার আগ্রহ দেখিয়েছেন সহকারী মার্কিন পররাষ্ট্রমন্ত্রী উইলিয়াম জে বার্নস ও যুক্তরাষ্ট্রের দক্ষিণ এশিয়ায় বাণিজ্যবিষয়ক সহকারী প্রতিনিধি মাইকেল ডিলানি।