মতিয়া চৌধুরীর বিরুদ্ধে আদালত অবমাননার আবেদন
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরীর বিরুদ্ধে আদালত অবমাননার আবেদন জানানো হয়েছে।আজ বুধবার আন্তর্জাতিক মানবতাবিরোধী অপরাধ ট্রাইব্যুনালে আসামিপক্ষের আইনজীবী তাজুল ইসলাম ট্রাইব্যুনাল-২-এ এই আবেদন জানান।বিচারপতি এ টি এম ফজলে কবীরের নেতৃত্বে দুই সদস্যের ট্রাইব্যুনালে আসামিপক্ষের আইনজীবী দুটি দৈনিক পত্রিকায় প্রকাশিত প্রতিবেদন উপস্থাপন করে বলেন, ৭ আগস্ট মতিয়া চৌধুরী শেরপুরে গরিবদের মধ্যে সেমাই, চিনি বিতরণ অনুষ্ঠানে বলেন, ‘যারা যুদ্ধাপরাধীদের বিচারে সাফাই সাক্ষ্য দিতে যাবে, তাদের চিহ্নিত করে এলাকায় তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা হবে।’ ওই অনুষ্ঠানে মতিয়া চৌধুরী আরও বলেন ‘সাফাই সাক্ষ্য দিয়ে তারা বাড়ি ফিরতে পারবে কি না, সন্দেহ। ঘরে ফেরার আগেই জনগণ তাদের পিটিয়ে বিচার করে ফেলবে।’ আইনজীবী আরও বলেন, তাঁর এ বক্তব্য আদালত অবমাননার শামিল।এ বিষয়ে নথি ট্রাইব্যুনালে উপস্থাপন করার পরে ট্রাইব্যুনাল আগামী ৫ সেপ্টেম্বর শুনানির তারিখ ধার্য করেন।