মতবিনিময় সভায় মত দিলেন না কেউ
টাঙ্গাইলে মতবিনিময় সভায় সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের জন্য নির্বাচন কমিশনার (ইসি) মো. জাবেদ আলী আজ রোববার উপস্থিত সবার মতামত জানতে চান। তিনি সবার সহযোগিতা কামনা করেন। কিন্তু এ সময় কেউ কথা বলতে আগ্রহ দেখাননি। সভায় অংশ নেওয়া একাধিক ব্যক্তি নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘এই নির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেয়েছেন শহিদুল ইসলাম। আবার বিদ্রোহী প্রার্থী হয়েছেন টাঙ্গাইলের প্রভাবশালী খান পরিবারের সন্তান আমানুর রহমান খান। কী বলব, কে আবার কী মনে করবে, আবার কোন ঝামেলায় পড়ব। তাই কোনো মতামত ব্যক্ত করিনি। চুপচাপ বসে ছিলাম।’সমাপনী বক্তব্যে নির্বাচন কমিশনার জাবেদ আলী বলেন, টাঙ্গাইল-৩ আসনের উপনির্বাচনে ভোটাররা যাতে নির্ভয়ে ভোট দিতে পারেন, তার সব ব্যবস্থা নেওয়া হবে। ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে প্রয়োজনে বেশি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হবে। নির্বাচনে সেনাবাহিনী মোতায়েন করা হবে কি না? এ প্রশ্নের জবাবে ইসি জাবেদ আলী সাংবাদিকদের বলেন, ‘প্রয়োজন না থাকলে অপ্রয়োজনে কোনো কিছু ব্যবহার করলে এর শেষ ভালো হয় না।’ মতবিনিময় সভায় টাঙ্গাইলের পুলিশ সুপার এ কে এম হাফিজ আক্তার, জেলা নির্বাচন কর্মকর্তা মো, আলীমুজ্জামান, ঘাটাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো, কামাল হোসেন ও র্যাবের টাঙ্গাইলের কোম্পানি কমান্ডার সহকারী পুলিশ সুপার মো. মিজানুর রহমান নির্বাচনে তাঁদের নিজ নিজ বিভাগের নেওয়া পদক্ষেপ তুলে ধরেন।