মতিঝিলমুখী হেফাজত (ভিডিও)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা অবরোধ কর্মসূচির অংশ হিসেবে হেফাজতে ইসলামের নেতা-কর্মীরা এখন মতিঝিলের শাপলা চত্বরের দিকে রওনা হয়েছেন। সেখানে আজ রোববার বেলা তিনটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত সংগঠনটির সমাবেশ হবে। ১৩ দফা দাবিতে হেফাজতে ইসলামের ঢাকা অবরোধ কর্মসূচি আজ ভোরে শুরু হয়। ঢাকায় প্রবেশের পথগুলোতে হেফাজতের কর্মীরা অবস্থান নেন। এ সময় তাঁরা কাউকে গাড়ি নিয়ে ঢাকায় ঢুকতে বা ঢাকা থেকে বেরোতে দেননি। ফলে দেশের অন্য জেলাগুলোর সঙ্গে ঢাকার যোগাযোগ কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়ে। গাবতলী: আমিনবাজার, গাবতলী, মিরপুর মাজার রোড এলাকায় অবস্থানরত হেফাজতে ইসলামের নেতা-কর্মীরা আজ বেলা একটার দিকে মতিঝিলের উদ্দেশে রওনা হন। এর আগে আজ সকালে রাজধানীর মোহাম্মদপুর, আদাবর, মিরপুর, সাভার, মানিকগঞ্জ ও আশপাশের এলাকা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে গাবতলী থেকে বলিয়াপুর পর্যন্ত সড়কে অবস্থান নেন তাঁরা। বলিয়াপুরে ঢাকার বাইরে থেকে আসা যানবাহন আটকে দেওয়া হয়। ফলে হাজার হাজার যাত্রী দুর্ভোগে পড়ে। তারা বলিয়াপুর থেকে হেঁটে ঢাকার উদ্দেশে রওনা হয়। গাবতলী থেকে ঢাকার বাইরে কোনো যানবাহন যেতে দেননি হেফাজতের নেতা-কর্মীরা। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গাড়ি, গণমাধ্যমকর্মীদের গাড়ি, সাভারের উদ্ধারকাজে অংশ নেওয়া বিভিন্ন যানবাহন, অ্যাম্বুলেন্স—এসব গাড়ি চলাচলে বাধা দেওয়া হয়নি। রিকশা চলাচল করেছে। অবরোধের সময় গাবতলী থেকে বলিয়াপুর পর্যন্ত বিভিন্ন স্থানে সমাবেশ ও মিছিল করেছেন হেফাজতের নেতা-কর্মীরা। তাঁদের হাতে ছিল লাঠি ও জাতীয় পতাকা। বাধার মুখে পুলিশ বহনকারী একটি বাস সকাল সাতটার দিকে বাবুবাজার রোড হয়ে গাবতলীতে প্রবেশের চেষ্টা করলে সেখানে হেফাজতের কর্মীরা বাধা দেন। হেফাজতের শত শত কর্মী মুহূর্তের মধ্যে বাসটি ঘিরে ফেলেন এবং পুলিশকে বাস থেকে নেমে যাওয়ার আহ্বান জানান। পুলিশ সদস্যরা জানান, তাঁরা মূলত টহলের জন্য রাজধানীতে প্রবেশ করছিলেন। আলোচনার মাধ্যমে দুই পক্ষের মধ্যে রফা হলে হেফাজতের কর্মীরা পুলিশ বহনকারী বাসটি ছেড়ে দেন।কেরানীগঞ্জ: বেলা একটার দিকে বুড়িগঙ্গা প্রথম ও দ্বিতীয় সেতু পার হয়ে মতিঝিলের দিকে রওনা হন হেফাজতের নেতা-কর্মীরা। এর আগে সকাল ছয়টা থেকে বুড়িগঙ্গা প্রথম ও দ্বিতীয় সেতুতে হেফাজতে ইসলামের কর্মী-সমর্থকেরা অবরোধ সৃষ্টি করে ঢাকার পথে সব ধরনের যান চলাচল বন্ধ করে দেন। এতে ঢাকার সঙ্গে কেরানীগঞ্জ, দোহার, নবাবগঞ্জ, মুন্সিগঞ্জ, ফরিদপুর, খুলনাসহ দক্ষিণাঞ্চলের সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যায়। এদিকে, সকাল সাতটার পর কেরানীগঞ্জের বিভিন্ন মসজিদ ও মাদ্রাসা থেকে হেফাজতের কর্মী-সমর্থকেরা মিছিল নিয়ে বুড়িগঙ্গা দ্বিতীয় সেতুসংলগ্ন কদমতলী মোড় এলাকায় জড়ো হতে থাকেন। সেখানে অবরোধের পাশাপাশি একটি অস্থায়ী মঞ্চ করে সমাবেশ করেন হেফাজতের নেতারা।বেলা পৌনে ১১টার দিকে পুলিশের ব্যারিকেড ভেঙে হেফাজতের কয়েক শ কর্মী-সমর্থক ঢাকার দিকে অগ্রসর হন। কাঁচপুর: আজ ভোরে হেফাজতে ইসলামের নেতা-কর্মীরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সাইনবোর্ড থেকে কাঁচপুর ব্রিজ পর্যন্ত এলাকায় অবস্থান নেন। সকাল সাড়ে ১০টা নাগাদ হেফাজতের নেতা-কর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে ঢাকার দিকে এগোতে থাকেন। উত্তরা-টঙ্গী: মতিঝিলের শাপলা চত্বরের সমাবেশে যোগ দেওয়ার জন্য উত্তরার আবদুল্লাহপুর থেকে হেফাজতে ইসলামের নেতা-কর্মীরা দুপুর ১২টার পর থেকে ঢাকায় প্রবেশ করতে শুরু করেন। এর আগে ভোরেই রাজধানীর উত্তরার আজমপুর থেকে টঙ্গীর গাজীপুরা এলাকা পর্যন্ত অবস্থান নিয়ে ঢাকা অবরোধ করেন হেফাজতে ইসলামের কর্মী-সমর্থকেরা। অবরোধকারীরা আবদুল্লাহপুরের খন্দকার সিএনজি স্টেশনের কাছে অস্থায়ী মঞ্চ করেন। সকাল নয়টার দিকে হেফাজতে ইসলামের গাজীপুর জেলা আমির মুফতি মাসউদুল করিম মঞ্চে বক্তব্য দেন। তিনি বলেন, ১৩ দফা দাবি না মানা পর্যন্ত অবরোধ চলবে। সরকারকে সব দাবি মেনে নিতে হবে। এরপর হেফাজতে ইসলামের অন্যান্য নেতা বক্তব্য দেন। তাঁরা বলেন, ১৩ দফা না মানলে দাবি হবে এক দফা—বাংলাদেশে ইসলামি শাসন কায়েম। অবরোধের কারণে ওই এলাকায় সব ধরনের যান চলাচল বন্ধ থাকে।