‘ভেজাল প্রমাণে পাঁচ হাজার টাকা জরিমানা’ ঘোষণা দিয়ে দীর্ঘদিন ধরে ব্যবসা চালিয়ে এলেও ওই ঘোষণা মিথ্যা প্রমাণিত হওয়ায় আজ বুধবার ভ্রাম্যমাণ আদালত মধু ও ঘি বিক্রির এক প্রতিষ্ঠানকে ৮০ হাজার টাকা জরিমানা করেছেন। এ ছাড়া বিভিন্ন অভিযোগে আরেকটি প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করেন ওই আদালত।আদালত সূত্রে জানা যায়, ভ্রাম্যমাণ আদালত আজ রাজধানীর শান্তিনগর এলাকার মৌবন মার্কেটের খুলনা মধু ঘরে অভিযান চালান। প্রতিষ্ঠানটির অভ্যন্তরে লেখা আছে ‘ভেজাল প্রমাণে পাঁচ হাজার টাকা জরিমানা’। প্রতিষ্ঠানের পক্ষ থেকে এ ঘোষণা দেওয়া হলেও বিএসটিআইর অনুমোদন না নিয়ে মধু ও ঘি বিক্রি করায় ভ্রাম্যমাণ আদালত বিএসটিআই আইনে প্রতিষ্ঠানটিকে ৮০ হাজার টাকা জরিমানা করেন। একই সঙ্গে প্রতিষ্ঠানটির ২০ কেজি ওজনের ২০ ড্রাম মধু, ঘিসহ প্রতিষ্ঠানটি সিলগালা করেন আদালত।এ ব্যাপারে প্রতিষ্ঠানটির মালিক রফিকুল ইসলাম জানান, তিনি দীর্ঘ ২২ বছর ধরে এ ব্যবসা চালিয়ে আসছেন। প্রতিষ্ঠানটির মধু ও ঘি বিক্রিতে বিএসটিআইর অনুমোদন আছে, তবে তা খুঁজে পাওয়া যাচ্ছে না বলে তিনি আরও জানান।এর আগে ভ্রাম্যমাণ আদালত খিলগাঁওয়ের গোরান এলাকার এ কে ঘোষ আসল বাঘাবাড়ী গাওয়া ঘি কোম্পানিতে অভিযান চালান। প্রতিষ্ঠানটির কারখানা পাবনার ফরিদপুরের ঠিকানায় অনুমোদন (লাইসেন্স) নিয়ে ঢাকার ৩২১ গোরানের ঠিকানায় মালামাল প্যাকেটিং করায় প্রতিষ্ঠানটিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।বিএসটিআই পরিচালিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ঢাকা জেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট জসিম উদ্দিন। এ সময় বিএসটিআইর কয়েকজন কর্মকর্তা ও মহানগর দাঙ্গা পুলিশের একটি দল উপস্থিত ছিল।