মতিঝিলে পুলিশ ও জামায়াতের কর্মীদের সংঘর্ষে আহত ৭, আটক ৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর মতিঝিল শাপলা চত্বরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মিছিল থেকে পাঁচজনকে আটক করেছে মতিঝিল থানা পুলিশ। এ সময় পুলিশের সঙ্গে জামায়াতের কর্মীদের সংঘর্ষে অন্তত সাতজন আহত হন।প্রত্যক্ষদর্শী, পুলিশ ও জামায়াত সূত্রে জানা গেছে, আজ বৃহস্পতিবার বেলা দুইটার দিকে দৈনিক বাংলা মোড় থেকে জামায়াতের একটি মিছিল বের হয়। সাংসদ হামিদুর রহমান আযাদের নেতৃত্বে মিছিলে তিন শতাধিক মানুষ অংশ নেয়। মিছিলটি শাপলা চত্বরে গিয়ে শেষ হয়। সাংসদ আযাদ সেখানে সংক্ষিপ্ত বক্তব্য দেন। এর পরপরই পুলিশের কয়েকজন সদস্য ঘটনাস্থলে আসে এবং আযাদকে ঘিরে ফেলে।পুলিশ সদস্যরা আযাদকে গ্রেপ্তার করে নিয়ে যেতে চাইলে জামায়াতের কর্মীরা পুলিশের সঙ্গে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েন। পুলিশের সঙ্গে তাঁদের হাতাহাতি শুরু হলে আযাদ ঘটনাস্থল থেকে চলে যান।জামায়াতের কর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল, ফুটপাতের বিক্রেতাদের জুতা-স্যান্ডেল ও ফল নিক্ষেপ করে। এ সময় পুলিশের দুই সদস্যসহ অন্তত সাতজন আহত হন বলে জানা গেছে।মতিঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফাজ্জল হোসেন প্রথম আলোকে বলেন, ঘটনাস্থল থেকে পাঁচজনকে আটক করা হয়েছে। তাঁদের জিজ্ঞাসাবাদ করে যাচাই-বাছাই করা হচ্ছে। এ বিষয়ে মামলা করা হবে বলে তিনি জানান। তিনি বলেন, দুই থেকে তিন শ লোকের মিছিলটি মতিঝিলে আসার পর পুলিশের সঙ্গে জামায়াতের কর্মীদের সংঘর্ষ হয়। এ সময় দুই পুলিশের দুই সদস্য আহত হন।