মতিঝিলে সংঘর্ষের ঘটনায় চার মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর মতিঝিলে পুলিশের সঙ্গে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের নেতা-কর্মীদের সংঘর্ষে গতকাল সোমবার রাতে চারটি মামলা হয়েছে। প্রতিটি মামলায় নাম উল্লেখ করে ৬৫ জন ও অজ্ঞাতনামা আরও ৪০০-৫০০ জনকে আসামি করা হয়েছে। মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করে মতিঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা হায়াতুজ্জামান প্রথম আলো ডটকমকে বলেন, গতকাল রাত আটটার দিকে দ্রুতবিচার আইনে একটি এবং পুলিশের ওপর হামলা, বিআরটিসির বাস পোড়ানো ও মোটরসাইকেল পোড়ানোর ঘটনায় তিনটি—মোট চারটি মামলা হয়েছে। এর মধ্যে তিনটি মামলার বাদী পুলিশ, আর অন্য মামলাটি করেছেন একজন ক্ষতিগ্রস্ত ব্যক্তি। পুলিশের সঙ্গে জামায়াত ও শিবিরের নেতা-কর্মীদের সংঘর্ষে গতকাল বিকেলে রাজধানীর মতিঝিল রণক্ষেত্রে পরিণত হয়। সংঘর্ষে পুলিশের ২২ জন সদস্যসহ অর্ধশতাধিক ব্যক্তি আহত হন। ওই সময় জামায়াত-শিবিরের কর্মীরা পুলিশের একটি টেম্পো, বিআরটিসির একটি বাস ও চারটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয়।