মদনা টিয়া
আমাদের পরিচিত সবুজ টিয়ার চেয়ে সামান্য ছোট আকারের বাহারি রঙের পাখি মদনা টিয়া। ইংরেজি নাম রোজ ব্রেস্টেড প্যারাকিট, বৈজ্ঞানিক নাম Psittacula alexondri. ঠোঁটের ওপর কালো পালকের স্তর থাকায় পাখিটির আগের ইংরেজি নাম ছিল মোচটাচড প্যারাকিট, বাংলায় বলা যায় মছুয়া টিয়া।মদনা টিয়ার পিঠের ওপরের অংশ ঘাস সবুজ। লেজের দিকটা নীলচে সবুজ, একেবারে ডগায় হলদে। পুরুষ পাখির মাথা ও কানের কাছটা বাদামি লাল। গলার নিচে কালো, বুক থেকে পেটের উপরিভাগ লাল। তলপেট পান্না সবুজ, আরও নিচে হলদে সবুজ। ওপরের বাঁকানো ঠোঁট রক্তলাল, নিচের ঠোঁট বাদামি কালো। চোখ হলদেটে, পা ও আঙুল কালচে হলুদ। মেয়ে পাখির ঠোঁট কালো, মাথা নীলচে সবুজ, বুকের রং গোলাপি। অল্প বয়সীদেরও অনেকটা মেয়ে পাখির মতো দেখায়।মদনা টিয়া পাহাড়ি জঙ্গলের পাশের হালকা জঙ্গল, জুমচাষের এলাকা ও চা-বাগানের গাছে গর্ত করে বাসা বাঁধে। ফল, পুরু ফুল, ফুলরস, ফুলকুঁড়ি এদের স্বাভাবিক খাদ্য। তবে ফসল তোলার সময় কৃষিখেতে হামলা চালায়। ‘কিয়াক’ ডাক ছেড়ে ওড়াউড়ি করে। জানুয়ারি থেকে এপ্রিল মাস পর্যন্ত এদের মিলন ও বাচ্চা তোলার সময়। বাসা তৈরির সময় গাছের স্বাভাবিক গর্ত, নয়তো বসন্ত বাউরী, কাঠঠোকরাদের পরিত্যক্ত গর্তে বাসা করে তিন-চারটি সাদা ডিম পাড়ে। এদের ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের বনাঞ্চলের পাশের এলাকায় এখনো দেখা যায়।