মতৈক্যের ভিত্তিতে নির্বাচনের প্রেক্ষাপট তৈরির আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের সব রাজনৈতিক দলের মতৈক্যের ভিত্তিতে গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচনের প্রেক্ষাপট তৈরি করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান খন্দকার মাহবুব হোসেন। একই সঙ্গে তিনি সরকারকে দেশের বর্তমান সংঘাতময় পরিস্থিতি থেকে দেশবাসীকে রক্ষা করারও আহ্বান জানান। আজ বুধবার বার কাউন্সিল ভবনের সভাকক্ষে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে খন্দকার মাহবুব হোসেন এ আহ্বান জানান। খন্দকার মাহবুব বলেন, ‘দেশের অর্থনীতি আজ বিপর্যস্ত। আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি হয়েছে। গণতান্ত্রিক পরিবেশ আজ সম্পূর্ণভাবে বিধ্বস্ত। তাই আমরা সরকারকে অবিলম্বে ক্ষমতা ধরে রাখার জন্য চরম একগুঁয়ে আচরণ পরিত্যাগ করে ও অগণতান্ত্রিক পদ্ধতির আশ্রয় ত্যাগ করে বর্তমান সংঘাতময় পরিস্থিতি থেকে দেশবাসীকে রক্ষা করার আহ্বান জানাচ্ছি।’একই সঙ্গে সব রাজনৈতিক দলের গ্রেপ্তার করা নেতাদের মুক্তির দাবি করে বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান বলেন, ‘আইনজীবী সমাজ অনির্দিষ্টকালের জন্য সরকারের দমননীতি কার্যক্রম—যথা, নির্যাতনমূলক মিথ্যা মামলা, হামলা, মানুষ হত্যা ও মানবাধিকার লঙ্ঘন—মেনে নেবে না। এর প্রতিকারের জন্য তারা মাঠে নামতে বাধ্য হবে। এবং এর পরিণতি সরকারের জন্য শুভ হবে না।’বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার মাহবুব হোসেন বার কাউন্সিলের পক্ষ থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও বিচারিক কাজে নিয়োজিত বিচারকদের দলীয় রাজনৈতিক বিবেচনার ঊর্ধ্বে থেকে দায়িত্ব পালন করার আহ্বান জানান। খন্দকার মাহবুব অভিযোগ করেন, ‘বিরোধী দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, মওদুদ আহমদ, মির্জা আব্বাসসহ অনেক রাজনৈতিক নেতার বিরুদ্ধে মিছিল-সমাবেশে গাড়ি ভাঙচুর ও ককটেল নিক্ষেপের মতো হাস্যকর অভিযোগে মিথ্যা মামলা দেওয়া হয়েছে। নিম্ন আদালত তাঁদের জামিন নাকচ করে দিয়ে ক্ষমতাসীন দলের ইচ্ছার সহায়ক ভূমিকা রেখে দেশবাসীর কাছে আজ বিচার বিভাগকে কলঙ্কিত করেছেন।’ সংবাদ সম্মেলনে বাংলাদেশ বার কাউন্সিলের কার্যনির্বাহী কমিটির সদস্য এ জে মোহাম্মদ আলী, গোলাম মোস্তফা খান, মাহবুব উদ্দিন খোকন, সানাউল্লাহ মিয়া প্রমুখ উপস্থিত ছিলেন।