মতিঝিলের ৯৫ শতাংশ ভবনে গাড়ি রাখার ব্যবস্থা নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) ইমারত নির্মাণ আইন অনুসারে ছয়তলার বেশি উঁচু ভবনে গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা রাখা বাধ্যতামূলক। কিন্তু রাজধানীর মতিঝিল বাণিজ্যিক এলাকায় ৯৫ শতাংশ ভবনেই গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা নেই। আর পুরো ঢাকা শহরে ৪০ শতাংশ বাণিজ্যিক ও আবাসিক ভবনে এ ব্যবস্থা নেই। এই তথ্য রাজউকের।রাজউকের চেয়ারম্যান মো. নূরুল হুদা বলেন, মতিঝিলে পুরোনো ভবনগুলোয় পার্কিংয়ের ব্যবস্থা নেই। যে সময় ভবনগুলো হয়েছিল, সে সময় সুনির্দিষ্ট বিধিমালা ছিল না। নতুন অনেক ভবনে এ ব্যবস্থা থাকলেও তা অন্য কাজে ব্যবহার করা হচ্ছে। তিনি বলেন, দীর্ঘদিনের এই সমস্যা সমাধানে আগে বড় উদোগ নেওয়া যায়নি। তবে এখন ভবনের মালিকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। এর অংশ হিসেবে নগরের বিভিন্ন স্থানে অভিযানও হয়েছে। রোজার মধ্যে অভিযান না চালাতে প্রধানমন্ত্রীরই নির্দেশ আছে। ঈদের পর আবার অভিযান শুরু হবে।রাজউকের জরিপে দেখা গেছে, মতিঝিলে দৈনিক বাংলা মোড় থেকে শাপলা চত্বর এবং পূর্ব দিকে রাজপথের দুই ধারের প্রায় ৯৫ শতাংশ ভবনে গাড়ি রাখার ব্যবস্থা নেই। নগরের ব্যস্ত সড়কের পাশে হোটেল, বিপণিকেন্দ্রসহ এ ধরনের বাণিজ্যিক ভবন গড়ে ওঠায় ফুটপাত ও রাস্তার ওপরই গাড়ি রাখা হচ্ছে। এসব ভবনের সামনে পথচারীর চলাফেরার সমস্যা যেমন হচ্ছে, তেমনি রাস্তায় দেখা দিচ্ছে নিয়মিত যানজট।অভিযোগ আছে, রাজউক, ঢাকা সিটি করপোরেশন (ডিসিসি) ও পুলিশের ট্রাফিক বিভাগের কাজের সমন্বয় নেই বলে গাড়ি পার্কিং সমস্যার সমাধান হচ্ছে না। ঢাকার মেয়র সাদেক হোসেন নিজেও বিভিন্ন সংস্থার মধ্যে সমন্বয় নেই বলে স্বীকার করেন। তিনি বলেন, যানজট কমিয়ে আনতে মাঝেমধ্যে সমন্বয় সভা করা উচিত। এ ব্যাপারে উদ্যোগ নেওয়া হবে বলে তিনি জানান।রাজউকের অথরাইজড কর্মকর্তা মো. খালেকুজ্জামান বলেন, মতিঝিল এলাকায় কাজ করতে গিয়ে দেখা গেছে, বেশির ভাগ উঁচু ভবন স্বাধীনতার আগে তৈরি করা। ভবনগুলোর নিচতলায় গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা করা সম্ভব।সাধারণ চিত্র: ঢাকা শহরে বড় বড় ভবনের সামনে রাস্তায় গাড়ি পার্কিংয়ের দৃশ্য অতি পরিচিত। দৈনিক বাংলা মোড় নগরের অন্যতম ব্যস্ত এলাকা। এই মোড়ের উত্তর-পশ্চিম কোণে নির্মিত মধুমতি হোটেল ভবনে গাড়ি পার্কিংয়ের কোনো ব্যবস্থা নেই। ভবনটির সামনের রাস্তায় গাড়ি পার্কিংয়ের কারণে সেখানে নিয়মিত যানজট হয়।যানজটমুক্ত রাখতে নিউমার্কেটসংলগ্ন সড়কটি ‘ওয়ানওয়ে’ করেছে পুলিশের ট্রাফিক বিভাগ। মাঝেমধ্যে রিকশামুক্তও করা হয়। কিন্তু বলাকা সিনেমার পাশে মিডনাইট সান ভবনে গাড়ি রাখার ব্যবস্থা নেই। ভবনটিকে ঘিরে অনেক বাণিজ্যিক কার্যক্রম চলে। কিন্তু এখানে আসা গাড়িগুলো থাকে রাস্তার ওপর। এ রকম উদাহরণ আছে ঢাকা শহরজুড়ে।অবহেলায় পার্কিংয়ের আটটি জায়গা: গুলিস্তান, ফুলবাড়িয়া, মতিঝিল, দিলকুশা, নিউমার্কেট এলাকায় গাড়ি পার্কিংয়ের জন্য জায়গা বরাদ্দ রাখা হয়েছিল। এসব জায়গা রেলওয়ে, গণপূর্ত অধিদপ্তর, রাজউক ও ডিসিসির মালিকানাধীন।বঙ্গবাজারের পাশে ফুলবাড়িয়া এলাকার আদর্শ মার্কেটটি যে জায়গায় তৈরি হয়েছে, তা গাড়ি পার্কিংয়ের জন্য নির্ধারিত ছিল। রেলওয়ে ১৯৯৭ সালে দেড় একর আয়তনের এই জায়গাটি ডিসিসিকে দিয়েছিল।গাড়ি পার্কিং কেন্দ্র তৈরি করার জন্য দিলকুশায় গণপূর্ত অধিদপ্তরের তিনটি নির্ধারিত জায়গা ছিল। এর একটি শিল্প ব্যাংক ভবনের বিপরীতে তিন বিঘা আয়তনের উদ্যানটি। এই স্থানে ১৯৯৫ সালে রাজউক চারতলা পার্কিং কেন্দ্র গড়ে তোলার সিদ্ধান্ত নিয়েছিল। কিন্তু সেখানে নির্মিত হয়েছে ডিসিসির গণশৌচাগার।আদমজী কোর্ট ভবনের উত্তর পাশে দুই বিঘা জায়গা ছিল পার্কিংয়ের জন্য নির্ধারিত। কিন্তু এই জমি নিয়ে এখন মামলা চলছে।দিলকুশায় বিমান ভবনের সামনে এক বিঘা জায়গা পার্কিংয়ের জন্য নির্ধারিত ছিল। বিমান কার্যালয় সরিয়ে নেওয়ার পর থেকে জায়গাটি পড়ে আছে।গুলিস্তানে যে দেড় বিঘা জমিতে খদ্দর ও হকার্স মার্কেট গড়ে উঠেছে, তার পাশে দেড় বিঘা জমি বরাদ্দ ছিল গাড়ি পার্কিংয়ের জন্য। গণপূর্ত অধিদপ্তর ১৯৮৬ সালে এই জায়গা তৎকালীন ঢাকা মিউনিসিপ্যালিটির কাছে হস্তান্তর করেছিল। ভূমি মন্ত্রণালয়ের কিছু অসাধু লোকের সহায়তায় জাল দলিল তৈরি করে ২০০১ সালে একটি মহল ওই জমি ইজারা নেয়। বর্তমানে জায়গাটি নিয়ে মামলা চলছে। নিউমার্কেটের বিপরীত দিকে বইয়ের মার্কেটের পেছনে ভূমি মন্ত্রণালয়ের তিন একর জায়গা ছিল। ১৯৯১ সালে ডিসিসিকে ওই জায়গা দেওয়া হয়েছিল বহুতল গাড়ি পার্কিং ভবন করার জন্য। কিন্তু সেখানে গড়ে উঠেছে শতাধিক অবৈধ স্থাপনা।গাড়ি পার্কিংয়ের এসব জায়গা সম্পর্কে জানতে চাইলে রাজউকের চেয়ারম্যান প্রথম আলোকে বলেন, জায়গাগুলো উদ্ধার করা সম্ভব কি না, তা সংশ্লিষ্ট সংস্থাগুলোর সমন্বয়ে দেখা হবে।ডিসিসির গাড়ি পার্কিং ভবন: দিলকুশায় বিসিআইসি ভবনের বিপরীত দিকে ডিসিসি একটি গাড়ি পার্কিং ভবন তৈরি করলেও সেটি ঠিকভাবে ব্যবহার হচ্ছে না। সেখানে গাড়ি পার্ক করা হয় না। ভবনের বাইরে অগোছালোভাবে দাঁড়িয়ে থাকে গাড়ি। এ বিষয়ে মেয়র বলেন, ভবনটির ওপরের অংশে নির্মাণকাজ বাকি আছে। কাজ শেষ হলে গাড়ি রাখায় কোনো সমস্যা হবে না।মতিঝিলে উত্তরা ব্যাংক ভবনের পাশে সোয়া বিঘা জমিতে নির্মিত হয়েছে ৩৭ তলার সিটি সেন্টার ভবন। গাড়ি পার্কিংয়ের জন্য নিচের ১০টি তলা রাখা হয়েছে। কিন্তু ভবনটির ব্যবহার শুরু হয়নি। গাড়ি না রেখে বাণিজ্য: রাজধানীর প্রধান প্রধান সড়ক সমীক্ষা করে ডিএমপি ১৯৮টি ভবনের তালিকা করেছিল। রাজউকের নকশা অনুযায়ী তালিকাভুক্ত ভবনগুলোয় গাড়ি পার্কিংয়ের জায়গা ছিল। এসব ভবনে গাড়ি পার্কিংয়ের জায়গাও রাখা হয়েছে। কিন্তু এসব জায়গা মূলত বাণিজ্যিক কাজে ব্যবহূত হচ্ছে।এই তালিকার মধ্যে যেসব ভবন নিজ নিজ এলাকায় বেশি যানজট তৈরি করছে, তার মধ্যে গাউসিয়া মার্কেট, চাঁদনী চক মার্কেট, বাকুশাহ মার্কেট, পীর ইয়ামেনী মার্কেট, রমনা ভবন, মৌচাক মার্কেট, আনারকলি মার্কেট, গ্রেটওয়াল সুপার মার্কেট বিশেষভাবে উল্লেখযোগ্য।রাজধানীর যানজট দূর করার জন্য ওই তালিকা ধরে গত বছরের অক্টোবরে অভিযান শুরু হয়। কয়েক দিনের অভিযানে সাত মসজিদ রোড, মিরপুর ১ নম্বর গোলচত্বর ও মাজার রোড, রোকেয়া সরণি, মিরপুর মুক্তিযোদ্ধা মার্কেটে অভিযান চালিয়ে বেশ কিছু ভবনের দোকান বা ব্যবসাপ্রতিষ্ঠান ভেঙে ফেলা হয়। কয়েক দিনের অভিযানের পর মাঝপথে তা বন্ধ হয়ে যায়। দেখা গেছে, উচ্ছেদ করা ভবনে আবারও স্থাপনা ও দোকান বসেছে। গাড়ি রাখার ব্যবস্থা করা হয়নি।এ ব্যাপারে রাজউকের চেয়ারম্যান বলেন, ঈদের পর তালিকা ধরে আবার অভিযান হবে।