মতিঝিলের মামলায় জামিন পেলেন ফখরুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের রাজপথ অবরোধ কর্মসূচি চলাকালে ককটেল বিস্ফোরণের অভিযোগে মতিঝিল থানায় করা মামলায় ছয় মাসের জামিন পেয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ সোমবার বিচারপতি কামরুল ইসলাম সিদ্দিকী ও বিচারপতি শেখ মো. জাকির হোসেন সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ মির্জা ফখরুলের করা জামিন আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। আদালতে তাঁর পক্ষে আইনজীবী মওদুদ আহমদ ও জয়নুল আবেদিন শুনানি করেন। রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।গত ৯ ডিসেম্বর রাজপথ অবরোধ চলাকালে ককটেল বিস্ফোরণের অভিযোগে মতিঝিল থানায় বিস্ফোরক আইনে এবং পুলিশের কর্তব্যকাজে বাধা দেওয়ার অভিযোগ সূত্রাপুরে করা মামলায় গত ৩ জানুয়ারি ফখরুলকে গ্রেপ্তার দেখানো হয়। গত ১৫ জানুয়ারি সূত্রাপুর থানায় করা মামলায় ঢাকার মহানগর দায়রা জজ জহুরুল হক ফখরুলের জামিন মঞ্জুর করেন।