মতিন সরকার গ্রেপ্তার হননি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লোকমান হত্যা মামলার আসামি ও নরসিংদী জেলা আওয়ামী লীগের সহসভাপতি আবদুল মতিন সরকার গ্রেপ্তার হননি বলে জানিয়েছে নরসিংদীর পুলিশ। একই তথ্য দিয়েছেন মতিন সরকারের ছোট ছেলে আদনান সরকারও।গতকাল শুক্রবার বিভিন্ন সংবাদ-াধ্যমে পৌর মেয়র লোকমান হত্যা মামলার আসামি মতিন সরকারকে গ্রেপ্তারের খবর প্রকাশিত হয়।এ ছাড়া টেলিযোগাযোগমন্ত্রীর ভাই ও লোকমান হত্যা মামলার আরেক আসামি সালাউদ্দিন গ্রেপ্তার হয়েছেন বলেও গুজব রটেছিল।জানতে চাইলে গতকাল নরসিংদীর পুলিশ সুপার খন্দকার মহিদউদ্দিন প্রথম আলোকে বলেন, ‘মতিন সরকার কিংবা সালাউদ্দিন দেশের কোথাও গ্রেপ্তার হয়েছেন, এমন কোনো তথ্য আমাদের জানা নেই। পত্রিকাগুলো কোন সূত্র থেকে এই তথ্য পেল, জানি না।’গতকাল দুপুরে নরসিংদীর দক্ষিণ কান্দাপাড়ায় মতিন সরকারের বাড়িতে কথা হয় তাঁর ছোট ছেলে আদনান সরকারের সঙ্গে। তাঁর বাবার গ্রেপ্তারের খবর সঠিক নয় দাবি করে তিনি প্রথম আলোকে বলেন, ‘বাবা (মতিন সরকার) গ্রেপ্তার হলে আমরা যেকোনোভাবে নিশ্চিত হতে পারতাম।’মতিন সরকারের ছোট ভাই আশরাফ হোসেন সরকারও লোকমান হত্যা মামলার এজাহারভুক্ত আসামি। সেলিম হাজি ও টিপন কাজী নামের দুই সন্দেহভাজনকে গ্রেপ্তারের পর গত মঙ্গলবার আশরাফ সরকারকে ঢাকা থেকে পুলিশ গ্রেপ্তার করে। এই তিনজনকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ চলছে বলে জানিয়েছেন তদন্ত কর্মকর্তা ও জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামনুর রশিদ। তিনি এ সম্পর্কে আর কিছু বলতে রাজি হননি।সংশ্লিষ্ট অপর একটি সূত্র জানায়, পুলিশের খাতায় তালিকাভুক্ত সন্ত্রাসী টিপন কাজী এই হত্যাকাণ্ডের ব্যাপারে প্রাথমিক জিজ্ঞাসাবাদে কিছু তথ্য দিয়েছেন। কিন্তু রিমান্ডে নিয়ে তাঁর কাছ থেকে তেমন কোনো কথা বের করা যায়নি। আর আশরাফ সরকার হত্যা পরিকল্পনা সম্পর্কে কিছু তথ্য দিলেও নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করছেন না।