মতিঝিলে পুলিশ নিহত, পাল্টা গুলিতে সন্ত্রাসীর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীতে এক সন্ত্রাসীর গুলিতে পুলিশ কনস্টেবল মঞ্জুরুল ইসলাম (২৫) নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত একটার দিকে মতিঝিল এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশের পাল্টা গুলিতে মারা গেছেন ওই সন্ত্রাসী। পুলিশের মতিঝিল বিভাগের সহকারী পুলিশ কমিশনার মারুফ হোসেন প্রথম আলোকে জানান, রাত একটার দিকে মতিঝিলে পূবালী ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে একটি রিকশা তল্লাশি করার সময় রিকশারোহী ব্যক্তি পুলিশকে লক্ষ্য করে গুলি করেন। এতে কনস্টেবল মঞ্জুরুলের বুকে ও হাবিবুল্লাহর হাতে গুলি লাগে। দ্রুত তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিত্সক কনস্টেবল মঞ্জুরুলকে মৃত ঘোষণা করেন। হাবিবুল্লাহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন। মারুফ হোসেন জানান, পুলিশের পাল্টা গুলিতে ওই রিকশারোহী ব্যক্তিও গুরুতর আহত হন। তাঁকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে রাত দুইটার দিকে তাঁর মৃত্যু হয়। কিন্তু তাঁর নাম-পরিচয় জানা যায়নি। তাঁর কাছ থেকে একটি পিস্তল উদ্ধার করা হয়েছে। ঘটনার সময় ওই এলাকায় দুটি দলে ভাগ হয়ে ছয়জন পুলিশ টহল দিচ্ছিল বলে মারুফ হোসেন জানান। নিহত কনস্টেবল মঞ্জুরুলের বাড়ি মাদারীপুর সদর উপজেলার উত্তর হাদিপুর গ্রামে। এর আগে গত ২০ এপ্রিল রাজধানীর ধোলাইখালে সন্ত্রাসীদের গুলিতে নিহত হন বংশাল থানার অপারেশন কর্মকর্তা গৌতম রায়। এ ছাড়া গত মঙ্গলবার রাতে রাজধানীর নিকুঞ্জ এলাকায় সন্ত্রাসী হামলায় খিলক্ষেত থানার চার পুলিশ সদস্য আহত হন।