মতিয়া চৌধুরীকে ব্যাখ্যা দিতে বললেন ট্রাইব্যুনাল
কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরীর বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগের বিষয়ে ব্যাখ্যা দিতে বলেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। ১৯ সেপ্টেম্বরের মধ্যে কৃষিমন্ত্রীকে এই ব্যাখ্যা দিতে বলা হয়েছে। এ জন্য তাঁকে ট্রাইব্যুনালে হাজির হতে হবে না।আজ বৃহস্পতিবার বিচারপতি এ টি এম ফজলে কবিরের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল এ আদেশ দেন।এর আগে শুনানিতে জামায়াত নেতা মোহাম্মদ কামারুজ্জামানের আইনজীবী এহসান সিদ্দিক আদালত অবমাননার আবেদনটি উপস্থাপন করেন। তিনি বলেন, মতিয়া চৌধুরী শেরপুরের নালিতাবাড়িতে একটি অনুষ্ঠানে বলেছেন, ‘যারা যুদ্ধাপরাধীদের বিচারে সাফাই সাক্ষ্য দিতে যাবে, তাদের চিহ্নিত করে এলাকায় প্রতিরোধ গড়ে তোলা হবে।’ তিনি বলেন, ‘যুদ্ধাপরাধীদের বাঁচাতে যারা সাফাই সাক্ষ্য দেবে, তারাই রাজাকার।’আইনজীবী আরও বলেন, এটি আদালত অবমাননার নমুনা। কারণ অভিযুক্ত কামারুজ্জামানের বিরুদ্ধে যেসব ঘটনা রাষ্ট্রপক্ষ এনেছে বা যেসব ঘটনার অভিযোগ এনেছে, এর মধ্যে সাতটি নালিতাবাড়ি উপজেলায়। এতে বিচার প্রভাবিত হওয়ার আশঙ্কা রয়েছে বলে তিনি মন্তব্য করেন। শুনানি শেষে ট্রাইব্যুনাল মতিয়া চৌধুরীকে আদালত অবমাননার অভিযোগের বিষয়ে ব্যাখ্যা দিতে বলেন। শুনানির সময় কামারুজ্জামান আদালতে উপস্থিত ছিলেন।