মতিঝিলে জোড়া খুন, দয়াগঞ্জে আইনজীবীকে হত্যা
রাজধানীতে পৃথক ঘটনায় তিনজন খুন হয়েছেন। এর মধ্যে গতকাল মঙ্গলবার সকালে মতিঝিলের ইনার সার্কুলার রোডে বাসের টিকিট কাউন্টারে ঢুকে কাউন্টারের পিয়ন ইলিয়াস কাঞ্চনকে (১৫) জবাই ও ব্যবসায়ী আবু সুফিয়ানকে (৩০) শ্বাসরোধে হত্যা করে ঘাতকেরা। এ ছাড়া গত সোমবার রাতে দয়াগঞ্জ রেললাইনের পাশে আইনজীবী আবদুল্লাহ আল ফারুককে (৪০) ছুরিকাঘাতে হত্যা করা হয়।পুলিশসহ একাধিক সূত্র জানায়, গতকাল সকালে পুলিশ ইনার সার্কুলার রোডে ইডেন কমপ্লেক্সের সৌদিয়া এস আলম এয়ারকনের কাউন্টারের কলাপসিবল গেটের তালা ভেঙে মেঝে থেকে পিয়ন ইলিয়াস ও ব্যবসায়ী আবু সুফিয়ানের লাশ উদ্ধার করে। ঘটনাস্থল থেকে রক্তমাখা একটি ছুরি ও গামছা উদ্ধার করা হয়। পরে লাশ দুটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়। কাউন্টার থেকে দুটি মোবাইল ফোনসেট ও আট হাজার টাকা খোয়া গেছে।সৌদিয়া এস আলমের টিকিট বিক্রয়কর্মী মনিরুজ্জামান বলেন, সকাল পৌনে সাতটার দিকে তিনি এসে দেখেন, শাটার নামানো। কলাপসিবল গেটের ফাঁকা স্থান দিয়ে হাত ঢুকিয়ে কাচের দরজা ফাঁক করে তিনি দেখেন, ইলিয়াস উপুড় হয়ে এবং অন্যজন কাত হয়ে পড়ে আছেন। পরে তাঁদের ঊর্ধ্বতন কর্মকর্তা ও থানায় বিষয়টি জানানো হয়। পরে মতিঝিল থানার পুলিশ লাশ দুটি উদ্ধার করে। পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) ঘটনাস্থল থেকে আঙুলের ছাপ সংগ্রহ করেছে। র্যাব ঘটনাস্থল থেকে কাউন্টারের হিসাবরক্ষক শাখাওয়াত হোসেন ও পিয়ন নজরুল ইসলামকে আটক করে।কাউন্টারের বিপণন ব্যবস্থাপক খালেদ খান বলেন, রাত পৌনে একটার দিকে ইলিয়াসকে দিয়ে তালা লাগিয়ে চাবি তাঁর কাছে দেওয়া হয়। ইলিয়াস রাতের পালার কাজ শেষে সকালবেলা কাউন্টারের দোতলায় থাকত। কর্মকর্তারা হত্যাকাণ্ডের কারণ সম্পর্কে নিশ্চিত করে কিছু জানাতে পারেননি।মতিঝিল থানার অপারেশনাল কর্মকর্তা মামুন আর রশীদ বলেন, খোঁজ নিয়ে জানা গেছে, নিহত সুফিয়ানের চাচাতো ভাইয়ের সঙ্গে তাঁদের কাউন্টারের পিয়ন ইলিয়াস ক্রিকেট খেলত। এর সূত্র ধরেই ইলিয়াসের সঙ্গে সুফিয়ানের পরিচয়। এ কারণে ইলিয়াসের কাছে তাঁর আসা-যাওয়া ছিল। ফুলবাড়িয়ার স্কয়ার সুপার মার্কেটে সুফিয়ানের একটি দোকান আছে। তিনি আরামবাগ এলাকায় থাকতেন। ব্যবসা করতে গিয়ে তিনি ব্যাংক ও বিভিন্ন মানুষের কাছে ঋণগ্রস্ত হয়ে পড়েন। এতে পাওনাদারেরা তাঁর ওপর ক্ষিপ্ত ছিল। মনে হচ্ছে, রাতে সুফিয়ানের সঙ্গে পূর্বপরিচিত ব্যক্তিরা কাউন্টারে ঢোকে। তারাই সুফিয়ানকে শ্বাসরোধে হত্যা করে। সুফিয়ানকে খুন করতে দেখে ফেলায় খুনিরা ঘটনার সাক্ষী ইলিয়াসকে কুপিয়ে ও জবাই করে খুন করে। পরে ইলিয়াসের কাছ থেকে চাবি নিয়ে কলাপসিবল গেটে বাইরে থেকে তালা মেরে পালিয়ে যায় ঘাতকেরা।মতিঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফাজ্জল হোসেন বলেন, জোড়া খুনের এই ঘটনা রহস্যঘেরা। অচিরেই হত্যার কারণ ও উদ্দেশ্য উদ্ঘাটন করা সম্ভব হবে।আমাদের নোয়াখালী প্রতিনিধি জানান, সুফিয়ানকে ধরিয়ে দিতে ১৬ মার্চ নোয়াখালীর বিভিন্ন স্থানে পোস্টার সাঁটানো হয়েছে পুরান ঢাকার নবাবপুর রোডের প্রতিষ্ঠান চৌধুরী এন্টারপ্রাইজের নামে। পোস্টারে বলা হয়, আবু সুফিয়ান নোয়াখালীর সেনবাগ উপজেলার বাতাকান্দি গ্রামের বাসিন্দা অর্জুনতলা ইউপির সাবেক চেয়ারম্যান মাওলানা আবদুল ওহাবের ভাতিজা। চৌধুরী এন্টারপ্রাইজের মালিক মোতাহার হোসেন চৌধুরী (শিপু) এবং মেসার্স কর্ণফুলী সেন্টারের মালিক মো. হোসেনের কাছ থেকে মোটা অঙ্কের টাকা আত্মসাত্ করে সুফিয়ান দীর্ঘদিন পলাতক আছেন। যদি কোনো সচেতন ব্যক্তি এই প্রতারক সুফিয়ানকে ধরিয়ে দিতে পারেন, তাহলে তাঁকে উপযুক্ত সম্মান করা হবে।জানা গেছে, সুফিয়ানের স্ত্রী ও সন্তান গ্রামের বাড়িতে থাকত। তাঁর বাবার নাম আবদুর রব।নিহত ইলিয়াসের চাচা খোরশেদ আলম ও চাচি গতকাল দুপুরে হাসপাতাল মর্গে যান। তাঁরা জানান, ইলিয়াস স্থানীয় একটি স্কুলে দশম শ্রেণীতে পড়ত। পড়াশোনার টাকা জোগাড় করতে চার মাস আগে সে পিয়নের চাকরি নিয়েছিল। তার গ্রামের বাড়ি চাঁদপুরের মতলবের মরাধনে।আইনজীবী খুন: সোমবার রাতে পুলিশ দয়াগঞ্জ রেললাইনের পাশ থেকে আইনজীবী আবদুল্লাহ আল ফারুকের লাশ উদ্ধার করে। তাঁর ঊরুতে ছুরিকাঘাতের চিহ্ন আছে।পুলিশ ও নিহতের পারিবারিক সূত্র জানায়, ফারুক সপরিবারে শ্যামপুরের পান্থ আবাসিক এলাকায় থাকতেন। তিনি মুন্সিগঞ্জের জজ আদালতের আইনজীবী। সোমবার সন্ধ্যায় তিনি বাসা থেকে বেরিয়ে দৈনিক বাংলার মোড়ে একজন আইনজীবীর সঙ্গে দেখা করতে যান। সেখান থেকে তিনি ফোনে স্ত্রীকে বাসায় ফিরছেন বলে জানান। রাত সাড়ে ১০টার দিকে যাত্রাবাড়ী থানার পুলিশ দয়াগঞ্জ রেললাইনের পাশ থেকে তাঁকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। স্বজনেরা রাত একটার পর হাসপাতাল মর্গে গিয়ে ফারুকের লাশ শনাক্ত করে।নিহত ফারুকের শ্যালক ওয়াহিদুজ্জামান মর্গে সাংবাদিকদের বলেন, রাতে ফারুক তাঁর স্ত্রীর মুঠোফোনে যোগাযোগ করেন। এ সময় শুধু তাঁর গোঙানির শব্দ পাওয়া যায়। পরে তাঁরা ফারুকের সন্ধানে বের হন।যাত্রাবাড়ী থানার ওসি মনিরুজ্জামান বলেন, নিহতের স্ত্রী তাহরিমা খাতুন বাদী হয়ে এ ব্যাপারে অজ্ঞাতনামা লোকজনকে আসামি করে থানায় হত্যা মামলা করেছেন। তিনি মনে করেন, ছিনতাইকারীর ছুরিকাঘাতে কিংবা পূর্বশত্রুতার জের ধরে ফারুক খুন হয়েছেন।ফারুকের গ্রামের বাড়ি ঝিনাইদহের শৈলকুপায়। তাঁর বাবার নাম রওশন আলী। আবির নামে তাঁর দেড় বছরের একটি সন্তান আছে।