যুক্তরাষ্ট্রে নির্মিত ‘ইনোসেন্স অব মুসলিমস’ শিরোনামের বিতর্কিত চলচ্চিত্রকে ঘিরে বিক্ষোভের ঝড় উঠেছে মুসলিম বিশ্বে। কিন্তু মুসলিমদের ধর্মীয় চেতনায় তীব্রভাবে আঘাত করলেও যুক্তরাষ্ট্র ওই চলচ্চিত্রের নির্মাতা বা কলাকুশলীদের বিরুদ্ধে কোনো শাস্তিমূলক ব্যবস্থা নিতে পারবে না বলে জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন। চলচ্চিত্রটির প্রতিক্রিয়া নিয়ে দুঃখ প্রকাশ করলেও যুক্তরাষ্ট্রের সংবিধানে মতপ্রকাশের স্বাধীনতা সংরক্ষিত থাকায় কোনো পদক্ষেপ নেওয়া সম্ভব নয় বলে মন্তব্য করেন তিনি।
হিলারি ক্লিনটন বলেছেন, ‘আমি জানি, অনেকের জন্য এটি মেনে নেওয়া কষ্টকর যে, এ ধরনের ভিডিও জনসম্মুখে প্রকাশের আগেই কেন যুক্তরাষ্ট্র সরকার এর বিরুদ্ধে ব্যবস্থা নেয় না। বর্তমান প্রযুক্তির যুগে এমনটা করা একেবারেই সম্ভব নয়। আর ঐতিহ্যগতভাবে মতপ্রকাশের স্বাধীনতা আমাদের দেশের সংবিধান ও আইনে গভীরভাবে সংরক্ষিত আছে। অনেকের চিন্তা-চেতনায় যতই আঘাত করুক না কেন, আমরা কোনো নাগরিককে স্বাধীন মতপ্রকাশের অধিকার থেকে বঞ্চিত করতে পারি না।’ এ বিষয়ে কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া সম্ভব নয় বলে জানিয়েছে দেশটির বিচার বিভাগও। মার্কিন অভিজ্ঞজনদের মতামত, কোনো নাগরিকের স্বাধীন মতপ্রকাশের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া সম্ভব নয়। যুক্তরাষ্ট্রের সংবিধানের প্রথম সংশোধনীতে স্পষ্টভাবেই বলা আছে, ‘মতপ্রকাশের স্বাধীনতা বাধাগ্রস্ত করে কোনো আইন প্রণয়ন করতে পারবে না মার্কিন কংগ্রেস।’ এ প্রসঙ্গে ইউনির্ভাসিটি অব ক্যালিফোর্নিয়ার শিক্ষক এগুইনে ভলোক বলেছেন, ‘স্বাধীন মতপ্রকাশের অধিকার সবার রয়েছে। এটি সালমান রুশদির ক্ষেত্রে যেমন প্রযোজ্য, তেমনি সাউথ পার্কের পরিচালকের জন্যও প্রযোজ্য। একইভাবে ওই চলচ্চিত্রের নির্মাতাদের ক্ষেত্রেও প্রযোজ্য। সহিংসতাকে উসকে দেয় এমন কাজ প্রতিহত করা যায়। কিন্তু এটি সহিংসতার পক্ষে নয়। এটি মূলত ধর্মকে সমালোচনা করার উদ্দেশ্যে নির্মিত ব্যঙ্গচিত্র।’ চলচ্চিত্রটির পরিচালক সম্পর্কে সুনিদিষ্টভাবে কিছু জানা না গেলেও ক্যালিফোর্নিয়ার ৫৫ বছর বয়সী নাগরিক স্যাম বাসিল নিজেকে এর পরিচালক বলে দাবি করেন। এ ছাড়া অন্য দুজন মার্কিন নাগরিক নিজেদের ওয়েবসাইটে এর প্রচারণা চালিয়েছিলেন। তাঁদের একজন হলেন খ্রিষ্টীয় চরমপন্থী যাজক টেরি জোনস এবং অন্যজন ওয়াশিংটনের আইনজীবী মরিস সাদেক। একদল নতুন কলাকুশলীর সহায়তায় খুবই কাঁচা ও অদক্ষ হাতে নির্মাণ করা হয়েছে ‘ইনোসেন্স অব মুসলিমস’ নামের বিতর্কিত চলচ্চিত্রটি।বাসিলের নির্মিত এ চলচ্চিত্রের প্রতিবাদে লিবিয়ার বেনগাজিতে বিক্ষোভের শিকার হয়ে মারা গেছেন সেখানে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূতসহ চারজন। মুসলিম বিশ্বের অন্যত্রও প্রতিবাদের ঝড় উঠেছে। অবশ্য যুক্তরাষ্ট্র সরকারের দাবি, আল-কায়দার সঙ্গে সংশ্লিষ্ট কোনো চরমপন্থী গোষ্ঠী পরিকল্পনামাফিক এই বিশৃঙ্খলা সৃষ্টি করছে। প্রথমে চলচ্চিত্রটি যুক্তরাষ্ট্রের থিয়েটারে প্রদর্শিত হলেও পরবর্তী সময়ে আরবিতে ডাবিং করে এটি ইন্টারনেটে ছেড়ে দেওয়া হয়। মুহূর্তের মধ্যেই প্রতিবাদের ঝড় উঠে কায়রোতে। এরপর মধ্যপ্রাচ্যসহ উত্তর আফ্রিকার দেশগুলোতে ছড়িয়ে পড়ে এ বিক্ষোভ। এই চলচ্চিত্রের সঙ্গে জড়িত একজন কুশলী স্টিভেন ক্লেইন যুক্তরাষ্ট্রের নাগরিকদের হত্যার জন্য নিজেকে দায়ী মনে করেন না। এ প্রসঙ্গে সিএনএনকে তিনি বলেন, ‘রাষ্ট্রদূতসহ কোনো নাগরিককে আমি হত্যা করিনি। প্রত্যক্ষভাবে যারা হত্যায় জড়িত ছিল, তারাই এ জন্য দায়ী।’