মধুখালীতে পানির জন্য হাহাকার
এ বছর ফরিদপুরের মধুখালী উপজেলায় পাটের ব্যাপক চাষ হয়েছে। পাটের বাম্পার ফলনে চাষিরা দারুন খুশি হলেও পানির অভাবে পাট পচাতে না পারায় তাঁদের জন্য বিরাট সংকট হয়ে দাঁড়িয়েছে। শ্রাবণ মাসেও নদী-নালা ও খাল-বিলে পানি না থাকায় চাষিরা পড়েছেন বিপাকে। উপজেলা কৃষি কার্যালয় সূত্রে জানা গেছে, এ মৌসুমে উপজেলার নয়টি ইউনিয়নে পাট চাষের লক্ষ্যমাত্রা ছিল সাড়ে সাত হাজার হেক্টর। অথচ লক্ষ্যমাত্রা ছাড়িয়ে ১০ হাজার হেক্টর অর্থাৎ ২৪ হাজার ৭০০ একর জমিতে পাট চাষ হয়েছে। এলাকাবাসী সূত্রে জানা গেছে, পদ্মা নদীতে বেড়িবাঁধের কারণে এ অঞ্চলের চন্দনা, বারাশিয়া, কুমার, কালিগঙ্গা ও মধুমতী নদীতে বর্ষা মৌসুমেও পর্যাপ্ত পানি না হওয়ায় খাল-বিলে পানিপ্রবাহ নেই। চলতি মৌসুমে এ অঞ্চলে পর্যাপ্ত বৃষ্টি না হওয়ায় খাল-বিলের কোথায়ও পানি নেই। ভরা বর্ষা মৌসুমে খাল-বিলের অবস্থা চৈত্র-বৈশাখ মাসের মতো রয়েছে। ফলে পাটচাষিরা শুধু পানির অভাবে ক্ষেতের ফসল ঘরে তুলতে পারছেন না। উপজেলার মেছড়দিয়া গ্রামের পাটচাষি সামছু জোয়ার্দ্দার বলেন, ‘আমি এ বছর ৩৫ বিঘা জমিতে পাট চাষ করেছি। অথচ এখন পর্যন্ত এক বিঘা জমির পাটও পানির অভাবে কাটতে পারিনি। জমিতেই পাট শুকিয়ে যাচ্ছে। এত কষ্টের ফসল এভাবে নষ্ট হয়ে যাচ্ছে, তা দেখে সহ্য করা যায় না।’উপজেলার কামারখালী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান রাকিব হোসেন বলেন, ‘আমার ইউনিয়নের মাত্র ৪০ ভাগ কৃষক পাট জাগ দিতে পেরেছে, বাকি ৬০ ভাগ পানির অভাবে পাট কাটতে পারছে না। কামারখালীতে দুটি খাল আছে, তাতেও পানি নেই।’মধুখালী উপজেলার কৃষি কর্মকর্তা শংকর চন্দ্র ভৌমিক জানান, পাট জাগ দেওয়ার কিছুটা সমস্যা হচ্ছে। কৃষকদের জমি থেকে অনেক দূরে গিয়ে পুকুর বা জলাশয়ে পাট জাগ দিতে হচ্ছে। এ বছর থেকে পাট থেকে আঁশ ছাড়িয়ে নিয়ে শুধু আঁশ জাগ দেওয়ার জন্য ‘রিবন রেটিং’ পদ্ধতিতে পাট জাগ দেওয়া শুরু হয়েছে। অনেক কৃষক নতুন এ পদ্ধতি গ্রহণ করেছে। বৃষ্টি হলে পাট জাগ দেওয়ার সংকট অনেকটা লাঘব হবে।’