মতামতের ভিত্তিতেই অনলাইন নীতিমালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, ‘খসড়া নীতিমালা খসড়াই। খসড়ার কোনো দাম নেই। আলোচনা ছাড়া কোনো নীতিমালা চূড়ান্ত করা হবে না। সবার মতামতের আলোকেই অনলাইন নীতিমালা চূড়ান্ত করা হবে।’ আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের আর সি মজুমদার মিলনায়তনে ‘অনলাইন গণমাধ্যম পরিচালনা (খসড়া) নীতিমালা-২০১২: পর্যালোচনা ও মূল্যায়ন’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ এই সেমিনারের আয়োজন করে। সেমিনারের মূল প্রবন্ধ উপস্থাপন করেন গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের প্রভাষক মোহাম্মদ সাইফুল আলম চৌধুরী ও সাইফুল হক। হাসানুল হক ইনু বলেন, আইন আর নীতিমালা এক জিনিস নয়। গণতন্ত্রের আয়না হচ্ছে গণমাধ্যম। যারা গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাস করে, তারা এই আয়নায় সব ঠিক করে নেয়। মহাজোট সরকার আলোচনা ছাড়া কোনো নীতিমালা করবে না। তথ্যমন্ত্রী বলেন, নীতিমালার জন্য স্টেকহোল্ডারদের নিয়ে কমিটি গঠন করা হয়েছে। এটি হবে অনলাইন-বান্ধব, যা সত্য তথ্য দিতে সহায়তা করবে। হাসানুল হক ইনু বলেন, ‘গণমাধ্যম ও রাষ্ট্র বা সরকার—এই দ্বন্দ্ব চিরদিন থাকবে। তার পরও আমাদের চলতে হবে। তথ্য কিন্তু পণ্য নয়; তথ্য হচ্ছে সামাজিক বিষয়। তথ্য কেনাবেচা করা যায় না। তথ্য নিয়ে কাজ করতে হলে সামাজিক ও রাষ্ট্রীয় দায়বদ্ধতা থেকে কাজ করতে হয়। সঠিক তথ্য সরবরাহ করাও চ্যালেঞ্জ।’মন্ত্রী ঢাকা বিশ্ববিদ্যালয় গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগকে অনলাইনের একটি খসড়া নীতিমালা দেওয়ার আমন্ত্রণ জানান। এই খসড়া নীতিমালা অনলাইন নীতিমালা প্রণয়নে গুরুত্ব দেওয়া হবে বলে উল্লেখ করেন তিনি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, প্রত্যেক নাগরিকের অধিকার আছে তার মত প্রকাশ করার; তবে নাগরিকের মত প্রকাশ যেন কোনো ব্যক্তি, গোষ্ঠী বা দলীয় স্বার্থে ব্যবহার করা না হয়। তথ্য প্রকাশ করার সময় তা যাচাই-বাছাই করতে হবে। অনলাইন নিয়ন্ত্রণ করা সরকারের উচিত হবে না। সংবাদপত্র ও সাংবাদিকতায় স্বাধীনতা থাকবে। উপাচার্য বলেন, ‘আমরা একটি সমন্বিত অনলাইন নীতিমালা চাই, যা অনলাইন গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করবে না; কিন্তু বস্তুনিষ্ঠ তথ্য পরিবেশন নিশ্চিত করবে।’ গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক কাবেরী গায়েন বলেন, খসড়া নীতিমালায় যেসব শর্ত জুড়ে দেওয়া হয়েছে, তা কোনোভাবেই অনলাইন-বান্ধব নয়। অনলাইনের মাধ্যমে বক্তব্য প্রকাশের যে দ্বার উন্মোচিত হয়েছে, তা রুদ্ধ করবে এ ধরনের নীতিমালা। তাই একটি সমন্বিত ও সহায়ক নীতিমালা প্রয়োজন। সেমিনারের শুরুতে প্রখ্যাত সাংবাদিক আতাউস সামাদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারপারসন আকতার সুলতানা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।