মদ খাইয়ে শিশু হত্যা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আট বছরের শিশু কালাচানের শরীরে দারিদ্র্য মাত্র সয়ে উঠছিল। কিন্তু চোলাই মদের ছোবল সওয়ার অবস্থা তার ছিল না। আর তা পান করিয়েই বখাটেরা শিশুটিকে মেরে ফেলেছে।অবিশ্বাস্য ঘটনাটি ঘটেছে গত বৃহস্পতিবার সকালে রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল থানার এফডিসি এলাকার পুরাতন ভাঙা গেটসংলগ্ন ট্রাকস্ট্যান্ড এলাকায়। আর শিশুটি মারা যায় গত রোববার দিবাগত রাতে। মাঝখানে দুই দিন শিশুটিকে নিয়ে দুটি হাসপাতালে চিকিৎসার চেষ্টা করা হয়।গতকাল মঙ্গলবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে গিয়ে দেখা যায়, দেয়ালে হেলান দিয়ে বসে অঝোরে কাঁদছেন কালাচানের মা কোহিনূর বেগম। ‘বাবা, তুই কই গেলি। তোর জন্য ভাত রাখছি’ বলে বিলাপ করছিলেন তিনি। জানতে চাইলে কান্নাজড়িত কণ্ঠে কোহিনূর বেগম বলেন, স্বামী ও সন্তানদের নিয়ে তিনি এফডিসি এলাকার পুরাতন ভাঙা গেটসংলগ্ন ট্রাকস্ট্যান্ডের পাশে একটি ঝুপড়িতে থাকেন। তিন মেয়ে ও দুই ছেলের মধ্যে কালাচান দ্বিতীয়। গত বৃহস্পতিবার সকালে বাসায় নাশতা না পেয়ে কালাচান তাঁর কাছ থেকে তিন টাকা নিয়ে বের হয় শিঙাড়া খাবে বলে। কিন্তু বাচ্চু, জাহাঙ্গীর ও জহিরুল নামের স্থানীয় তিন দুর্বৃত্ত মিষ্টি পানি বলে কালাচানকে মদ পান করায়। এতে কালাচান অচেতন হয়ে মাটিতে লুটিয়ে পড়ে।দীর্ঘশ্বাস ছেড়ে কালাচানের মা বলেন, প্রতিবেশীরা খবর দিলে তিনি ঘটনাস্থলে যান। বিষয়টি জানতে পেরে ছেলেকে তেঁতুল খাওয়ান। এতে কিছুটা সুস্থ হয় কালাচান। কিন্তু বাসায় আনার পর রাতে আবারও অসুস্থ হয়ে পড়ে শিশুটি। পরদিন শুক্রবার সকালে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। কর্তব্যরত চিকিৎসক তাকে বক্ষব্যাধি হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেন। দুপুরে বক্ষব্যাধি হাসপাতালে আনা হলে কালাচান সম্পূর্ণ অচেতন হয়ে পড়ে। চিকিৎসকের শেষ জবাব পেয়ে গত রোববার সন্ধ্যায় তাকে বাসায় নিয়ে আসা হয়। রাত দুইটায় সে মারা যায়। কোহিনূর আরও জানান, ঘটনার দিন বাচ্চু হেসে হেসে তাঁকে বলেছিল, ‘ভাবি, ওরা একটু খাওয়াইছে আর কি! একটু তেঁতুল খাওয়ান। ঠিক হইয়্যা যাইব।’ কোহিনূর বলেন, ‘তারা আমার ছেলেটাকে মদ খাইয়ে হত্যা করেছে। আমি ওদের শাস্তি চাই।’ তেজগাঁও শিল্পাঞ্চল থানার উপপরিদর্শক (এসআই) মনির হোসেন গতকাল বিকেলে প্রথম আলোকে বলেন, গত সোমবার সকালে কালাচানের লাশ দাফন করতে ট্রাকস্ট্যান্ডসংলগ্ন এলাকাবাসী টাকা তুলছিল। রহস্যজনক মনে হওয়ায় টহল পুলিশ বিষয়টি থানায় জানায়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার লাশ উদ্ধার করে এবং দুপুরের দিকে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। কিন্তু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক জানান, কালাচানের মা গত সোমবার বিকেলে থানায় এসে এ বিষয়ে অভিযোগ করেন। পরে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। তিনি আরও জানান, কালাচানের মা কোহিনূর বেগমের অভিযোগের ভিত্তিতে একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। ঘটনার তদন্ত করে পরে মামলা করা হবে। বাচ্চু ওই এলাকায় একটি মুদি দোকান চালায়। জাহাঙ্গীর ও জহিরুল ট্রাকচালক। সবাই পুরাতন ভাঙা গেট এলাকায় থাকে। তবে পুলিশ এখনো তাঁদের গ্রেপ্তার করতে পারেনি। কালাচানের বাবার নাম রাজ্জাক ভাণ্ডারি। তিনি কারওয়ানবাজারের ফুটপাতে দোকানদারি করেন।