মতিঝিলে কালকের হরতাল প্রত্যাহার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কাল মঙ্গলবার রাজধানীর মতিঝিল এলাকায় সকাল ছয়টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত পুঁজিবাজারের বিনিয়োগকারীদের ডাকা হরতাল প্রত্যাহার করে নিয়েছে বাংলাদেশ পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদ।আজ সোমবার রাতে পুলিশ প্রশাসনের অনুরোধের পরিপ্রেক্ষিতে এই হরতাল প্রত্যাহার করা হয় বলে জানা গেছে।বাংলাদেশ পুজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদের সাংগঠনিক সম্পাদক শাহাদাত উল্লাহ ফিরোজ প্রথম আলো অনলাইনকে জানান, পুলিশ প্রশাসনের অনুরোধে আগামীকালের হরতাল প্রত্যাহার করা হয়েছে। হরতাল দেওয়ার অভিযোগে আটক নেতাদের পুলিশ ছেড়ে দেওয়ার আশ্বাস দিয়েছে বলেও জানিয়েছেন তিনি।এর আগে, আজ সংগঠনটির জ্যেষ্ঠ সহসভাপতি সেলিম চৌধুরী এই হরতালের ডাক দেন। শেয়ারবাজারে অব্যাহত দরপতনের প্রতিবাদে সংগঠনটি এই হরতালের ডাক দেয়।পুজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদের পক্ষ থেকে সংগঠনটির সভাপতি মিজান-উর-রশীদ চৌধুরী বলেছিলেন, ইত্তেফাক মোড় থেকে দৈনিক বাংলা মোড়, নটরডেম কলেজের সামনের সড়ক ও দিলকুশা এলাকায় এই হরতাল পালন করা হবে।এদিকে হরতাল ঘোষণা দেওয়ার অভিযোগে বাংলাদেশ পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদের চার নেতাসহ আটজনকে আটক করে পুলিশ। আজ সোমবার বিকেলে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সামনে থেকে তাঁদের আটক করা হয়।মতিঝিল থানার অপারেশন অফিসার বি এম ফরমান আলী পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদের নেতাসহ আটজনকে আটক করার কথা সাংবাদিকদের জানান। তিনি বলেন, ‘হরতাল ডাকার অভিযোগে তাঁদের আটক করা হয়েছে। তাঁদের থানায় নিয়ে যাওয়া হয়েছে।’আটক হওয়া ব্যক্তিরা হলেন বাংলাদেশ পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদের সভাপতি মিজান-উর-রশীদ চৌধুরী, সহসভাপতি সেলিম চৌধুরী, সাধারণ সম্পাদক আবদুর রাজ্জাক, আন্তর্জাতিক-বিষয়ক সম্পাদক আতাউল¬াহ নাঈম, আবদুল মান্নান, আবদুল হান্নান, নুরুল হক ও আবু সুফিয়ান।প্রত্যক্ষদর্শীরা জানান, বিনিয়োগকারীদের বিক্ষোভ চলাকালে বিকেল পাঁচটার দিকে ডিএসইর সামনের সড়কে অভিযান চালায় পুলিশ। অতর্কিতভাবে লাঠিপেটা করে বিক্ষোভরত বিনিয়োগকারীদের ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। এ সময় বেশ কিছু বিনিয়োগকারী ও পথচারী পুলিশের লাঠিপেটার শিকার হন।এ দিকে বিনিয়োগকারী ঐক্য পরিষদের নেতাদের আটকের প্রতিবাদ জানান সংগঠনটির সাংগঠনিক সম্পাদক শাহাদাত উল্লাহ ফিরোজ। তিনি অভিযোগ করে বলেন, বিনিয়োগকারীদের শান্তিপূর্ণ আন্দোলন নস্যাত্ করার লক্ষ্যে সরকার তাঁদের নেতাদের আটক করেছে। তিনি আটক নেতাদের মুক্তির দাবি করেন।