মতৈক্যে আসে সফলতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আমাদের প্রত্যেককে প্রতিনিয়ত চারপাশের মানুষের সঙ্গে সমঝোতা রক্ষা করে চলতে হয়; কখনো নিজের সঙ্গে, কখনো পরিবার, কখনো বা কর্মক্ষেত্রের মানুষগুলোর সঙ্গে। পেশার ক্ষেত্রে উত্কর্ষের জন্য বিভিন্ন সময় বিভিন্ন ব্যক্তি বা প্রতিষ্ঠানের সঙ্গে অনেক কাজের জন্য চুক্তিবদ্ধ হতে হয়। এ ক্ষেত্রে ওই প্রতিষ্ঠান বা ব্যক্তির সঙ্গে একটা মতৈক্যে পৌঁছাতে হয়। এই মতৈক্যে আসার জন্য একটা ফলপ্রসূ আলোচনা সবচেয়ে বেশি প্রয়োজন। মতৈক্য তৈরিতে যে যত বেশি কৌশলী ও পারদর্শী হতে পারবে, এ কাজে সে তত বেশি সফল হবে। মতৈক্যে পৌঁছার জন্য কিছু কৌশল কাজে লাগানো যায়। পেশার ক্ষেত্রে কীভাবে সফল হওয়া যায়, সেসব বিষয় নিয়েই ঢাকায় ৫ মার্চ ‘সফল ঐকমত্য গঠনের কৌশল’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। কর্মশালার আয়োজন করে চাকরির ওয়েব পোর্টাল ‘প্রথম আলো জবস ডট কম’। প্রথম আলো জবসের সম্মেলন কক্ষে দিনব্যাপী এ কর্মশালা পরিচালনা করেন ফিউচার লিডারের প্রধান নির্বাহী কাজী এম আহমেদ। তিনি বলেন, মতৈক্যে আসার আলোচনা হলো এমন একটি প্রক্রিয়া, যার ফলস্বরূপ দুই পক্ষই লাভবান হয়। এটি একটি দীর্ঘমেয়াদি প্রক্রিয়া। কেউ যদি এক পক্ষের লাভ নিয়ে চিন্তা করে মতৈক্যে আসতে চায়, তাহলে সেটি হবে একটি ত্রুটিপূর্ণ চেষ্টা। কেননা এতে করে অপেক্ষাকৃত কম লাভবান পক্ষ ভবিষ্যতে একসঙ্গে কাজ করার উত্সাহ হারিয়ে ফেলতে পারে। আর এর জন্য অনেক বড় সুযোগও হাতছাড়া হয়ে যেতে পারে। তাই মতৈক্য প্রতিষ্ঠার সময় অপর পক্ষেরও পূর্ণ স্বার্থ দেখতে হবে। মতৈক্যে পারদর্শী হতে গেলে আগে নিজের সঙ্গে নিজের মতৈক্য তৈরিতে সফল হতে হবে। তাহলে অন্যদের সঙ্গে এ কাজে সফল হওয়া যাবে। কাজী এম আহমেদ মতৈক্যে আসার জন্য পাঁচটি প্রক্রিয়ার কথা বলেন, সেগুলো হলো: পরিকল্পনা ও প্রস্তুতি অপর পক্ষের সঙ্গে ভালো সম্পর্ক তৈরি তথ্য আদান-প্রদান উদ্দীপ্ত করার চেষ্টা চুক্তিবদ্ধ হওয়ামতৈক্যে পৌঁছাতে হলে এসব বিষয় গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে হবে। এসব ক্ষেত্রে দুপক্ষ খোলামেলা আলাপ-আলোচনা করাই সবচেয়ে বুদ্ধিমানের কাজ। একে অপরের সঙ্গে কথা বলে নিজেদের আশা-আকাঙ্ক্ষার কথা মতবিনিময় করলে মতৈক্যে পৌঁছানো সহজ হয়। মতৈক্যে পৌঁছাতে হলে সব সময় ইতিবাচক দৃষ্টিভঙ্গি ও ভালো মানসিকতা নিয়ে এগোতে হবে। মতৈক্যের জন্য দরকষাকষি করতে হবে নিজেদের স্বার্থ বজায় রেখে। এতে নিজেরা নিজেদের অবস্থানের সার্বিক চিত্র তুলে ধরবেন—এখানেই প্রকাশিত হবে কার কেমন সামর্থ্য রয়েছে। এসব ক্ষেত্রে প্রথমত সফলতা না এলেও প্রকাশ্যে অসন্তোষ প্রকাশ করা যাবে না। নিজের রাগ বা ক্রোধ দমন করতে হবে। বাড়াতে হবে অন্যের সঙ্গে যোগাযোগের কৌশল। আন্তর্জাতিক কোনো পক্ষের সঙ্গে কোনো বিষয়ে মতৈক্যে আসতে হলে সে দেশের ভাষা-সংস্কৃতি সম্পর্কে ভালো দখল থাকতে হবে। এর জন্য আলোচনার আগে বিভিন্ন বই বা ওয়েবসাইটে গিয়ে বিভিন্ন দেশের সংস্কৃতি সম্পর্কে ধারণা লাভ করা যেতে পারে। মতৈক্যে পৌঁছাতে হলে নিজের মধ্যে আত্মবিশ্বাস বাড়াতে হবে। আলোচনার সময় দূরত্ব একটি বিশেষ গুরুত্বপূর্ণ বিষয়। তাই লক্ষ রাখতে হবে এ বিষয়ে। আলোচনার জন্য দূরত্ব নির্ভর করবে স্থানভেদে। আলোচনার সময় শরীরী ভাষা (বডি ল্যাঙ্গুয়েজ) অনেক সময় প্রভাব ফেলে। অপর পক্ষের আলোচনার সময় মাথা চুলকানো, অন্যদিকে তাকিয়ে থাকা, নীরবতা, মুখে বিরক্তি ভাব প্রকাশ করা প্রভৃতি আলোচনায় নেতিবাচক প্রভাব ফেলে; তাই এসব বিষয়ে খেয়াল রাখতে হবে। আলোচনার সময় কোনো বিষয় যদি অপ্রাসঙ্গিক হয়, তাহলে তা অপর পক্ষের কাছে ইতিবাচকভাবে উপস্থাপন করতে হবে। একটি পক্ষের সঙ্গে খুব সহজে বা অল্প সময়ে মতৈক্যে না যাওয়াই উত্তম। কেননা এতে বড় কোনো সুযোগ হাতছাড়া হয়ে যেতে পরে। ভালোমতো যাচাই করে প্রয়োজনে কিছুটা সময় নিয়েই মতৈক্যে পৌঁছানো ভালো। কাজী এম ইসলাম জানান, আলোচনার সময় তিনটি বিষয় খেয়াল রাখতে হবে—এক. জিজ্ঞাসা, দুই. বিশ্বাস আর তিন হলো গ্রহণ। তিনি বলেন, ‘এসব বিষয়ে সহজে হাল ছেড়ে দেওয়া যাবে না। যৌথ আলোচনার মাধ্যমে কোনো বিষয়ে মতৈক্যে পৌঁছানোর দক্ষতা বাড়ানোর জন্য নিজের সঙ্গে নিজের, বন্ধুদের সঙ্গে, সহকর্মীদের সঙ্গে সমঝোতা বৃদ্ধি করতে হবে। এ-সংক্রান্ত বই বা ওয়েবসাইটের সহায়তা নেওয়া যেতে পারে। এ ছাড়া এ-সম্পর্কিত কর্মশালাগুলোয় অংশ নিয়েও মতৈক্যে আসার কৌশল সম্পর্কে জ্ঞান অর্জন করা যায়। দিনব্যাপী এ কর্মশালা তিনটি পর্বে অনুষ্ঠিত হয়। মতৈক্যে পৌঁছানোর দক্ষতা বৃদ্ধির জন্য কর্মশালায় একটি মজার খেলা ও কৃত্রিম বাজার বসিয়ে ক্রেতা ও বিক্রেতারা কীভাবে মতৈক্যে পৌঁছান তা দেখানো হয়। কর্মশালা শেষে অংশগ্রহণকারীদের মধ্যে সনদ বিতরণ করা হয়। এতে বিভিন্ন প্রতিষ্ঠানের পেশাজীবীরা অংশ নেন।