মতিয়া চৌধুরীর আদালত অবমাননার আদেশ ১৩ নভেম্বর
কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরীর বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগের বিষয়ে আজ বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ শুনানি হয়েছে। শুনানি শেষে বিচারপতি এ টি এম ফজলে কবিরের নেতৃত্বে ট্রাইব্যুনাল আদেশের তারিখ ধার্য করেছেন ১৩ নভেম্বর। শুনানিতে মতিয়া চৌধুরীর আইনজীবী এম কামরুল হক সিদ্দিকী বলেন, আসামিপক্ষের আইনজীবীরা ট্রাইব্যুনালে মতিয়া চৌধুরীর বক্তব্যের পক্ষে গণমাধ্যমের যে দুটি প্রতিবেদন উপস্থাপন করেছেন, সেখানে তাঁর বক্তব্য পুরোপুরি প্রকাশিত হয়নি। সেখানে তাঁর নিজের কোনো বক্তব্য প্রকাশ করা হয়নি। বক্তব্যের আগে তিনি বলেছিলেন ‘জনগণ বলতে শুরু করেছেন’। কিন্তু প্রতিবেদনে এটি উল্লেখ করা হয়নি।পাল্টা যুক্তি দিয়ে আসামিপক্ষের আইনজীবী এহসান এ সিদ্দিক বলেন, ‘আমরা মতিয়া চৌধুরীর বক্তব্যসংবলিত বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) প্রতিবেদন উল্লেখ করেছি। বাসস সরকারি সংস্থা। এর প্রতিবেদন অনেক বেশি আস্থাশীল।’পরে উভয় পক্ষের শুনানি শেষে ট্রাইব্যুনাল আদেশের ওই তারিখ ধার্য করেন। ২৯ আগস্ট জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মোহাম্মাদ কামারুজ্জামানের আইনজীবী তাজুল ইসলাম ট্রাইব্যুনাল-২-এ মতিয়া চৌধুরীর বিরুদ্ধে আদালত অবমাননার আবেদনটি দাখিল করেন। সে সময় তাজুল ইসলাম বলেছিলেন, গত ৭ আগস্ট মতিয়া চৌধুরী শেরপুরের গরিবদের মধ্যে সেমাই, চিনি প্রভৃতি বিতরণকালে বলেছেন, ‘যারা যুদ্ধাপরাধীদের বিচারে সাফাই সাক্ষ্য দিতে যাবে, তাদের চিহ্নিত করে এলাকায় তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা হবে।’ ওই সময় কৃষিমন্ত্রী আরও বলেন, ‘সাফাই সাক্ষ্য দিয়ে তারা বাড়ি ফিরতে পারবে কি না সন্দেহ। ঘরে ফেরার আগেই জনগণ তাদের পিটিয়ে বিচার করে ফেলবে।’ তাঁর এ বক্তব্য আদালত অবমাননার শামিল। আইনজীবী তাঁর বক্তব্যের সমর্থনে ট্রাইব্যুনালে দুটি দৈনিক পত্রিকায় প্রকাশিত প্রতিবেদন উপস্থাপন করেন।