মতিঝিলে জামায়াত-শিবির-পুলিশ সংঘর্ষ, আটক ৮
রাজধানীর মতিঝিলে আজ বৃহস্পতিবার জামায়াতে ইসলামী ও দলটির ছাত্র সংগঠন ইসলামী ছাত্রশিবিরের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে। পুলিশ এ ঘটনায় জামায়াত ও শিবিরের আটজন কর্মীকে আটক করে বলে ডেইলি স্টার অনলাইনে প্রকাশিত খবরে জানানো হয়।মতিঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হায়াত-উজ-জামানের বরাত দিয়ে ডেইলি স্টার জানায়, সকাল সোয়া নয়টার দিকে জামায়াত ও শিবিরের অন্তত ৪০০ কর্মী মতিঝিল এলাকায় একটি মিছিল বের করেন। তাঁরা এ সময় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আটক জামায়াতের নেতাদেরসহ বিভিন্ন সময় আটক দলীয় নেতাদের মুক্তির দাবিতে স্লোগান দেন। মিছিলের কারণে যানচলাচলে বিঘ্ন ঘটায় পুলিশ আরামবাগে নটর ডেম কলেজের সামনে মিছিলে বাধা দেয়। একপর্যায়ে মিছিলকারীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছুড়তে থাকে। পরিস্থিতি শান্ত করতে পুলিশ তাঁদের লাঠিপেটা করে। পুলিশ এ ঘটনায় আটজনকে আটক করে মতিঝিল থানায় নিয়ে গেছে। প্রত্যক্ষদর্শীরা জানায়, এ সময় অন্তত ১৫ জন আহত হন। এতে ওই পথে প্রায় আধা ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল।