মতিঝিলে আর যত্রতত্র পার্কিং নয়
রাজধানীর দৈনিক ইত্তেফাক মোড় থেকে মতিঝিল, বাংলাদেশ ব্যাংক, দৈনিক বাংলা মোড় হয়ে পল্টন পর্যন্ত সড়কের অনির্ধারিত স্থানে গাড়ি পার্কিং করা যাবে না। যেসব ভবনে গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা আছে ওই সব স্থানেই যাতে গাড়ি পার্কিং করা হয়, সে ব্যাপারে এক মাসের মধ্যে ব্যবস্থা নেওয়ার জন্য রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষকে (রাজউক) নির্দেশ দেওয়া হয়েছে। আজ বুধবার রাজধানীতে সড়ক ভবনে ঢাকা মহানগরের যানজট নিরসনে গঠিত সমন্বয় ও পর্যবেক্ষণ কমিটির সভায় যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের এ নির্দেশ দেন।এ ছাড়া আজকের সভায় রাজধানীর সদরঘাট থেকে গাবতলী পর্যন্ত বাঁধের ওপর থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ, ফল বিক্রির ভ্রাম্যমাণ দোকান বন্ধে এক মাসের মধ্যে ব্যবস্থা নিতে ঢাকার জেলা প্রশাসককে (ডিসি) নির্দেশ দেওয়া হয়েছে। সভায় জানানো হয়, আগামী মার্চ থেকে এপ্রিলে বিআরটিসির ২৯০টি বাস আসবে। রাজধানীতে যানজটের অন্যতম কারণ ব্যক্তিগত গাড়ি ও অন্যান্য ছোট পরিবহনে করে শিক্ষার্থীদের স্কুলে আসা-যাওয়া। এ কারণে এসব গাড়ির একটি বড় অংশ রাজধানীর বিদ্যালয়গুলোকে দেওয়া হবে, যাতে তারা শিক্ষার্থীদের আনা-নেওয়ার কাজ করতে পারে। এ ব্যাপারে মন্ত্রী নিজে বিদ্যালয়ে গিয়ে প্রশাসন, শিক্ষক ও শিক্ষার্থীদের উত্সাহিত করবেন।এ ছাড়া রাজধানীর সিদ্ধেশ্বরীতে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজে ছাত্রী আনা-নেওয়ার জন্য আগত গাড়িগুলো বেজমেন্টে রাখার বিষয়ে ১৫ দিনের মধ্যে ব্যবস্থা নিতে ডিসিকে নির্দেশ দেওয়া হয়েছে।সভায় বলা হয়, রাজধানীর জিরো পয়েন্ট থেকে প্রেসক্লাব, শাহবাগ, ফার্মগেট, মহাখালী হয়ে বনানী পর্যন্ত ফুটওভার ব্রিজগুলো ব্যবহারের উপযুক্ত কি না, তা তিন মাসের মধ্যে পরীক্ষা করে দেখার নির্দেশ দেওয়া হয়েছে। এরপর প্রয়োজনে মোবাইল কোর্টের মাধ্যমে সাধারণ যাত্রীদের সেগুলো ব্যবহারে ব্যবস্থা নেওয়ারও নির্দেশ দেওয়া হয়।আজকের এ সভায় জেলা প্রশাসন, রাজউক, ঢাকা সিটি করপোরেশন ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।