ছাত্র নির্যাতনের অভিযোগে মতিঝিল আইডিয়াল স্কুল ও কলেজের শিক্ষক মো. রিয়াজুল করিমকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। শিক্ষা মন্ত্রণালয় এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) নির্দেশে আজ মঙ্গলবার বিদ্যালয় কর্তৃপক্ষ এই সিদ্ধান্ত নেয়।মতিঝিল আইডিয়াল স্কুল ও কলেজের অধ্যক্ষ শাহান আরা বেগম বিষয়টি নিশ্চিত করেছেন।রিয়াজুল করিম বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর এক ছাত্রকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ উঠেছে। এ নিয়ে আজ প্রথম আলোয় একটি প্রতিবেদন প্রকাশিত হয়। প্রতিবেদন পড়ে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে মাউশির মহাপরিচালক নোমান-উর রশীদকে নির্দেশ দেন। এরপর মহাপরিচালকের নির্দেশে মাউশির উপপরিচালক (মাধ্যমিক) সাধন কুমার বিশ্বাস, সহকারী পরিচালক (কলেজ-৪) আবদুল কুদ্দুস চৌধুরী ও সহকারী জেলা শিক্ষা কর্মকর্তা মো. শামসুল হক খান আইডিয়াল স্কুলে গিয়ে বিষয়টি তদন্ত করেন। ওই ছাত্রের মা-বাবা দুজনই চাকরিজীবী হওয়ায় তাঁরা টেলিফোনে ছাত্রের বাবার সঙ্গে যোগাযোগ করেন এবং ছাত্রটির খোঁজখবর নেন। তদন্ত দলের অনুরোধে ছাত্রটির বাবা পরে অধিদপ্তরে গিয়ে তাঁদের সঙ্গে কথা বলেন।ছাত্রটির বাবা প্রথম আলোকে বলেন, তদন্ত দলের কাছে তিনি অভিযোগের বিষয়ে বক্তব্য দিয়েছেন।মাউশির উপপরিচালক সাধন কুমার বিশ্বাস প্রথম আলোকে বলেন, ‘প্রাথমিক তদন্তে নির্যাতনের অভিযোগের সত্যতা পাওয়া গেছে।’