মতিঝিল আইডিয়াল স্কুলের সেই শিক্ষক সাময়িকভাবে বরখাস্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছাত্র নির্যাতনের অভিযোগে মতিঝিল আইডিয়াল স্কুল ও কলেজের শিক্ষক মো. রিয়াজুল করিমকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। শিক্ষা মন্ত্রণালয় এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের নির্দেশে আজ মঙ্গলবার স্কুল কর্তৃপক্ষ এ সিদ্ধান্ত নিয়েছে।জানতে চাইলে প্রতিষ্ঠানটির অধ্যক্ষ শাহান আরা বেগম প্রথম আলোর কাছে বিষয়টি নিশ্চিত করেছেন।এর আগে পত্রিকায় খবর পড়ে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক নোমান-উর রশীদকে নির্দেশ দেন। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের দুই কর্মকর্তা বিষয়টি তদন্ত করতে মতিঝিল আইডিয়াল স্কুল ও কলেজে যান। ঘটনার সত্যতা পেয়ে তাঁরা ওই শিক্ষককে সাময়িকভাবে বরখাস্ত করার সিদ্ধান্ত নেন।প্রসঙ্গত, আজ প্রথম আলোয় ‘মতিঝিল আইডিয়াল স্কুল: ছাত্রকে পিটিয়ে হাসপাতালে পাঠালেন শিক্ষক’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। প্রতিবেদন বলা হয়, ওই শিক্ষাপ্রতিষ্ঠানের সপ্তম শ্রেণীর এক ছাত্রকে স্কুলের শিক্ষক মো. রিয়াজুল করিম শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ উঠেছে। নির্যাতনের শিকার ছাত্রটি এখন জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের তত্ত্বাবধানে রয়েছে। অভিযুক্ত শিক্ষক বলেন, ‘ছাত্রটি স্কুলে টুপি আনতে প্রায়ই ভুলে যায়। ক্লাস চলার সময় কথা বলে এবং বাড়ির কাজ করে না। স্কুল থেকে বের করে দেওয়া হবে ভেবে সে ভয়ে অসুস্থ হয়ে যেতে পারে।’ রিয়াজুল করিম ক্লাসের পুরো সময় ছাত্রটিকে গালিগালাজ করেন বলেও অভিযোগ আছে। ছাত্রটির মা-বাবার অভিযোগ, ওই শিক্ষকের কাছে প্রাইভেট পড়তে না পাঠানোয় তিনি ক্লাসে ওই ছাত্রকে প্রায়ই বকাবকি করতেন।