শেয়ারবাজারে গতকাল সোমবার ভয়াবহ ধস নামার পর বিক্ষুব্ধ বিনিয়োগকারীরা মতিঝিল ছাড়াও ঢাকার মিরপুর, ফার্মগেট, কারওয়ান বাজারসহ বিভিন্ন এলাকায় বিক্ষোভ করেছেন। তাঁরা বিভিন্ন সড়ক অবরোধ করে দীর্ঘক্ষণ ধরে বিক্ষোভ করেন। এতে রাজধানীর বিভিন্ন এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়। একই ঘটনায় ঢাকার বাইরে দেশের বিভিন্ন স্থানেও বিক্ষোভ হয়েছে। চট্টগ্রাম, সিলেট, খুলনা, নারায়ণগঞ্জ, কুমিল্লা, বগুড়া, যশোর ও নোয়াখালীতে বিনিয়োগকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ, ধাওয়া-পাল্টাধাওয়া ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। বিনিয়োগকারীরা শেয়ারবাজার নিয়ন্ত্রণে ব্যর্থতার অভিযোগ এনে অর্থমন্ত্রী, বাংলাদেশ ব্যাংক গভর্নর, এসইসির চেয়ারম্যান, ডিএসইর চেয়ারম্যান ও সিএসইর চেয়ারম্যানের পদত্যাগ দাবি করেছেন। ঢাকা: বিনিয়োগকারীরা গতকাল প্রথমবারের মতো পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি) কার্যালয়ের সামনে কাফনের কাপড় নিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন। এসময় তাঁরা বাজারে ধস নামার জন্য এসইসির ঊর্ধ্বতন কর্মকর্তাদের দায়ী করেন। তাঁরা বলেন, বাজার ফেলতে এসইসি সকাল-বিকেল নীতি পরিবর্তন করেছে। তারা ক্ষুদ্র বিনিয়োগকারীর স্বার্থ রক্ষা করার নামে নীতি পরিবর্তন করে বড় বড় বিনিয়োগকারীদের সুবিধা করে দিয়েছে। পুঁজিবাজারে আগের দিনের বড় ধসের কারণে গতকাল সকাল থেকেই ডিএসইর কার্যালয়সহ পুরো মতিঝিল এলাকা জুড়ে পুলিশ মোতায়েন করা হয়। ৫০ মিনিটের মধ্যে সাধারণ মূল্যসূচকের ব্যাপক পতন ঘটলে দেশের দুই বাজারের লেনদেন বন্ধ করে দেওয়া হয়। এ তথ্য জানার পরই বিভিন্ন ব্রোকারেজ হাউস থেকে দলে দলে বিনিয়োগকারীরা বেরিয়ে আসতে থাকেন।ক্ষুব্ধ বিনিয়োগকারীরা ১২টার দিকে রাস্তায় নেমে এসে বিক্ষোভ শুরু করলে পুলিশ বিক্ষুব্ধদের রাস্তা থেকে সরিয়ে দিতে বেধড়ক লাঠিপেটা করে। পুলিশের হাত থেকে কর্তব্যরত সাংবাদিকেরাও রেহাই পায়নি। এসময় সাংবাদিকসহ অন্তত ২০ জন আহত হন। সাংবাদিক পরিচয় দেওয়ার পরও পুলিশ প্রথম আলোর আবদুল্লাহিল ওয়ারিশ, আমাদের অর্থনীতির মাসুদ মিয়া, শীর্ষ নিউজ-এর মর্তুজা ও এবিসি রেডিওর সীমা ভৌমিককে লাঠিপেটা করে। পুলিশ ঘটনাস্থল থেকে হেলাল নামের এক বিনিয়োগকারীকে আটক করে। এরপর বিনিয়োগকারীরা মতিঝিলের বিভিন্ন স্থানে অবস্থান নিয়ে খণ্ড খণ্ড মিছিল বের করেন। তাঁরা বাংলাদেশ ব্যাংক, এসইসি, ডিএসই ও সিএসইর কর্তাব্যক্তিদের বিরুদ্ধে স্লোগান দিতে থাকেন। রাস্তায় আগুন জ্বালিয়ে যানবাহন চলাচল বন্ধ করে দেন। পুলিশ বিনিয়োগকারীদের বাধা দিলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। একপর্যায়ে গোটা মতিঝিলে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। পুলিশ বিনিয়োগকারীদের বিভিন্ন জায়গায় বেধড়ক মারধর করে। এতে আরও কমপক্ষে ৩০ জন পথচারী ও বিনিয়োগকারী আহত হন। অপরদিকে বিভিন্ন স্থান থেকে বিনিয়োগকারীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করতে থাকে। ক্ষুব্ধ বিনিয়োগকারীরা মতিঝিলে অবস্থিত জীবনবীমা টাওয়ারের নিচতলা এবং কয়েকটি ব্রোকারেজ হাউস ও কমপক্ষে ১০টি প্রাইভেট কার ভাঙচুর করেন। প্রায় পাঁচ ঘণ্টাব্যাপী বিনিয়োগকারীদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ চলে। বিকেল পাঁচটার কিছুক্ষণ আগে পরিস্থিতি স্বাভাবিক হয়। এদিকে এ সংঘর্ষ চলাকালে গোটা মতিঝিল এলাকা স্থবির হয়ে পড়ে। বন্ধ হয়ে যায় যান চলাচল। অনেক ব্যাংক ও বড় বড় বাণিজ্যিক প্রতিষ্ঠান তাদের ভবনের প্রধান ফটক বন্ধ করে দেয়। চট্টগ্রাম: দরপতনের ঘটনায় সিএসইতে লেনদেন বন্ধ করে দেওয়ার পরপরই বিক্ষুব্ধ হয়ে ওঠে চট্টগ্রামের বিনিয়োগকারীরাও। তাঁরা মিছিল নিয়ে রাস্তায় বেরিয়ে পড়েন। বিনিয়োগকারীরা নগরের আগ্রাবাদ বাণিজ্যিক এলাকায় অবস্থিত সিএসই কার্যালয়ের সামনের রাস্তাসহ খাতুনগঞ্জ, মুরাদপুর, বহদ্দারহাট ও জামালখান এলাকায় বিক্ষোভ করেন। আগে থেকে এসব এলাকায় পুলিশ সতর্ক অবস্থান নেওয়ায় কোথাও সংঘর্ষের ঘটনা ঘটেনি। তবে এ সময় ওই সব এলাকার রাস্তায় যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশ গিয়ে বিক্ষোভকারীদের সরিয়ে দিলে ফের যান চলাচল শুরু হয়। এদিকে বিনিয়োগকারীদের একটি দল ‘ইনভেস্টর’স ফোরাম অব চিটাগাং’ নাম দিয়ে সিএসইর প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে ১০ দফা দাবিসংবলিত একটি স্মারকলিপি জমা দেয়। এর আগে তাঁরা মিছিল নিয়ে সিইসি কার্যালয়ে ঢোকার চেষ্টা করে। কিন্তু পুলিশের বাধা পেয়ে তারা একটি প্রতিনিধিদল পাঠান।নগর পুলিশের বিশেষ শাখার উপকমিশনার ময়নুল ইসলাম বলেন, শেয়ারবাজারের গত কয়েক দিনের অবস্থা দেখে আগে থেকেই পর্যাপ্ত পুলিশ মোতায়েন করা হয়। এ কারণে চট্টগ্রামে সংঘর্ষ ঘটার মতো পরিস্থিতির সৃষ্টি হয়নি। সিএসই কর্তৃপক্ষকে দেওয়া স্মারকলিপিতে বিনিয়োগকারীরা একজন সাবেক বিচারপতির নেতৃত্বে গত ১৫ দিনের চলমান পরিস্থিতি তদন্ত করে দোষীদের বিচারসহ বিভিন্ন দাবী তোলা হয়। এসময় বাজার অস্থিতিশীল করে তোলার ঘটনার সঙ্গে জড়িতদের শাস্তি প্রদান ও অপ্রদর্শিত অর্থকে শর্তসাপেক্ষে শেয়ারবাজারে বিনিয়োগের সুযোগ দেওয়ার দাবি জানানো হয়েছে।আমাদের হাটহাজারী প্রতিনিধি জানান, শেয়ারবাজারে অস্বাভাবিক দরপতনে ক্ষুব্ধ হয়ে হাটহাজারীর আইল্যান্ড সিকিউরিটি ও ইস্টার্ন শেয়ার অ্যান্ড সিকিউরিটি নামের দুটি ব্রোকারেজ হাউসের বিনিয়োগকারীরা বিক্ষোভ মিছিল করেন। সিলেট: দুপুর সাড়ে ১২টার দিকে নগরের চৌহাট্টা এলাকার আরএন টাওয়ারে অবস্থিত ঢাকা স্টক এক্সচেঞ্জ ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ শাখা অফিস থেকে বিক্ষোভ মিছিল শুরু করেন বিনিয়োগকারীরা। মিছিলটি চৌহাট্টা ও জিন্দাবাজার এলাকা প্রদক্ষিণ করে তালতলা এলাকায় গিয়ে বাংলাদেশ ব্যাংকের সিলেট শাখার সামনে জড়ো হয়। এ সময় সহস্রাধিক বিনিয়োগকারী বাংলাদেশ ব্যাংক কার্যালয় লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে। বিক্ষোভের খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। খুলনা: শেয়ারবাজারে লেনদেন বন্ধ হয়ে যাওয়ার পরপরই খুলনার বিনিয়োগকারীরা রাস্তায় বেরিয়ে পড়েন। বিনিয়োগকারীরা নগরের শিববাড়ি মোড় এলাকায় গিয়ে খুলনা-যশোর সড়ক অবরোধ করেন। সেখানে প্রায় পৌনে এক ঘণ্টা রাস্তা অবরোধ করে রাখার পর তাঁরা বিক্ষোভ মিছিল শুরু করে। মিছিলটি নগরের ডাকবাংলো, পিকচার প্যালেস ও সদর থানা মোড় প্রদক্ষিণ করে খুলনা প্রেসক্লাবে গিয়ে সমাবেশের মাধ্যমে শেষ হয়। অবস্থার উন্নতি না হলে আজ মঙ্গলবার খুলনায় আধাবেলা হরতাল পালনের ঘোষণা দিয়েছেন বিনিয়োগকারীরা।যশোর: লেনদেন বন্ধ করে দেওয়ার সঙ্গে সঙ্গে বিনিয়োগকারীরা শহরের নেতাজি সুভাষ চন্দ্র বসু (এম কে) সড়কে বেরিয়ে বিক্ষোভ শুরু করেন। এ সময় বিক্ষুব্ধ বিনিয়োগকারীরা জয়তুন সিকিউরিটিজের ব্যবস্থাপক কুদরত-ই-গণি খানকে তাঁর অফিসকক্ষে অবরুদ্ধ করে চেয়ার-টেবিলসহ অন্যান্য আসবাব ভাঙচুর করেন। পরে তাঁরা ওই অফিসের সামনে অবস্থান নিয়ে এক ঘণ্টা সড়ক অবরোধ করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিক্ষোভকারীদের লাঠিপেটা করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। নারায়ণগঞ্জ: বিক্ষুব্ধ বিনিয়োগকারীরা শহরের আমান ভবনের পাশে অবস্থিত রয়েল ও অ্যালিয়েন্স নামক দুটি ব্রোকারেজ হাউস ভাঙচুর করেন। তাঁরা বিক্ষোভ মিছিল নিয়ে শহরের চাষাঢ়া বঙ্গবন্ধু সড়কের নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে অবস্থান নেন। বিনিয়োগকারীরা এ সময় সড়কে অগ্নিসংযোগ করে বিক্ষোভ প্রদর্শন করেন। দুপুর দেড়টার দিকে তাঁরা চাষাঢ়া গোল চত্বরের সামনে অবস্থান নেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ধাওয়া দিলে বিক্ষোভকারীরা ছত্রভঙ্গ হয়ে যায়। এ সময় দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার সময় ওই সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। বগুড়া: দিনের শুরুতেই রেকর্ড পরিমাণ দরপতনের সঙ্গে সঙ্গে শেয়ার কেনাবেচার সরকার নিয়ন্ত্রিত প্রতিষ্ঠান আইসিবি থেকে বিনিয়োগকারীরা রাস্তায় নেমে আসে। তারা মিছিল সহকারে কয়েকটি ব্রোকার হাউসে যান। সেখান থেকে অন্য বিনিয়োগকারীদের নিয়ে মিছিল করে থানা রোড, সাতমাথা ও টেম্পল রোড প্রদক্ষিণ করে। পরে বড়গোলায় সমাবেশ করেন বিনিয়োগকারীরা। কুমিল্লা: বেলা ১২টার দিকে বিনিয়োগকারীরা শহরের কান্দিরপাড় থেকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পদুয়ার বাজার বিশ্বরোড অবরোধ করতে গেলে কুমিল্লা শহরতলির জাঙ্গালিয়া এলাকায় পুলিশ তাঁদের বাধা দেয়। এ সময় বিক্ষুব্ধ বিনিয়োগকারীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে। পুলিশ সংঘবদ্ধ হয়ে বিনিয়োগকারীদের ধাওয়া দিলে তাঁরা ফসলি জমি দিয়ে পার হয়ে আত্মরক্ষা করেন। পুলিশ ধাওয়া দিয়ে নয় বিনিয়োগকারীকে আটক করে। পরে তাদের ছেড়ে দেওয়া হয়েছে। নোয়াখালী: শহরের মাইজদীতে অবস্থিত ব্রোকারেজ হাউসগুলো থেকে দুপুর ১২টার দিকে বিনিয়োগকারীরা রাস্তায় বেরিয়ে এসে বিক্ষোভ শুরু করেন। একই সময় জেলার প্রধান বাণিজ্যিক শহর চৌমুহনীর চারটি ব্রোকার হাউসের বিনিয়োগকারীরাও প্রধান সড়কে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন।